গ্রেপ্তার এসপির দায় নেবে না পুলিশ: সিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার দায় সম্পূর্ণ নিজের। এর দায় পুলিশ বাহিনীর ওপর বর্তাবে না।
সিএমপি কমিশনার জানান, শনিবার একটি রাষ্ট্রদ্রোহ মামলার এজাহার পাওয়ার পর প্রয়োজনীয় সরকারি অনুমোদন নিয়ে পাঁচলাইশ থানায় মামলা করা হয়। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই এসপি জাহাংগীরকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বর্তমানে জাহাংগীর সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট পরিচালনা করবে। আইন অনুযায়ী তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাসান মো. শওকত আলী বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছিলেন, এসপি জাহাংগীরের মোবাইল ফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে ডিসেম্বরের মধ্যে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে কিছু বার্তা পাওয়া গেছে। এসব বার্তায় জীবন বাজি রেখে মাঠে নামার কথাও উল্লেখ ছিল বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। পরে চট্টগ্রাম নগরের অফিসার্স মেস থেকে জাহাংগীরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন ওই কর্মকর্তা। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর