বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুয়ারেজে-মেসিতে উড়ন্ত সূচনা বার্সেলোনার

barcelonaস্পোর্টস ডেস্ক : এর চেয়ে বেশি আর কী চাইতে পারতেন লুইস এনরিকে?

লিগের প্রথম ম্যাচ। দলে নতুন কয়েকজন খেলোয়াড়। সব মিলিয়ে কিছুটা জড়তা কাজ করার শঙ্কা, হোঁচট খাওয়ার ভয়—অনেক কিছুই হয়তো ছিল বার্সেলোনা কোচের মনে। কিন্তু সবকিছুই কেমন ফুৎকারে উড়িয়ে দিলেন তাঁর খেলোয়াড়েরা। বিশেষ করে পুরোনো দুটি নাম, লুইস সুয়ারেজ ও লিওনেল মেসি। হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ, মেসি করেছেন জোড়া গোল। তাতে বার্সেলোনাও লিগের প্রথম ম্যাচে পেল উড়ন্ত সূচনা। ঘরের মাটিতে রিয়াল বেতিসকে হারিয়ে দিল ৬-২ গোলে।

গোলবন্যার সূচনা অবশ্য এ দুজনের পায়ে নয়। বার্সেলোনার প্রথম গোলটি করেছেন এ মৌসুমের শুরুতে নিজেকে নতুন করে চেনানো আরদা তুরান। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচগুলোতেও গোল পেয়েছেন তুরস্কের মিডফিল্ডার, ধারাটা ধরে রাখলেন আজও। ৬ মিনিটেই লিগ মৌসুমে বার্সাকে প্রথম গোলের স্বাদ এনে দিলেন।

তবে এগিয়ে থাকার সুবিধাটা বার্সেলোনা ধরে রাখতে পারল মাত্র ১৫ মিনিট। গঞ্জালো কাস্ত্রো গোল করে সমতায় ফেরান বেতিসকে। কে জানে, তখন হয়তো প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার শঙ্কা পেয়ে বসেছিল কি না ন্যু ক্যাম্পের সমর্থকদের? যদি ধরে থাকেও বা, সেটি কাটিয়ে দিলেন মেসি। এ ম্যাচে নেমেছিলেন অধিনায়কের আর্মব্যান্ড পরে, ম্যাচে খেলেছেনও যোগ্য অধিনায়কের মতো। আক্রমণ, গোলে শট, প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়া—অনেক দিন পর বেশ প্রাণবন্ত মেসিকে পাওয়া গেল মাঠে। গোলও পেলেন ৩৭ মিনিটে। এবং লিগে নিজের প্রথম গোলটি করলেন মনে রাখার মতো করেই, বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে। বেশ কজন ডিফেন্ডার সামনে থাকায় বেতিস গোলকিপার যে শটটি দেখতেই পেলেন না ঠিকমতো, ফেরাবেন আর কী!

মেসি গোল পেলেন, সুয়ারেজ আর বসে থাকেন কেন? গোলের খাতা খুললেন তিনিও। ডানদিক থেকে সার্জি রবার্তোর ক্রসটিকে দুর্দান্ত নৈপুণ্যে জালে পাঠিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার। বিরতির আগে এই তিন গোল, বিরতির পরও বার্সেলোনা গোল করল তিনটি। এবার শুরু হলো সুয়ারেজের পায়ে, মেসির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেছেন ‘বার্সা নাম্বার নাইন’। এই গোলের পর চোখের পলক ফেলতে না ফেলতেই আবারও গোল! এবার মেসি! এবং এটিও বক্সের বাইরে থেকে শটে।

প্রতিযোগিতাটা বলতে ম্যাচে যা ছিল, তখন আসলে সেটি দাঁড়িয়েছিল মেসি আর সুয়ারেজের মধ্যে। কে আগে করবেন হ্যাটট্রিক? তাতে জিতলেন সুয়ারেজই। বক্সের বাইরে থেকে টানা দুটি ফ্রি কিক পেয়েও কাজে লাগাতে পারেননি মেসি, ৮২ মিনিটে তৃতীয়টি নিতে তাই এগিয়ে এলেন সুয়ারেজ। প্রথম চেষ্টাতেই সাফল্য। দুর্দান্ত শটটি জড়িয়ে গেল জালে। ম্যাচের ছয় মিনিট বাকি থাকতে বেতিসের হয়ে দ্বিতীয় গোলটিও করেছেন গঞ্জালো কাস্ত্রো। তবে সেটি শুধু সান্ত্বনাই হয়ে রইল।