এএপিকে ‘অরবিন্দ অ্যাডভার্টাইজমেন্ট পার্টি’ বলল কংগ্রেস
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে (এএপি) অরবিন্দ কেজরিওয়ালের বিজ্ঞাপনসর্বস্ব দল বলে মন্তব্য করেছেন কংগ্রেসের মুখপাত্র শোভা ওঝা।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের (এইচটি) আজ মঙ্গলবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এইচটির প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে এএপি ভারতের বিভিন্ন গণমাধ্যমে ১৪ কোটি ৫০ লাখ রুপি বা ১৭ কোটি ৪০ লাখ টাকার বিজ্ঞাপন দিয়েছে।
এ বিষয়ে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কংগ্রেস মুখপাত্র শোভা ওঝা বলেন, দিল্লির ক্ষমতাসীন এএপি সরকার ভারতের সংবাদপত্রে দৈনিক ১৬ লাখ রুপি শুধু বিজ্ঞাপনে খরচ করছে।
শোভা ওঝা বলেন, ‘এসব তথ্য থেকে বোঝা যায়, এএপি অরবিন্দের বিজ্ঞাপনসর্বস্ব দল ছাড়া কিছুই না।’
‘তবে টিভি, রেডিওর বিজ্ঞাপন ও প্রচার মঞ্চ বানাতে কত খরচ হয়, তার তথ্য দেয়নি এএপি। সেটা জানারও অধিকার জনগণের আছে।’
কংগ্রেস মুখপাত্র বলেন, ‘আমাদের হিসাবমতে, তিন মাসে সব ধরনের বিজ্ঞাপনে কেজরিওয়াল গড়ে ১০০ কোটি রুটি খরচ করেছেন।’
দিল্লির জনগণের করের টাকা কেজরিওয়াল নিজের প্রচার ও ভুল বিজ্ঞাপন দিয়ে নষ্ট করছেন বলে অভিযোগ করেন শোভা। এ খরচকে ‘অমার্জনীয় অপব্যবহার’ বলে মন্তব্য করেন তিনি।











