কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল ১৯ বছরের তরুণের

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে।
রোববার (১৫ নভেম্বর) ভোরে বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত শুভ্র ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রামের মনির হোসেন ও মোর্শেদা আক্তার মিতার ছেলে। তিনি কড়াইল বস্তির টিঅ্যান্ডটি কলোনির স্যাটেলাইট গেট এলাকায় ভাড়া থাকতেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে সকাল ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বনানী থানার ডিউটি অফিসার এসআই আফরিন আখতারও অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে কয়েকটি বসতঘর ও একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর