‘সৌদির হজ ব্যবস্থাপনা ভেবে দেখা উচিত’
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি সরকার যেভাবে হজের ব্যবস্থাপনা পরিচালনা করছে, মুসলিম বিশ্বকে তা আবার ভেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার এক বিবৃতিতে হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি সরকারের কঠোর সমালোচনা করে তিনি এ কথা বলেন।চলতি বছর হজ শুরু হওয়ার আগ মুহূর্তে তিনি এ মন্তব্য করলেন।

সৌদির সমালোচনা করে খামেনি বলেন, ‘সৌদি শাসকরা, যারা আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং ইরানের গর্বিত ও বিশ্বস্ত হজযাত্রীদের প্রিয় কাবাঘর পরিদর্শনের পথ রুদ্ধ করেছে, তারা মানুষকে অপদস্থ ও বিপথগামী করছে।’
তিনি আরো বলেন, ‘সৌদি শাসকেরা মুসলিম বিশ্বের প্রতি যে অন্যায় করেছে তার দায়িত্ব গ্রহণ থেকে অবশ্যই মুসলিম বিশ্বের জনগণ তাদের পালিয়ে যেতে দেবে না।’
প্রতি বছর ধর্মপ্রাণ মুসলমানগণ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। আর হজ পালন করতে গিয়ে অনেকেই বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেন। তবে গত বছর পদদলিত হয়ে রেকর্ডসংখ্যক হজযাত্রী প্রাণ হারান। সবচেয়ে বেশি মারা যায় ইরানের নাগরিক। এই মৃত্যুর জন্য সৌদি ব্যবস্থাপনার অদক্ষতাকেই দায়ী করেছে তেহরান।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেসব সঙ্কট চলছে তাতে সৌদি আরব এবং ইরান মুখোমুখি অবস্থানে রয়েছে। গত বছর হজের ওই ঘটনায় যা আরও চরম আকার ধারণ করেছে। এছাড়া চলতি বছরের শুরুতে সৌদি আরব প্রখ্যাত শিয়া মুসলিম নেতা আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করলে দুই দেশ পরষ্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
মে মাসে হজ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ভেঙে যাওয়ার জেরে ইরানি মুসলমানরা চলতি বছর হজ করার অনুমতি পাননি। ইরানের দাবি, সৌদি কর্তৃপক্ষ ইরানের হজযাত্রীদের যথাযথ নিরাপত্তা ও সম্মান প্রদানে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, সৌদি বলছে, হজ সংক্রান্ত বিষয়ে ইরানের দাবি অগ্রহণযোগ্য।











