বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকের প্রগাঢ় ভালবাসার বন্ধন ॥ আবুল হাসান স্যারের আহবানে ব্যতিক্রর্মী পূর্ণমিলন

282পিতা মাতা সন্তানদের জন্ম দেন,আর সেই সন্তানদের শিক্ষায় মানুষ হিসেবে গড়ে তুলেন শিক্ষক । একজন আদর্শবান শিক্ষক নিজ সন্তানদের চেয়ে জীবনের বেশী সময় কাটান ছাত্রদের সঙ্গে। ঘন্টার পর ঘন্টা সামনে শিক্ষার্থীদের বেঞ্চে বসিয়ে রেখে নিজে দাঁড়িয়ে অর্জিত মেধা প্রজ্ঞা জ্ঞান শিক্ষা বিলিয়ে দেন শিক্ষকরা। শিক্ষার্থীদের জন্য শিক্ষকের ভালবাসা কখনই শেষ হয়না। শেষ জীবনে এসে ছাত্রদের কাছে পেলে শিক্ষকরা যে কত খুশী হন তা লিখে বলে বুঝানো যাবে না।
প্রত্যেক শিক্ষার্থীর জন্যই শিক্ষকরা অম্লান অধ্যায়। শিক্ষার্থীর বয়স যতই হউক শিক্ষকের কাছে এলে নতজানু হতেই হবে। শিক্ষক শিক্ষার্থীর মাঝে প্রগাঢ় যে শ্রদ্ধা ¯েœহের প্রেম বন্ধন তা কখনই অম্লান হয়না। ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৭ জুলাই ২০১৬ বুধবার এক পূর্ণমিলনী অনুষ্ঠান সেই দৃষ্টান্তকেই উদ্ভাসিত করেছে ।
ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আবুল হাসান। ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ। দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়ায় ছিলেন, থাকতেন কাজীপাড়ায়, এখন ঢাকায়। সকলের কাছেই পরিচিত ব্যক্তিত্ব। ৮০ দশকের শেষ দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজে অধ্যয়নের সময় আবুল হাসান স্যারের সান্নিধ্য পেয়েছি আমি। ছাত্র জীবন থেকে শুরু করে এ পর্যন্ত স্যারের ভালবাসার বন্ধন দিন দিন প্রগাঢ় হয়েছে । স্যার কখনই উচ্চ কণ্ঠে কথা বলেন না। চলায় বলায় গলায় ভিন্ন রকম আকর্ষণ। ব্যতিক্রমী এক স্টাইল স্যারের বচনে। শাসনেও রসাল বচন। ভুল ভ্রান্তি হলে স্যার মিষ্টি হেসে যা বলতো তাতেই চলতো। ভালবাসায় মিষ্ট ভাসী। এইতো স্যার কয়েক দিন আগে ফোন করলেন। কি করছি জানতে চেয়ে বল্লেন, “তোমরাতো সকালের সূর্য না দেখে ঘুমাও না, তাই একটু বেলা করেই ফোন দিলাম, সাংবাদিক তোমরা ব্যতিব্যস্ত থাকো, প্রতিটি মূহুর্ত তোমাদের মূল্যবান,ব্যতিব্যস্ততার মাঝে স্যারের জন্য কি একটু সময় দেয়া যাবে”। উত্তরের ভাষা নেই । বল্লাম,স্যার বলুন কি করতে হবে।স্যার বল্লেন, “কাছ থেকে তোমার সুন্দর কন্ঠ শুনি না অনেকদিন, সবাই তোমার কন্ঠের প্রসংশা করে, আমিও করি, ভাবছি সবাই একদিন একত্রিত হবো। আগামী বুধবার সন্ধ্যায় মৌলভীপাড়ার রেষ্টুরেন্টে, ব্যস্ত সাংবাদিক তুমি ভুলে যেতে পার, সময় তারিখটা লিখে রাখ। এক সঙ্গে খাব, আসতেই হবে।” স্যার দূর থেকে টেলিফোনে বলছেন আর আমি এ প্রান্তে লজ্ঝায় যেন লাল হয়ে গেছি, জ্বী স্যার- জ্বী স্যার, ছাড়া আর কোন শব্দ নেই আমার।
