শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মনে হচ্ছে সরকার পাঁচ বছরই থাকবে’

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘সরকার পাঁচ বছর থাকবে কি না, সেটা নির্ভর করবে বিএনপির আন্দোলনের ওপর। তবে যে পরিস্থিতি দেখছি, তাতে মনে হচ্ছে সরকার পাঁচ বছরই থাকবে।’ তিনি আজ রোববার দুপুরে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের লাহিড়ীর হাটে ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত জনসভায় এ কথা বলেন।



এরশাদ বলেন, বিএনপি তাদের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি বলে সরকার ৫ জানুয়ারির নির্বাচন করতে সক্ষম হয়েছে। উপজেলা নির্বাচনে বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কিছু দোষত্রুটি থাকায় উপজেলা নির্বাচনে হেরে গেছি। এটি জাতীয় নির্বাচন নয়। এটি একটি স্থানীয় সরকার নির্বাচন, দলগতভাবে হয় না।’ জাতীয় পার্টি আবারও ঘুরে দাঁড়াবে বলে তিনি মন্তব্য করেন।



রংপুরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরশাদ বলেন, ‘মানুষ ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য বানিয়েছেন। এ জন্য তাঁদের কাছে আমি ঋণী। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছি। রংপুরের উন্নয়ন করে সে ঋণ শোধ করব।’ তিনি আরও বলেন, ‘দলের নেতৃত্ব নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যত দিন বেঁচে থাকব, তত দিন আমিই জাতীয় পার্টির চেয়ারম্যান। এখানে অন্য কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।’



জনসভায় আসন্ন রংপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সুলতানা আক্তার কল্পনা, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির নেত্রী কাজলী বেগমের নাম ঘোষণা করে তাঁদের পক্ষে কাজ করার জন্য নেতা-কর্মীদের নির্দেশ দেন এরশাদ।

প্রথম দফায় তফসিল ঘোষণা করার পর সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে সদর উপজেলার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এখনো তফসিল ঘোষণা করা হয়নি।



চন্দনপাট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মেজর (অব.) খালেদ, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাপার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা