নাসিরনগরের ঢেউ ব্রাহ্মণবাড়িয়ায়
আগুনের সূত্রপাত হয়েছিল নাসিরনগরে। সেখানখার ক্ষীণ আগুন দাউদাউ করেই জ্বলে উঠে ব্রাহ্মণবাড়িয়া শহরে। অবশ্য নাসিরনগরের ঘটনা মিটেও গিয়েছিল। জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগের নেতা আর মাদরাসা শিক্ষকদের বৈঠকে একটা ফয়সালা হয়েছিল। কিন্তু বাড় বাড়ে আরেক ঘটনায়। জেলা পরিষদ মার্কেটের দোকানির সঙ্গে মাদরাসা ছাত্রের বচসা, হাতাহাতি মোড় ঘুরিয়ে দেয় ঘটনার। অবশ্য জেলা পরিষদ মার্কেটে ছাত্র-ব্যবসায়ী বিরোধ নিষ্পত্তিরও উদ্যোগ নেয়া হয়েছিল আওয়ামী লীগের তরফ থেকে। পরদিন বসে এর নিষ্পত্তি করার কথা ছিল। মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে আওয়ামী লীগের নেতারা বাড়ি ফেরার আগেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়।
ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া মাদরাসা কর্তৃপক্ষ বলছে- নাসিরনগরে বন্ধ করে দেয়া মাদরাসা-মসজিদ খুলে দেয়ার দাবিতে আন্দোলন করার কারণে জেলা পরিষদ মার্কেটের সামনে কওমি ছাত্র ঐক্যপরিষদ নেতা খালেদ মোশাররফের ওপর হামলা হয়। এর জেরে মাদরাসার ছাত্ররা হামলা চালায় জেলা পরিষদ মার্কেটে। পালটা আক্রমণ হয় ব্যবসায়ী-ছাত্রলীগের পক্ষ থেকে। নাসিরনগর প্রশাসন অবশ্য সুর পালটে ফেলেছে এখন। তারা বলছে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সঙ্গে নাসিরনগরের কোনো যোগসূত্র নেই। তাদের এখানে মাদরাসা-মসজিদ বন্ধ করার ঘটনাও ঘটেনি।
নাসিরনগরে ঘটনার শুরু একটি মাদরাসা বন্ধ করে দেয়া নিয়ে। মাদরাসাটির (হজরত শাহজালাল (র.) মসজিদ ও কওমি মাদরাসা কমপ্লেক্স) প্রতিষ্ঠাতা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন মসজিদের ইমাম মাজহারুল হক কাশেমী জানান- স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় নাসিরনগরে প্রবেশমুখে ধনকুড়া গ্রামে ২৫ শতক আয়তনের জায়গা নিয়ে তিনি ২০১৪ সালের আগস্টে একটি মসজিদ নির্মাণ করেন। এর জন্য ধনকুড়া গ্রামের আবদুল খালেক ২০ শতক জায়গা দেন। সেখানে গত রমজানে তারাবিহর নামাজ হয়। ঈদের পর মসজিদের ভেতরই মাদরাসার কার্যক্রম শুরু হয়। গত ডিসেম্বর মাসে মসজিদের পাশে মাদরাসা নির্মাণ কাজ শুরু করতে গেলে বাধা আসে। পুলিশ এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। এর ৪/৫ দিন পর আবার পুলিশ এসে বলে মাদরাসার কোনো কার্যক্রম এখানে করা যাবে না। ছাত্র-শিক্ষক কেউ থাকতে পারবে না। তখন মাদরাসার একজন শিক্ষক রাতটুকু সেখানে থাকার অনুমতি চান পুলিশের কাছে। পরদিন সকালে ছাত্র-শিক্ষক সবাই চলে যান। এরপর গত ৬ই জানুয়ারি মাদরাসার নিজস্ব কেনা বৈদ্যুতিক ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। সর্বশেষ মাদরাসা-মসজিদ সিলগালা করার প্রস্তুতি নেয় উপজেলা প্রশাসন। মাজহারুল হক জানান- এই অবস্থায় তিনি স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে দেখা করার চেষ্টা চালান। সংসদ সদস্যের সাক্ষাৎ পেতে তার ঘনিষ্ঠদের কাছে ধর্না দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও সাক্ষাৎ করেন। