সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে : বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিলেন সরাইলের এমপি
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সারা দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদী তৎপরতা প্রতিরোধে সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সরাইলের এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। গতকাল দুপুরে সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এমপি বলেন, শান্তির ধর্ম ইসলাম কখনো সন্ত্রাসবাদ ও জীব হত্যাকে সমর্থন করে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে চলছে ঠিক তখনই রাষ্ট্রের উন্নয়নকে বাঁধাগ্রস্থ করার জন্য বিশেষ দলের ইশারায় দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আর এরাই পরিকল্পিত ভাবে একর পর এক মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে মেতে উঠেছে। এসব করে সরকারের উন্নয়ন বন্ধ করা যাবে না। ৩০ লাখ শহীদ ও আড়াই লক্ষাধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলার মাটিতে কোন সন্ত্রাসী ও জঙ্গীবাদীর স্থান নেই। ১৬ কোটি মানুষ এখন তাদেরকে রুখে দাঁড়াবে। এ কাজে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, নিয়মিত কলেজের হাজিরা নিশ্চিত কর। কারো প্ররোচনায় কান দিবা না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান, ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, শেখ মজলিশ ফুয়াদ, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোহাম্মদ মাহবুব খান বাবুল, প্রভাষক মানবর্দ্ধন পাল, মাওলানা মাঈনুল ইসলাম, আনিছুল ইসলাম ঠাকুর, এম এ মজিদ বক্স, আতাহার হোসেন বকুল, শিক্ষক রফিকুল ইসলাম মানিক ও ফজলুল হক মৃধা প্রমূখ। একই দিন সকাল ১০টায় সরাইল পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জঙ্গীবাদ বিরোধী সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। শিক্ষক এম এ মাজিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক আইয়ুব খান, সহকারি প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিষদের সদস্য শফিকুর রহমান, মাওলানা আমান উল্লাহ, শিক্ষার্থী নূর এ জান্নাত শশি, ফারজানা খানম মনি, খাতুন এ জান্নাত ও মুনা আক্তার জুঁই প্রমূখ। ইউএনও ৪ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন। ওদিকে দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় সহ উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ দুটিতে সন্ত্রাস জঙ্গীবাদ শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করনের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিমূলক সমাবেশ যথাযথ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
।











