ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় অাইসিটি শাখার উদ্বোধন
আমিরজাদাচৌধুর, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং জনসংযোগ (পিআর) শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ অাগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি থানার মধ্যে এই প্রথম সদর থানায় এ কার্যক্রম চালু করা হলো।
আইসিটি কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন-সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান প্রমুখ।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বর্তমানে পুলিশিং কার্যক্রমসহ পুরো সিকিউরিটি সিস্টেমটা প্রযু্ক্তি নির্ভর। এর সঙ্গে তাল মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাকে ডিজিটালাইজড করা হয়েছে। এখন থেকে মামলার এফআইআর, আসামি চালানের ফরোয়ার্ডিংসহ যাবতীয় কাজ ডিজিটালভাবে হবে। এতে মিথ্যা বলা কমে যাওয়ার পাশাপাশি মানুষের হয়রানিও কমবে।
এর আগে পুলিশ সুপার মো. মিজানুর রহমান থানার মূল ভবনের প্রবেশমুখে একাত্তরে পুলিশ বাহিনীতে কর্মরত অবস্থায় শহীদ হওয়া ব্রাহ্মণবাড়িয়ার দুই কৃতি সন্তান সেই সময়ের উপ-পরিদর্শক (এসআই) আলী আজম ভূঁইয়া ও কনস্টেবল জহির আলীর নাম লেখা ফলক উন্মোচন করেন। আলী আজম ভূঁইয়ার বাড়ি সদর উপজেলার চান্দি গ্রামে এবং জহির আলীর বাড়ি একই উপজেলার ছোটহরণ গ্রামে।