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে বলেন- এত মাদরাসা মাদরাসা করেন কেন? মাদরাসায়তো গরিবের ছেলেরা পড়াশুনা করে। তিনি স্কুল বানানোর পরামর্শ দেন। এই পরিস্থিতিতে বিষয়টি চলে আসে জেলায়, বড় মাদরাসা কর্তৃপক্ষ ওয়াকেবহাল হয়ে মাদরাসা-মসজিদ খুলে দেয়ার দাবিতে মিছিল-সমাবেশ শুরু করে। পাশাপাশি তারা জেলা প্রশাসকের নজরেও আনেন বিষয়টি। এ নিয়ে গত ১১ই জানুয়ারি দুপুরে জেলা প্রশাসক ড. মুহম্মদ মোশাররফ হোসেন মাদরাসা কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে বসেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার এম এ মাসুদ উপস্থিত ছিলেন। সেখানে মাদরাসা-মসজিদ খুলে দেয়ার ব্যাপারে আলাপ আলোচনা হয়। জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল হক বলেন- এমপি সাহেবকে কেউ ভুল বুঝিয়ে মাদরাসা বন্ধ করতে প্ররোচিত করে। কিন্তু তার সঙ্গে মাদরাসার প্রতিষ্ঠাতা কোনো ভাবেই সাক্ষাৎ করতে পারছিলেন না। তখন বিষয়টি বড় মাদরাসা কর্তৃপক্ষের কাছে আসে। এর মধ্যে গত ১০ই জানুয়ারি আমরা জানতে পারি নাসিরনগরের ইউএনও মাদরাসা সিলগালা করে দেয়ার জন্য পুলিশ চেয়েছেন। এ খবর জানার পরই আমরা আবার মিছিল সমাবেশ করি। ডিসিকে বিষয়টি জানাই। এরপর প্রশাসন আর সেটি সিলগালা করেনি। তিনি জানান- এই মিছিল-সমাবেশের প্রেসবিজ্ঞপ্তি পত্রিকায় দিতে গিয়েই খালেদ হামলার শিকার হন। এরপর বড় মাদরাসায় হামলা চালানো হয়। এতে আমাদের এক ছাত্র মারা যায়। এ নিয়ে ১১ই জানুয়ারি পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে নাসিরনগরের মাদরাসা-মসজিদ খুলে দেয়া হয়। বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। তবে নাসিরনগরের প্রশাসন বলছে এখন অন্যকথা। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের বলেন- পুলিশের খেয়ে আর কোনো কাজ নেই। তারা যাবে মাদরাসা-মসজিদ বন্ধ করতে। পুলিশ কলেজ মোড়ে ডিউটি করে, সেদিক দিয়ে টহলে যায় এজন্যই হয়তো পুলিশের কথা বলছে। এসব ঠিক নয়। ধনকুড়া গ্রামের কিছু লোক এসে জানিয়েছিল তাদের গ্রামের লোক সংখ্যা ১১শ’। মসজিদ আছে ২টি। ওই মসজিদেই লোক হয় না। তার ওপর মাঠের (জমি) মধ্যে মসজিদ বানানো হচ্ছে। এরপরই এমপি সাহেব এ ব্যাপারে খোঁজখবর নিতে বলেন। তা ছাড়া মসজিদের জন্য যিনি (খালেক) জায়গা দিয়েছেন। এলাকার লোকজনের সঙ্গেও তার ভালো যোগাযোগ নেই। বিতর্কিত লোক। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমেদ বলেন- আমাদের এখানে মসজিদ-মাদরাসা বন্ধ করে দেয়ার কোনো ঘটনাই ঘটেনি। ধর্মীয় কোনো প্রতিষ্ঠান সীলগালা করারও উদ্যোগ নেয়া হয়নি। তাহলে নতুন করে খোলার প্রশ্ন আসবে কেন। তা ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সঙ্গে নাসিরনগরের ঘটনারও কোনো সম্পৃক্ততা নেই। তিনি মাদরাসা নিয়ে আপত্তিকর কোনো কথাও বলেননি বলে জানান। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার বলেন- ধনকুড়া, দাঁতমণ্ডল ও নাসিরনগর সদরের লোকজন এমপি সাহেবকে এসে জানায়- কে বা কারা ধনকুড়া গ্রামে মসজিদ করছে। ঐ এলাকায় যথেষ্ট মসজিদ-মাদরাসা রয়েছে। ধনকুড়া গ্রামেই ৩টি মসজিদ রয়েছে। এলাকার লোকজন তাই নতুন করে আর এর প্রয়োজন মনে করেনি। কে বা কারা এগুলো করছে, কোন উদ্দেশ্যে করছে এ নিয়ে তাদের মধ্যে সন্দেহ দেখা দেয়। তখন এমপি সাহেব এ ব্যাপারে খোঁজখবর নিতে বলেন।
নাসিরনগর উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বেই এই মাদরাসা ঘিরে আইএস-জঙ্গি ঘাঁটি হচ্ছে বলে মিছিল হয়। এ বিষয়ে তিনি বলেন, অবশ্যই বাইরের কোনো অর্থ এখানে আছে। তা না হলে ২/৩ মাসের মধ্যে এতবড় কাজ তারা কিভাবে করে ফেললো। এখনতো অর্থায়ন বন্ধ। তাই কাজও বন্ধ।











