মামলা-মামলায় নির্বাচনে বিরোধীতার প্রতিশোধ,অস্থির আশুগঞ্জ
আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া: তিন মাস ধরে জেলে মো: তুষার মিয়া(৩০)। সোহাগপুর গ্রামের সাজিদ মিয়ার ছেলে এই তুষারকেই গত ৫ ই জুন দায়ের করা একটি মামলার আসামী করা হয়েছে। আরেকটি মামলার আসামী মহরম(৩৫) গ্রেফতার হয়েছে ৫ ই জুন। কিন্তু ১৪ ই জুন দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় মহরমের বিরুদ্ধে দোকানের ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ আনা হয়েছে। মহরম এই মামলার ১৮ নম্বর আসামী । ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্বাচনী বিরোধে প্রতিপক্ষকে শায়েস্তা করতে এভাবেই ইচ্ছেমতো আসামী করে দেয়া হচ্ছে মামলা। আর থানা একতরফা সেসব মামলা গ্রহন করে হয়রানী করছে বলেই অভিযোগ উঠেছে। রোজার এই সময়ে পুলিশের গ্রেফতার আতঙ্কে ধর্মকর্মও করতে পারছেননা সোহাগপুর গ্রামের মানুষ। অন্যপক্ষের মামলা নেয়নি থানা। আদালতে মামলা দিলেও পুলিশ ঐ মামলার আসামীদের ধরছেনা। বরং আসামীদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দারোগারা। তাদেরকে নিয়েই তদন্তে যাচ্ছেন। আর এতে অস্থির হয়ে উঠেছে সোহাগপুর গ্রাম। ঐ গ্রামের বাসিন্দা বন্দর বাজারের দেড়-দুশো ব্যবসায়ী গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাক বা না থাক ঢালাও ভাবে এই ব্যবসায়ীদের আসামী করে মামলা দেয়া হচ্ছে। এপর্যন্ত দু-পক্ষে মামলা হয়েছে ৪ টি। আর পুলিশ বাদী হয়ে মামলা দিয়েছে আরো একটি। সব মিলিয়ে এসব মামলায় আসামী সাড়ে ৩’শ জন।
সোহাগপুর গ্রামের আবিরপাড়ার সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে ঐগ্রামের অন্যান্য গোষ্টির। সদ্য সমাপ্ত আশুগঞ্জ সদর ইউপি নির্বাচনে বাজারে বসবাসকারী সোহাগপুর গ্রামের নেতৃস্থানীয় লোকজন সমর্থন দেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলামকে। দলমত নির্বিশেষে ঐ গ্রামের প্রায় সবাই তার নির্বাচন করেন। অন্যদিকে সোহাগপুর গ্রামের আবিরপাড়ার বিএনপি দলীয় লোকজন করে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচন। ভোটের দিন (৪ ঠা জুন) আশুগঞ্জ পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলকে কেন্দ্র করে আবিরপাড়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বাজারের দোকানপাটে হামলা চালানো হয়। সরজমিন ঐ গ্রামে গেলে অনেকেই জানান-আবিরপাড়ার লোকজন ২ বছর আগে সন্ত্রাসী কর্মকান্ডের জন্যে বাজার থেকে বিতাড়িত হন। ৬ দিন তারা বাজারে উঠতে পারেননি। আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচন করার সুযোগে এখন তারা পুরনো বিরোধের বদলা নিচ্ছেন। দিচ্ছেন একের পর এক মামলা। আর তাতে বিজয়ী আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান মো: সালাউদ্দিন সহায়তা করছেন বলে তাদের অভিযোগ । আর এসব মামলায় সোহাগপুর গ্রামের নেতৃস্থানীয় সবাইকে আসামী করা হচ্ছে। নির্বাচনের স্বতন্ত্র প্রতিদ্বন্ধিতাকারী মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কমান্ডারসহ তাকে সমর্থনকারী সবাই আসামী হয়েছেন । উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলমের ছোট ভাই আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ আলম,ভাইপো রাব্বীকে করা হয়েছে বি¯েফারক আইনে দায়ের করা মামলার আসামী। নির্বাচনের পরদিন ৫ই জুন আশুগঞ্জ পূর্ব বাজার সোনালী ব্যাংকের উত্তরপার্শ্বের শ্যামল মিয়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্রসস্ত্র ও ১১ টি বোমা উদ্ধারের ঘটনায় পরদিন সাব ইন্সপেক্টর মো: আইয়ুব আলী বাদী হয়ে ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ ১৪ জনকে ঐ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। স্বতন্ত্র প্রার্থী নূরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ ঘটনা সাজানো বলে জানান।
