অলিম্পিকের অদ্ভুত বিলুপ্ত কিছু ডিসিপ্লিন
স্পোর্টস ডেস্ক : একটু কল্পনা করুন তো, টিভি পর্দায় অলিম্পিক গেমস দেখতে বসেছেন। টিভি চালু হতেই স্ক্রিনে ভেসে উঠল দুই বন্দুকধারীর দ্বৈত লড়াই ‘ডুয়েট’ এর দৃশ্য। ভাবলেন ভুল করে কোন ওয়েস্টার্ন সিনেমার চ্যানেল ওপেন করলেন কিনা।অথবা দেখলেন পিস্তল হাতে কবুতর শিকারে ব্যস্ত এক অলিম্পিক প্রতিযোগী। এবার কী ভাববেন? ডিসকভারি দেখছেন? আধুনিক অলিম্পিকের শুরুর দিকটায় যদি উপরের ঘটনা ঘটত তাহলে অন্তত থতমত খাবার কোন সম্ভাবনাই ছিল না।

অলিম্পিকের ইতিহাস হাজারো বছরের হলেও হাল আমলে আমরা যে ‘আধুনিক’ অলিম্পিক গেমস দেখি তা কিন্তু খুব বেশি পুরনো নয়। ১৮৯৬ অলিম্পিককে ধরা হয় আধুনিক অলিম্পিকের প্রথম আসর।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পথচলা তখন কেবল শুরু হয়েছে। প্রাচীন এবং অসভ্য ঘরানার সব অলিম্পিক ইভেন্টকে দূরে ঠেলে সত্যিকারের আধুনিক অলিম্পিক প্রবর্তনের বিরাট চ্যালেঞ্জ তখন সেই কমিটির সামনে।
উপরের গল্পটা সেরকমকই দুটো ইভেন্টের। তাই বলে ভাববেন না শুধু এই দুটি অদ্ভুত ইভেন্টই প্রচলিত ছিল সেসময়। আধুনিক অলিম্পিক দেখেছে এরকম আরো অনেক ইভেন্ট যেগুলো সবই বর্তমানে বিলুপ্ত। চলুন দেখে আসি সেরকমই কিছু ইভেন্টের কথা।
১. রশি টানা :
দুই দলে মোট আটজন করে প্রতিযোগী। দুই দলের খেলোয়াড়দের হাতে শক্ত করে ধরা একটি রশির দুই প্রান্ত। সবাই মিলে কোনভাবে প্রতিপক্ষকে ছয়ফুট পরিমান নিজেদের দিকে টেনে আনতে পারলেই স্বর্ণ পদক আপনার দলের। এরকমই অদ্ভুত একটি ইভেন্ট প্রচলিত ছিল বিংশ শতাব্দীর শুরুর দিকের অলিম্পিক আসরগুলোতে। ১৯২০ সাল থেকে বিলুপ্ত হওয়া এই ইভেন্টে আবার একই দেশ থেকে একাধিক দল প্রতিনিধিত্ব করতে পারত। মজার ব্যপার, ১৯০৮ অলিম্পিকে তিনটি দল পাঠিয়ে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ তিনটি পদকই জিতে নেয় ব্রিটেন।
২. জীবন্ত কবুতর শিকার :
অলিম্পিকের সবচেয়ে পুরনো ইভেন্টগুলোর একটি শ্যুটিং। সাধারণত বৃত্তাকার বোর্ডে চিহ্নিত কিছু পয়েন্টে শ্যুট করতে বলা হয় প্রতিযোগীদের। কিন্তু ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে অদ্ভুত এক ইভেন্টের আয়োজন করে কর্তৃপক্ষ। যেখানে প্রতিযোগিদেরকে সদ্য অবমুক্ত করা উড়ন্ত কবুতর শিকার করতে বলা হয়। জানা যায় শেষ পর্যন্ত প্রায় ৩০০ কবুতর সেবারের অলিম্পিকের নিষ্ঠুরতার শিকার হয়। তবে তারপর থেকে আর কখনোই এই ইভেন্ট দেখা যায়নি।
৩. রশি আরোহন :
