পাঁচ জেলায় পানিবাহিত রোগ ছড়ানোর শঙ্কা
চট্টগ্রাম ব্যুরো : বৃহত্তর চট্টগ্রামে বাড়িঘর ও আঙিনা থেকে পানি নেমে যাওয়ায় বন্যাকবলিত উপজেলাগুলোয় জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও ওই সব এলাকায় এখন ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, টাইফয়েড ও চর্মরোগসহ পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় ডায়রিয়া, আমাশয় ও পেটব্যথার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। এসব রোগ থেকে পরিত্রাণ দিতে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট মজুদ রয়েছে বলে জানিয়েছেন পাঁচ জেলার সিভিল সার্জন কার্যালয়। বন্যাকবলিত বান্দরবানের স্বাস্থ্য বিভাগ চালু করেছে টেলিমেডিসিন সেবা। রাঙামাটিতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষায়িত ৬৬টি মেডিক্যাল টিম।
চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে বন্যায় ৩৬ হাজার ৫০০ পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জেলার তিনটি উপজেলা চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ ছাড়া বান্দরবান ও কক্সবাজারের চকরিয়ায় ব্যাপক ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
গত সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে দেখা যায়, গত ৭ আগস্ট ডায়রিয়া রোগী শনাক্ত হয় ৪৫ জন। এ ছাড়া ৯ আগস্ট ৫০ জন, ১০ আগস্ট ৭১ জন, ১২ আগস্ট ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন ১০৩ জন। গত রবিবার চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া রোগে ভর্তি হন ৮২ জন। আর গত সোমবার ২৪ ঘণ্টায় ৬৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হন। তবে জন্ডিস এবং টাইফয়েডসহ পানিবাহিত অন্যান্য রোগের তথ্য জানা যায়নি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবদুর রব বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ ডায়রিয়া, জন্ডিস এবং টাইফয়েডসহ পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। এ ছাড়া বন্যার পানির মধ্য দিয়ে যাদের চলাচল করতে হয়েছে, তারা স্ক্যাবিস এবং কন্টাক্ট ডার্মাটাইটিসসহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন। বন্যার পর বিভিন্ন পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। সাধারণত বন্যার পানি নেমে যাওয়ার এক সপ্তাহের মধ্যে রোগের প্রাদুর্ভাব শুরু হয়।
সাতকানিয়া উপজেলার আমিলাইশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরোয়ারউদ্দিন আহমেদ বলেন, প্রবল বর্ষণ ও বন্যার সময় ঠা-া লেগে অনেক শিশু ও বয়স্ক মানুষ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। তবে মারা যাওয়ার তথ্য তিনি দিতে পারেননি।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রোগ নিয়ন্ত্রণ (এমওডিসি) ডা. রায়হান সিদ্দিকী বলেন, আমরা বন্যাদুর্গত এলাকায় মেডিক্যাল ক্যাম্প করছি। মেডিক্যাল ক্যাম্পে আমরা রোগীদের চিকিৎসা ও ওষুধ উভয়ই দিচ্ছি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী আমাদের সময়কে বলেন, বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের বিষয়ে যে কোনো জরুরি অবস্থা মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্য উপকেন্দ্রগুলো সম্পূর্ণ প্রস্তুত আছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পাঠানো হয়েছে। তবে এখন পানি ফুটিয়ে পান করাটা সবচেয়ে নিরাপদ। আমরা যে কোনো ধরনের প্রাদুর্ভাবকে মোকাবিলা করতে প্রস্তুত।
রাঙামাটি প্রতিনিধি জিয়াউর রহমান জুয়েল জানান, টানা প্রবল বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়িতে বন্যা হয়েছে স্বল্পমেয়াদি। এই চার উপজেলার ২১ ইউনিয়ন ও একটি পৌরসভার নিম্নাঞ্চলের ২২৫টি গ্রামে পানি দ্রুত সরে না যাওয়ায় বন্যাপরিস্থিতি দেখা দেয়। এতে ২৩ হাজার ১২৫ জন মানুষ বন্যাকবলিত হন। যাদের ঠাঁই হয়েছে নিকটবর্তী আশ্রয়কেন্দ্র ও স্বজনদের বাড়িতে। তবে প্রলম্বিত না হওয়ায় বন্যাকবলিত মানুষজনের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারেনি বন্যা। জ্বর-সর্দি-কাশির মতো সাধারণ অসুখের দেখা মিললেও অন্যান্য রোগের প্রাদুর্ভাব হয়নি বলে নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক চিকিৎসাসেবার পাশাপাশি রয়েছে বিশেষ উদ্যোগ। ধস ও বন্যার আগাম সতর্কতা হিসেবে জেলার ১০ উপজেলার জন্য বিশেষায়িত ৬৬টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন নিহার রঞ্জন নন্দী।
