‘জয়বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত

news-image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করেছে কর্তৃপক্ষ। তাদের সবাইকে ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, রোববার পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। এর আগেই কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফলাফল জানতে পারে। ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় তারা ‘জয়বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।
প্রধান শিক্ষকের ভাষ্য, শিক্ষার্থীরা আগের সরকারের সময়ে পড়াশোনার চাপ কম ছিল এবং সহজে পরীক্ষায় পাস করা যেত—এমন ধারণা থেকে বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে থাকতে পারে।
তিনি আরও বলেন, স্লোগান দেওয়া ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান। শনাক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষের কার্যক্রম চলছে এবং সবাইকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।