ইনিয়েস্তার ইনজুরিতে উদ্বিগ্ন বার্সা
স্পোর্টস ডেস্ক :লা লিগা মৌসুম শুরুর আগেই নতুন ভাবনায় বার্সেলোনা কোচ লুইস এনরিক। স্প্যানিশ সুপার কাপের প্রথম রাউন্ডেই ইনজুরিতে পড়েছেন দলটির নির্ভরযোগ্য দুই খেলোয়াড়। সেভিয়ার বিপক্ষে সুপার কাপের ম্যাচে ২-০ ব্যবধানে জয় দিয়েই শুভসূচনা করেছে বার্সেলোনা।
তবে দল জিতলেও অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা এবং জার্মেই ম্যাথিউর ইনজুরি নিয়ে ভাবতে হচ্ছে বার্সা কোচকে।

নিজের ফিটনেস সমস্যার কারণে ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরো আসর মিস করেন ফরাসি ডিফেন্ডার ম্যাথিউ। সেই সমস্যা কাটিয়ে বার্সার হয়ে মাঠে নামলেও সেভিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর ২৭ মিনিটেই ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়েন তিনি। তার বদলি হিসেবে নামেন এবারই ক্যাম্প ন্যুতে যোগ দেওয়া লুকাস ডিগনি।
এর আগে ম্যাচের শুরুতে ডান হাঁটুতে চোট পেলে ইনিয়েস্তাকে নিয়ে ঝুঁকি নেননি কোচ লুইস এনরিক। ইনিয়েস্তা ও ম্যাথিউর ইনজুরি কতটা গুরুতর তার জন্য অপেক্ষা করতে হবে মেডিক্যাল পরীক্ষার ফলাফল পাওয়া পর্যন্ত।
ক্যাম্প ন্যুতে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী বুধবার। ওই ম্যাচে ইনিয়েস্তা ও ম্যাথিউ প্রস্তুত না থাকলে বিকল্প খেলোয়াড়ের কথা ভাবতে হবে বার্স কোচ এনরিকেকে।











