বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আলেপ্পোয় ক্লোরিন গ্যাস ‘হামলা’

chlorine-01আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোর একটি উপশহরে সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৮০ জন আহত হয়েছে। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

অভিযোগে বলা হচ্ছে, আলেপ্পোর ওই উপশহরে সরকারি বাহিনী হেলিকপ্টার থেকে ক্লোরিন গ্যাসভর্তি ব্যারেলবোমা ফেলেছে। জরুরি উদ্ধারকর্মীদের ভাষ্য, সুকারি এলাকায় ওই হামলার পর সেখানকার লোকজন শ্বাসকষ্টে ভুগছে। ক্লোরিন গ্যাস হামলার অভিযোগের বিষয়টি নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি।

কথিত ক্লোরিন গ্যাস হামলার পর আলেপ্পোর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কয়েকজন সিরীয়। ছবি: এএফপিগত আগস্টে জাতিসংঘের নেতৃত্বাধীন তদন্তে দেখা যায়, অন্তত দুবার সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস হামলা চালিয়েছে। সিরিয়ার সরকার সব সময় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছে।

কথিত ক্লোরিন গ্যাস হামলার সবশেষ ঘটনা সম্পর্কে সিরিয়ান সিভিল ডিফেন্স নামের একটি স্বেচ্ছাসেবী জরুরি উদ্ধার দলের কর্মী ইব্রাহিম আলহাজের ভাষ্য, সরকারি বাহিনী একটি হেলিকপ্টার থেকে ব্যারেল ফেলার অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে যান তিনি। ব্যারেলে ক্লোরিন গ্যাসভর্তি চারটি সিলিন্ডার ছিল।

সরকারবিরোধীদের দখল করা এলাকায় কাজ করে সিরিয়ান সিভিল ডিফেন্স। এই ঘটনা নিয়ে তারা তাদের ফেসবুকে ভিডিও পোস্ট করেছে। এতে দেখা যায়, যন্ত্রণায় কাতর শিশুরা শ্বাস টানার জন্য অক্সিজেনের মাস্ক ব্যবহার করছে।

গোষ্ঠীটির অভিযোগ, গত আগস্টেও সরকারি বাহিনী ক্লোরিন গ্যাস হামলা চালিয়েছিল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের মিত্র রাশিয়ার অভিযোগ, আলেপ্পোয় সরকার-নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীরা শেল ছুড়েছে। ওই শেলে বিষাক্ত গ্যাস ছিল।

ক্লোরিন শিল্প-কারখানায় ব্যবহারের জন্য একটি সাধারণ রাসায়নিক। কিন্তু অস্ত্র হিসেবে এর ব্যবহার ‘রাসায়নিক অস্ত্র কনভেনশন’-এ নিষিদ্ধ করা হয়েছে। ক্লোরিনের বিষক্রিয়ায় সাধারণত চোখে জ্বালাপোড়া করে, চামড়া কুঁচকে যায়, শ্বাসকষ্ট হয় এবং মুখ থেকে রক্তাক্ত ফেনা বের হয়।