দিলমা রুসেফের সমর্থনে গণবিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক :ব্রাজিলের সম্প্রতি পদচ্যুত প্রেসিডেন্ট দিলমা রুসেফের সমর্থনে হাজার হাজার লোক রাজপথে নেমে এসেছে। রবিবার রাজপথে অবস্থান নিয়ে তারা মাইকেল তেমারের নতুন সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের অভিযোগ এনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ সমাবেশের আয়োজকরা জানান, প্রায় এক লাখ বিক্ষোভকারী ব্রাজিলের প্রধান কেন্দ্র পলিস্তা অ্যাভিনিউয়ে অবস্থান নিয়েছে। তাদের অনেকের হাতে ‘তেমার চলে যাও’ এবং ‘সরাসরি নির্বাচন এখন’ লেখা ব্যানার রয়েছে। বিক্ষোভকারীরা তেমারের ক্ষমতা গ্রহণকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে তাকে প্রত্যাখ্যান করে।
ব্রাজিলের জাতীয় বাজেটকে অবৈধভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর অভিযোগে বুধবার সিনেটের ভোটে রুসেফকে দোষী সাব্যস্ত করার মাধ্যমে বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত করা হয় ব্রাজিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট তেমারকে। তেমার বর্তমানে জি২০ সম্মেলনে যোগ দিতে চীনে রয়েছেন।
তেমার বলেন, ছোট ছোট গ্রুপ এ বিক্ষোভ করে। তার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়, বিক্ষোভকারীরা সংখ্যায় খুবই কম ছিল। তারা ৪০, ৫০ বা সর্বোচ্চ একশোজন ছিল। ব্রাজিলের ২০ কোটি ৪০ লাখ জনসংখ্যার তুলনায় এটি খুবই নগণ্য।
অন্যদিকে বিরোধীরা প্রেসিডেন্টের এ সংখ্যা নাকচ করে দিয়ে জানায়, সেখানে প্রায় এক লাখ লোক অংশ নেয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, সরকারবিরোধী সমাবেশ শান্তিপূর্ণভাবে শুরু হলেও শেষ দিকে সহিংসতা শুরু হয়, তখন পুলিশ কাঁদুনে গ্যাস, স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় বেশ কয়েকজন আহত হন।











