ফোনে মোদিকে হাসিনার আমন্ত্রণ
আমাদের ব্রাহ্মণবাড়িয়া May 18, 2014
অনলাইন ডেস্কঃ ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে মোদিকে তিনি বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলপ্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
মাহবুবুল হক শাকিল বলেন, ভারতের আগামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সরকার, জনগণ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সকাল নয়টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেন।
শাকিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন—বাংলাদেশ সব সময় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সমস্যা সমাধানে দুই দেশের সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।