এবার ব্রাহ্মণবাড়িয়ার অয়ন : পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা
রাজধানীর মোহাম্মদপুরে অয়ন (১১) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে মোহাম্মদপুর বেড়িবাঁধে মেঘনা অটো গ্যারেজে এ ঘটনা ঘটে। ওই গ্যারেজেরই দুই কর্মচারী শরিফ ও রাব্বি এ ঘটনা ঘটায়। গ্যারেজের মালিক মিন্টু মিয়া জানান, দুপুরে খাবার খাওয়ার জন্য আমি বাসায় চলে আসি। আমার গ্যারেজের অপর এক কর্মচারীর মাধ্যমে খবর পাই অয়ন অসুস্থ হয়ে পড়েছে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নেওয়া হয়। অয়ন ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আবেদ আলীর ছেলে। সে মোহাম্মদপুর কাটাসোরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশেই একটি বাসাতে থাকত। জরুরী বিভাগে আনার পর অয়ন নিজেই জানায়, জোর করে তাকে পায়ুপথে শরিফ ও রাব্বি বাতায় ঢুকিয়ে দেয়। ঢামেকে কর্তব্যরত চিকিৎসক হিমাদ্রী শিখর জানান, অয়নের অবস্থা গুরুতর। দ্রুত তার অপারেশন করতে হবে। তা না হলে শিশুটির প্রাণহানি হতে পারে। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।