তিনি বলেন- ঐ বাড়ি থেকে যাদের ধরে নিয়ে গেছে পুলিশ তাদের সবাই নিরীহ। তারা জীবনে অস্ত্র বা বোমা দেখেছে বলে বিশ্বাস হয়না। বোমা ও অস্ত্র রাখার সঙ্গে জড়িত বাবুল মিয়ার কর্মচারী কাপ্তান মিয়াকে পুলিশ সেখান থেকে গ্রেফতার করলেও পরে ছেড়ে দেয়। শ্যামল মিয়ার বাড়ির সিঁড়ির নিচে পরিকল্পিতভাবে পেট্রোল বোমা ও অস্ত্রসস্ত্র রাখা হয় ফাসানোর জন্যে। তিনি আরো বলেন অস্ত্রসস্ত্র নিয়ে,বোমা ফাটিয়ে কেন্দ্র দখল করে বিজয় কেড়ে নেয়ার পর ঐদিন বিকেলে বিজয় মিছিলের নামে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তারা হামলা করে। এসময় ২০/২৫ টি দোকান ভাঙ্গচুর করা হয়। আওয়ামীলীগ প্রার্থী সালাউদ্দিনের সমর্থক সোহাগপুর গ্রামের বাবুল মিয়া এই হামলার নেতৃত্ব দেন। এ হামলায় তাদের পক্ষের ২০ জন লোক আহত হয়। কিন্তু উল্টো তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে। পুলিশের দায়ের করা মামলা ছাড়াও সোহাগপুর গ্রামের ইলিয়াছ মিয়া বাদী হয়ে ৫ ই জুন ৩৯ জনের বিরুদ্ধে একটি মামলা দেন। এই মামলায় অজ্ঞাত আসামী করা হয় আরো ২৫/৩০ জনকে। এতে অভিযোগ করা হয় পূর্ব বিরোধে বাদী ও এই মামলার স্বাক্ষীদের ওপর হামলা চালানো হয়। এই মামলারই ৩১ নম্বর আসামী মো: তুষার মিয়া(৩০) আরো ৩ মাস আগে অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছেন। ১৪ ই জুন সোহাগপুর গ্রামের মো: খলিলুর রহমান তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স আবির ট্রেডার্সে হামলার অভিযোগে ২০ জনকে এজাহারনামীয় এবং ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা দেন। এই মামলায় ব্যবসায়ী জহিরুল হক জারু মিয়া,নির্বাচনে স্বতন্ত্র প্রতিদ্বন্ধিতাকারী নূরুল ইসলাম,ব্যবসায়ী সাদেক মিয়া,নাজমুল হোসেন হামদু,মো: আলাল শাহকে আসামী করা হয়। খলিলুর রহমানের দায়ের করা এই মামলায় আসামী করা হয় ৫ ই জুন গ্রেফতার হওয়া মহরমকেও। এজাহারে মহরম ক্যাশ বাক্স থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করা হয়। অপরদিকে সোহাগপুর গ্রামের আজিজ মিয়া ১০১ জনের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আসামী করা হয় আরো ৪০/৪৫ জনকে। মামলার এজাহারে আজিজ তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাঙ্গচুর ও লুটপাটের অভিযোগ করেন। ফারুক মিয়াকে প্রধান আসামী করা হয় এই মামলায়। উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারন সম্পাদক মো: খাইরুল কবির সাইমন ৩২ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে আরেকটি মামলা দেন। অজ্ঞাত আসামী করা হয় ২০/২৫ জনকে। এই দুটি মামলাই করা হয় আদালতে। অভিযোগ এই দুটি মামলার আসামীদের কাউকে গ্রেফতার করছেনা পুলিশ। বরং আসামীদের নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আইয়ুব আলী,ইদ্রিস মিয়া ও নজরুল ইসলাম মামলা তদন্ত করছেন। মহিউদ্দিন মোল্লা,এমরান মোল্লা,শরীফ,ফারুক,জাবেদ,মিজান খান,মাসুদ,সালাউদ্দিন(সালু) এই আসামীদের তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে ঘুরে বেড়াতে দেখেছেন গ্রামের অনেকেই। মামলা নির্যাতনের শিকার সোহাগপুর গ্রামের লোকজন বলেন- আবিরপাড়ার অধিকাংশ লোকজনই বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত। তাদের ভোট কেন্দ্র সোহাগপুর দক্ষিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোন নির্বাচনেই আওয়ামীলীগ প্রার্থী জয় পায়না। উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মিজান খান,য্্ুবদল সাধারন সম্পাদক মোর্শেদ খান,যুবদলের সাবেক সদস্য সচিব শ্যামল খান,বিএনপি নেতা ফারুক মিয়া,কাউসার,পারভেজ খান,খলিল ও জব্বার মোল্লার বাড়ি আবিরপাড়ায়। প্রথম দফায় অনুষ্ঠিত দূর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র প্রার্থী হন মিজান খান। তখন আমিরপাড়ার অধিকাংশ লোকই ধানের শীষের নির্বাচন করেন। পরে তারাই আবার সদর ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর নির্বাচন করেন। এই সুযোগে আওয়ামীলীগের কিছু নেতাকর্মীদের সঙ্গে মিশে মামলা দিয়ে এখন গ্রামের ত্যাগী আওয়ামীলীগ নেতাকর্মীরা হয়রানীর করছে তারা।
এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মো: সেলিম উদ্দিন বলেন ভোটের দিন দু-পক্ষ মুখোমুখি হয়। একপক্ষ আরেকপক্ষকে মারধোর করে। ভাঙ্গচুর করে। এসব ঘটনায় মামলা হয়। যেগুলো এখন তদন্তাধীন আছে। মামলা কোর্টে করলো,আর থানায় করলো একই কথা। যারা মামলার আসামী তাদেরকেই ধরছে পুলিশ। ব্যবসায়ী যদি আসামী হয় তাহলে সে ব্যবসা করবে কিভাবে।
আমিরজাদা চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়া
২০.০৬.১৬