স্যারের ধারনাটাই ঠিক হলো, স্যারের কথামতো দিন তারিখ না লিখে রাখায় বুধবারের অনুষ্ঠান বৃহস্পতিবার ভেবে অন্য একটি অনুষ্ঠানে চলে গেছি। হঠাৎ সাংবাদিক আশিক ভাইয়ের ফোন বেজে উঠতেই স্যারের কথা মনে হলো দ্রুত রেস্টুরেন্টে ঢুকে দেখি স্যারের ছাত্রদের ভীড়,স্যার ব্যতিব্যস্ত আপ্যায়নে। প্রায় দুশ ছাত্র একত্রিত হয়েছে এ রেষ্টুরেন্টটিতে। স্কুল কলেজের অধ্যক্ষ, শিক্ষক,শীর্ষ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিক ,লেখক কবি, বুদ্ধিজীবি,চাকুরীজীবি, আইনজীবি ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নানা বয়সীদের মেলা জমেছে। স্যারের ছাত্রদের মহামিলন। বসার সীটে সবারই নাম লিখা। উপস্থিতি শতভাগ। এখনতো শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে নানা কৌশল চলছে, কিন্তু হাসান স্যারের আহবানে নির্দেশে শতভাগ উপস্থিতি দেখে, মন থেকে শব্দ উচ্চারিত হলো, স্যার বলে কথা। আমন্ত্রিতরা একে অপরের কুশলাদী বিনিময় করছেন, কেউ কেউ রাজনীতির মাঠে বিপরীত মেরুতে এখানে বসেছেন পাশাপাশি, প্রাণ খুলে হচ্ছে হাসাহাসি, জমানো নানা কথা হচ্ছে অনেকদিন পর। কর্মকর্তা কর্মচারী ভেদাভেদ নেই পাশাপাশি আসন,সরব সবাই সম্প্রীতির বন্ধনে ব্যতিক্রম সন্ধ্যায় এই মাহেন্দ্রক্ষণে। স্যার প্রতি আসনে ঘুরে জনে জনে খুশী মনে কুশলাদী জিজ্ঞেস করছেন। স্যারের চোখে মুখে অন্যরকম সুখানূভ’তি। উপলক্ষ কি ? সকলেই জানতে চাইছে, স্যারের শর্ট উত্তর “সুযোগ পেয়েছি তাই এক সঙ্গে মিলেছি।”
অভিজাত রেস্টুরেন্ট খাবারের ম্যানুও অভিজাত, পরম তৃপ্তিতে ভ’ড়িভোজন হচ্ছে সবার। নানা বয়সীদের মেলা, কেউ কেউ বলছেন স্যার বলেছেন তাই আসতেই হবে, খেতেই হবে, কেউ কেউ ইনসুলিন পুশ করে মহাভোজে শরীক হয়েছে।
কেন এই আয়োজন প্রশ্ন বারবার উৎসুকদের । স্যার বলছেন “এই তো অনেক দিন দেখা হয়না এক সঙ্গে দেখলাম খেলাম এই আরকি। এছাড়া আর কিছু না।” খাবারের শেষ দিকে জনে জনে হাতে হাতে পৌছে যাচ্ছে গিফট । সুন্দর করে রঙ্গিন কাগজে প্যাকেট করা, প্রত্যেকের নাম লিখা। সবাই মহাখুশী এই মহা মিলনে।
স্যারের বয়স হয়েছে, স্ত্রী অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হাসপাতালে, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া এসে কোন ক্লান্তি দেখলাম না। চোখে মুখে আনন্দের ঝিলিক। অনুষ্ঠানটি থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না, জীবনে নানা রকম অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি কিন্তু ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানটিতে এসে যে সুখ পেয়েছি তা ভুলবো না। খাবার বিদায় নিতে গিয়ে সেই ছাত্র জীবনের মতোই স্যারের পায়ে হাত রেখে সালাম করে বল্লাম,স্যার আসি দোয়া করবেন। স্যার বল্লেন “তোমাদের জন্য দোয়ার ভান্ডার মেলে রাখি সব সময়। তোমরা আমার জন্য দোয়া করো, ভাল থেকো।”
ফেরার পথে ভাবছি, শিক্ষক সবসময়ই শিক্ষক, জীবনের শেষ প্রান্তে এসেও শিক্ষাই দেন। শ্রদ্ধেয় আবুল হাসান স্যার একে অপরের সঙ্গে সম্প্রীতর বন্ধন সুদৃঢ় করার, একে অপরকে কাছে রাখার,পাশে রাখার, মনে রাখার যে শিক্ষা দিয়ে দিলেন তা ব্যতিক্রমী এবং প্রয়োজন আমাদের সবার ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে। আল্লাহ পাকের কাছে পুরো মন দিয়ে স্যারের দীর্ঘায়ূ, স্যারের স্ত্রীর সুস্থতা, সকলের সুখ সমৃদ্ধি কামনা করলাম। আমাদের এখনকার শিক্ষকরা যেন আবুল হাসান স্যারের মতোই , ছাত্র শিক্ষকদের প্রেমবন্ধন যেন এমন হয় এই প্রার্থনাও করেছি।
লেখক: সিনিয়র সহ সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, সম্পাদক নতুন মাত্রা।