বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভিয়েতনাম যুদ্ধের ৫০ বছর, বিব্রত অস্ট্রেলিয়া

 

 

আন্তর্জাতিক ডেস্ক :রাজধানী হ্যানয়ে ভিয়েতনাম যুদ্ধের ৫০ বছর পূর্তিতে এক স্মরণ উৎসব করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে অস্ট্রেলিয়া। এই স্মরণ সভার জন্য বেশ কিছুদিন আগে থেকেই অস্ট্রেলিয়া ও ভিয়েতনামের যৌথ প্রস্তুতি চলছিলো। তবে বুধবার এই উৎসব বাতিল করা হয়।
ভিয়েতনাম কর্তৃপক্ষের তরফ থেকে যুদ্ধের ঘটনাস্থল লং তান এলাকাকে জনসাধারণের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়। এতে হাজারখানেক প্রবীণ অস্ট্রেলিয়ান যুদ্ধের স্মৃতিক্ষেত্রে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েন। কর্তৃপক্ষের দাবি, এই স্মরণ সভা নাগরিকদের অনুভূতিকে আহত করতে পারে। সে কারণেই অস্ট্রেলিয়া বিব্রত।

dedekkkkk_47244
পরে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুইয়ান জুয়ান ফুর কাছে এই স্মরণোৎসবে অংশ নিতে ইচ্ছুক প্রায় হাজারখানেক প্রবীণ অস্ট্রেলিয়ানকে লং তানে প্রবেশ করতে দেওয়ার অনুমতি প্রার্থনা করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। ভিয়েতনাম অন্যভাবে তাদের প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টার্নবুল বলেন, ‘গতরাতের আলোচনার পর আমি ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। শেষ পর্যন্ত তিনি ভিয়েতনাম সফররত আমাদের আগ্রহী নাগরিকদের সেখানে গিয়ে যুদ্ধে নিহতদের স্মরণ করে সম্মান জানানোর অনুমতি দিয়েছেন।’

তবে উৎসব বাতিল করা হলেও প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে ছোট ছোট দলে বিভক্ত হয়ে সেখানে লং তানে গয়ে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন ওই প্রবীণ অস্ট্রেলিয়ান নাগরিক ও অস্ট্রেলিয়ান কূটনীতিকরা।

এ প্রসঙ্গে ওই উৎসবে যোগ দিতে যাওয়া অস্ট্রেলিয়ান নাগরিক পিটার ওয়েলডে বলেন, ‘এটা সত্যিই দুঃখজনক! ভিয়েতনাম সরকার এমন ভাব করছে যেন তারা অপেক্ষাকৃত শান্তিপূর্ণভাবে মৃতদের সম্মান জানানোর ব্যবস্থা করেছে।’

এদিকে, হ্যানয়ের স্থানীয় সরকার সংবাদমাধ্যম রয়টার্সকে জানায়, এই বর্ষপূর্তি বিজয় উৎসবে পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা করছে প্রশাসন। এতে অস্ট্রেলিয়ান নাগরিকরা ঝুঁকির মুখে পড়তে পারেন। কেননা, ওই যুদ্ধে নিহতদের স্বজনদের অনেকেই বেঁচে আছেন এবং তারা আশেপাশেই থাকেন।

প্রসঙ্গত, ১৯৬২ থেকে ১৯৭২ চলমান ভিয়েতনাম যুদ্ধে ৬০ হাজারেরও বেশি অস্ট্রেলিয়ান অংশ নেন। দক্ষিণ ভিয়েতনামের পক্ষে লড়াই করতে গিয়ে সেখানে ৫ শতাধিক যোদ্ধা প্রাণ হারান।