সাধারণত দড়াবাজিকর কিংবা কোন সার্কাস দলের সদস্যদেরকে দেখা যায় রশি নিয়ে নানান রকম কসরত করতে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি আধুনিক অলিম্পিকের চারটি আসর দেখেছে রশি বেয়ে উপরে উঠার মত হাস্যকর ইভেন্ট। তার থেকেও মজার ব্যপার ১৮৯৬ সালে প্রথমবার আয়োজিত এই ইভেন্টে ১৪ ফুট উচু দড়ি বেয়ে উঠতে পেরেছিলেন মাত্র দুজন। উপরে উঠতে ব্যর্থ হয়েও তাই তৃতীয় পদকটি লাভ করেন এক প্রতিযোগী। এরপর থেকে রশির দৈর্ঘ্য কমিয়ে মাত্র আট ফুটে নিয়ে আসা হয়।
৪. দ্বৈত পিস্তল লড়াই :
১৯০৮ সালের লন্ডন অলিম্পিকে প্রথম ও শেষবারের মত অনুষ্ঠিত হয় এই ইভেন্ট। ঠিক ওয়েস্টার্ন বুনো গল্পের মতই দুজন প্রতিযোগী ২০/৩০ গজ দূর থেকে একে অন্যের উপর গুলি ছুড়তেন। তবে আঁতকে উঠার কিছুই নেই, যথেষ্ট পরিমাণ সুরক্ষা ব্যবস্থা নিয়েই নামানো হয়েছিল প্রতিযোগিদের আর বুলেটও ছিল মোমের। পরবর্তীতে অলিম্পিকে এই খেলাটি আর না ফিরলেও আমেরিকায় এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
৫. স্কিজরিং :
স্কি-বোর্ডে দাঁড়ানো একজন খেলোয়াড় যেখানে তাকে বরফের উপর দিয়ে ২৫.১ কিলোমিটার ট্র্যাক টেনে নিয়ে যাবে একটি দ্রুতগামী ঘোড়া। সবচেয়ে দ্রুত যে সমাপ্তি রেখা ছুঁতে পারবে সেই জিতবে সোনা। এমনই ছিল স্কিজরিং এর নিয়ম। তবে এই খেলাটি আনুষ্ঠানিকভাবে অলিম্পিকে ঠাঁই করে নিতে পারেনি। ১৯৩২ অলিম্পিকে অনেকটা পরীক্ষামূলকভাবে এই ইভেন্ট চালু করা হয়। শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং কানাডা ব্যতীত আর কোন দেশ এতে আগ্রহ না দেখালে পরেরবার থেকে এই খেলাটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
৬. ডিসট্যান্স প্লানজিং ডাইভ :
ডাইভিং অলিম্পিকের সুন্দরতম ইভেন্টগুলোর একটি হলেও সম্ভবত আধুনিক অলিম্পিকের সবচেয়ে হাস্যকর ইভেন্ট গুলোর একটি ছিল এই ডিসট্যান্স প্লানজিং ডাইভ। নিয়ম ছিল ডাইভ করে পানিতে পড়ার পর হাত ও পা ঠিক একইভাবে স্থির রেখে পানিতে ডুবে থাকবে হবে। ডুবে থাকা অবস্থায় যে সবচেয়ে বেশি দুরত্ব অতিক্রম করবে সেই জিতবে সোনা। ব্যক্তিগত নৈপুণ্যের তেমন কোন ব্যবহার না থাকায় সাধারণত মোটা অ্যথলেটরা স্থুলতার কারণে প্রাকৃতিকভাবেই বেশিক্ষণ ডুবে থাকত। ফলে সোনার পদকও উঠত তাদেরই গলায়।
৭. ঘোড়ার দীর্ঘ লম্ফ :
সাধারণত ট্র্যাক অ্যান্ড ফিল্ডের তারকারা লং জাম্পে নিজেদের শক্তিমত্তার পরীক্ষায় অংশ নিলেও ১৯০০ সালের অলিম্পিকে সে সুযোগ হয়েছিল ঘোড়াদেরও। দর্শকপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হওয়ায় এরপর থেকে আর কখনোই এই ইভেন্টটি দেখা যায়নি আধুনিক অলিম্পিকে। তবে ৬.১০ মিটার লাফিয়ে স্বর্ণ জিতে ইতিহাসে ঠিকই ঠাঁই করে নেয় ‘এক্সট্রা ড্রাই’ নামের একটি ঘোড়া। অবাক করা বিষয় ঘোড়ার সর্বোচ্চ লাফের দুরত্ব ৬.১০ মিটার হলেও মানুষের বিশ্ব রেকর্ড কিন্তু ৮.৯৫ মিটার!











