সকালে উঠে পান করুন এক গ্লাস গরম পানি
স্বাস্থ্য ডেস্ক : পানি পানের প্রয়োজনীয়তা আর উপকারিতার কথা তো সবাই-ই জানে। দৈনিক অন্তত আট গ্লাস পানি পান করাটাকে চিকিৎসকেরা আমাদের শরীরের সুস্থতার জন্যে অত্যন্ত দরকারী বলে মনে করে থাকেন। তবে কম-বেশি আট গ্লাস পানি পান করলেও অনেক সময়, বিশেষ করে গরমকালে, খানিকটা গরম পানি পান করাটাকে খুব সচেতনভাবেই এড়িয়ে চলে সবাই। এর বদলে বেছে নেয় বরফ কুচি মেশানো ঠান্ডা শীতল পানিকে। কিন্তু আপনি কি জানেন যে, খানিকটা কষ্টকর হলেও এই গরমে এক গ্লাস গরম পানি আপনার শরীরকে দিতে পারে অনেকটুকু সুফল? চলুন জেনে আসি গরম পানি পানের চমৎকার এই ইতিবাচক দিকগুলো।
১. ওজন কমাতে সাহায্য করে:-
শরীরের বাড়তি ওজন কমাতে গরম পানি বেশ কাজের। এটি খুব সহজেই আপনার শরীরের জমানো চর্বিকে গলতে সাহায্য করবে। তাই প্রতিদিন সকালেই এক গ্লাস গরম পানি পান করুন। এসময় ইষদুষ্ণ এই পানিতে মিশিয়ে নিন খানিকটা লেবুর রসও। ব্যস! দেখবেন খুব দ্রুতই আপনার বাড়তি মেদকে কতটা চমৎকারভাবে কাটাতে সাহায্য করে এই দ্রবণটি।
২. ঠান্ডা ও ব্যথার উপশমে কাজ করে:-
সর্দি লেগেছে কিংবা মাথাব্যথা? ঠান্ডাজনিত যেকোন সমস্যায় এক গ্লাস গরম পানি আপনাকে দিতে পারে অসম্ভব ভালো ফলাফল। কেবল তাই নয়, নানারকম পেটের ব্যথায়, বিশেষ করে নিছের অংশের পেশীকে সহজ করে দিয়ে নারীদের পিরিয়ডের প্রচন্ড ব্যথাকে সহনীয় পর্যায়ে আনতে সাহায্য করে ইষদুষ্ণ এক গ্লাস পানি।
৩. শরীরের বিষাক্ততাকে দূর করে:-
আমাদের শরীরে প্রতিদিন মৃত কোষের পরিমাণ বাড়ে, শরীরের ভেতরে নানারকম বিষাক্ত পদার্থ জমা হয়। আর এসবকে ঝেটিয়ে বিদায় করতে এক গ্লাস গরম পানি অপ্রত্যাশিতভাবে সাহায্য করবে আপনাকে। গরম পানি পান করলে আপনার শরীর গরম হবে ও তাতে ঘামের জন্ম হবে। আর এই ঘামের মাধ্যমেই নিজের যত বিষাক্ত পদার্থ সেটা বাইরে বের করে দেবে শরীর।
৪. ত্বকের সুস্থতা নিশ্চিত করে:-
গরম পানি পান যেহেতু শরীরের সব কোষ থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে, ফলে সহজেই এর মাধ্যমে আপনি মুক্তি পেতে পারেন প্রচন্ড ঝামেলাময় ও বিরক্তিকর পিম্পলের হাত থেকে। এছাড়াও গরম পানি ত্বকের নষ্ট হয়ে যাওয়া লাবণ্যকেও ফিরিয়ে আনতে সাহায্য করে।
৫. চুল ও মাথার ত্বককে সুস্থ রাখে:-
গরম পানি পান চুলের কোষগুলোকে তাজা রাখে, চুলের গোড়াকে অনেক বেশি শক্তিশালী করে তুলে চুলকে কোমল ও পরিমাণে অনেকটা বেশি হয়ে উঠতে সাহায্য করে। এছাড়াও এর মাধ্যমে চুলের বৃদ্ধিকেও ত্বরান্বিত করতে পারে যে কেউ সহজেই।











