ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার
অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হয়ে যাওয়া ‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ জাহাজের ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহও উদ্ধার হয়েছে। তবে এখনো কয়েকজন যাত্রী ও ক্রুর সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্টরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। ওই সময় জাহাজটিতে যাত্রী ও ক্রুসহ মোট ২৪৩ জন ছিলেন।
ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে জাহাজটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়েছিল। খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলের সম্ভাব্য এলাকায় অভিযান শুরু করে। এ কাজে হেলিকপ্টারের পাশাপাশি আরেকটি জাহাজও ব্যবহার করা হচ্ছে।
‘ভিরগো ট্রান্সপোর্ট-৮’ জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের বানজারমাসিনের দিকে যাচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর প্রায় ১৫০ কিলোমিটার আগে জাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায়। পরে এর সর্বশেষ অবস্থান ধরে উদ্ধারকারীরা তল্লাশি চালাতে শুরু করেন।
দ্বীপসমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতের ক্ষেত্রে ফেরি ও যাত্রীবাহী জাহাজ গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশটিতে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে।
এর আগে গত মাসে মাদুরা দ্বীপের কাছে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছিল।











