ব্রাহ্মণবাড়িয়া বিজয় নগরে এক হিন্দু পরিবারকে একঘোরে করে রেখেছি তার সমাজ
আমিরজাদা চৌধুরী : মন্দিরের জন্য পৈতৃক ৬ শতাংশ জমি লিখে না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামে একটি পরিবারকে একঘরে করে রেখেছে হিন্দু সমাজ। গতকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে পুলিশ সুপার (এসপি) বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। এসপি ঘটনা তদন্তের জন্য সহকারী পুলিশ সুপারকে (সদর সার্কেল) নির্দেশ দিয়েছেন।
চান্দুরা গ্রামের নিহার রঞ্জন চৌধুরী বলেন, ‘অমর দাসের মা মারা গেলে শ্মশানে নেওয়ার জন্য তাঁদের সম্প্রদায়ের লোকজন আসেনি। আমি দুই ছেলেকে নিয়ে এগিয়ে যাই। এখন আমাকেও নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। গতকাল সোমবারের শ্রাদ্ধানুষ্ঠানেও দাসরা যায়নি।’ অভিযুক্ত হীরালাল দাস বলেন, ‘অমরের দাদা মন্দিরের নামে জমি দান করেছেন। এখন অমর সেটা অস্বীকার করে। এ নিয়ে বিরোধ রয়েছে। এলাকার লোকজনই এটা ভালো করে বলতে পারবে।’ সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বাদল সাহা বলেন, ‘কাউকে একঘরে করা হয়নি। একজনকে আরেকজনের ভালো না লাগলে তার আমন্ত্রণে নাও যেতে পারে। মন্দিরের জায়গা নিয়ে বিরোধের কারণে অমরের পরিবারের সঙ্গে হয়তো লোকজনের যোগাযোগ নেই। এ নিয়ে পুলিশ ও সাংবাদিকের কাছে অভিযোগ করলেই বা কি হবে?’
ভুক্তভোগী অমর চন্দ্র দাস বলেন, ‘দাদা জমি লিখে দিয়েছেন বলে একটি দলিল তারা সৃষ্টি করেছে। কিন্তু রেকর্ডপত্রে এখনো দাদার নাম আছে। এখন তারা চাইছে এটা যেন আমি লিখে দিই। কিন্তু এ সম্পত্তি লিখে দিলে আমি ক্ষতিগ্রস্ত হব। এ নিয়ে একঘরে ও সমাজচ্যুত করায় মানবেতর জীবন যাপন করছি।’











