রিও অলিম্পিকে সাংবাদিক বহনকারী বাসে হামলা
স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পরও একের পর এক অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। ক’দিন আগেই সাইক্লিং ইভেন্ট দেখে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন পর্তূগালের এক মন্ত্রী। এবার ব্রাজিলের রিও দে জেনেইরোয় অলিম্পিক ভেন্যুতে সাংবাদিক বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা।
বৃটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানায়, বাসটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দিওদোরো হকি খেলার ভেন্যু থেকে প্রধান প্রেস সেন্টার বারাদা তিজুকার দিকে যাচ্ছিল। তখনই বাসটিকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুবৃর্ত্তরা। এতে বাসটির দুটি জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ২/৩ জন সামান্য আহত হলেও কারও অবস্থা অতটা গুরুতর নয় বলে জানা গেছে।
ওই বাসে মোট ১২জন বিদেশি সাংবাদিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।

যদিও ব্রাজিল সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে সেই বাসে থাকা আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি’র একজন ফটোগ্রাফার এ বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। ভিড ডেভিয়েস নামের ওই সংবাদকর্মী বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনলাম। সবাই আতঙ্কিত হয়ে যাই। নিজেদের বাঁচানোর চেষ্টা করি। চালক এক মিনিটের জন্য বাসটি থামিয়ে রেখেছিল। তখন পাশের লোকজন চিৎকার করছিল, ‘‘চলে যাও, চলে যাও’’ বলে। কয়েক মিনিট পর পুলিশ দেখতে পাই।’
এদিকে বাসটিকে লক্ষ্য করে কে বা কারা পাথর ছুঁড়েছে সে সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি স্থানীয় নিরাপত্তারক্ষী বাহিনী।
উল্লেখ্য, রিওতে এবারের আসরের সব মিলিয়ে ৮৫ হাজার নিরাপত্তারক্ষী নিয়োগ করেছে ব্রাজিল সরকার। সর্বোচ্চ নিরাপত্তা দিতে যেখানে পুলিশের পাশাপাশি রয়েছে সেনাবাহিনীও।