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জানান, দীঘিনালা উপজেলায় বন্যাদুর্গতদের চিকিৎসাসেবায় চারটি মেডিক্যাল টিম কাজ করছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার তনময় চাকমা। তিনি জানান, এ পর্যন্ত তিন শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. সাবের হোসেন বলেন, জেলা সদরে বন্যায় মানুষ অসুস্থ হওয়ার সংখ্যা শূন্যের কোঠায়। নদীতে পানি বেড়ে রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হলেও মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয়নি। তারপরও জেলা সদরের উত্তর গঞ্জপাড়া, দক্ষিণ গঞ্জপাড়া ও আশপাশের এলাকায় নিয়মিত স্বাস্থ্যকর্মীরা খোঁজ নিয়ে সেবা দিচ্ছেন।
কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক সরওয়ার আজম মানিক ও চকরিয়া প্রতিনিধি মুকুল কান্তি দাস জানান, চকরিয়া ও পেকুয়ায় বন্যাকবলিত এলাকায় চলছে স্বাস্থ্যসেবা। দুর্গত এলাকায় জ্বর, পেটের ব্যথা, আমাশয়, বমি ও ডায়রিয়াসহ কিছু রোগ দেখা দিয়েছে। তবে রোগ প্রতিরোধে মাঠে রয়েছে একাধিক মেডিক্যাল টিম। গড়ে প্রতিদিন ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে দুই উপজেলার হাসপাতালগুলোতে। বন্যার পানি প্রবেশ করে চকরিয়া ও পেকুয়ার ২১টি কমিউনিটি ক্লিনিকে। এ দুই উপজেলাতে বর্তমানে ২২টি মেডিক্যাল টিম কাজ করছে। ওষুধসহ সব কিছু পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
চকরিয়া বরইতলী ইউনিয়নের বানিয়ার ছড়া এলাকার বাসিন্দা মাস্টার মনজুর আলম বলেন, আমার ছেলে, ছেলের বউ, বাচ্চা, ও আমার স্ত্রীসহ বাড়ির সিংহভাগ সদস্য জ্বরে আক্রান্ত। এর মধ্যে ছেলের ডেঙ্গু ধরা পড়লেও বাকিদের ধরা পড়েনি। বাড়ি থেকে বন্যার পানি নেমে যাওয়ার পরপরই সবাই অসুস্থ হতে শুরু করে। ডেঙ্গু আক্রান্ত ছেলেকে চট্টগ্রাম নেওয়া হয়েছে। সুরাজপুর মানিকপুর ইউনিয়নের মানিকপুর বাজার এলাকার রহিমুল্লাহ বলেন, তার পরিবারের তিন সদস্য জ্বর ও ডায়রিয়া আক্রান্ত।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত জানান, চকরিয়ায় মোট ৪৬টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে ১৪টি বন্যার পানিতে তলিয়ে ছিল। বর্তমানে পানি নেমে গেছে। ৪৬টি কমিউনিটি ক্লিনিকের জন্য ১৫টি মেডিক্যাল টিম কাজ করছে। এখানে গড়ে প্রতিদিন সাতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে বলেও জানান তিনি। তা ছাড়া ডায়রিয়া, আমাশয় ও পেটব্যথার রোগীও দেখা যাচ্ছে।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী জানান, পেকুয়া উপজেলায় মোট ১৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে ৭টি বন্যার পানিতে তলিয়ে ছিল। পানি নেমে যাওয়ায় চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে ৭টি মেডিক্যাল টিম।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. বিপাশ খিসা বলেন, দুই উপজেলায় স্বাস্থ্য পরিস্থিতি প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। ওষুধ ও চিকিৎসকের কোনো সংকট নেই। দুই উপজেলার বন্যাপরবর্তী স্বাস্থ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বান্দরবান প্রতিনিধি এন এ জাকির জানান, বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি সেনাবাহিনীর মেডিক্যাল টিম ফ্রি ক্যাম্প পরিচালনা করছে। বিভিন্ন জায়গায় স্বাস্থ্য কমপ্লেক্স পানিতে তলিয়ে গেলেও চিকিৎসকরা স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় বান্দরবান স্বাস্থ্য বিভাগ টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু করেছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট নম্বরের মাধ্যমে চিকিৎসকরা সেবা দিচ্ছেন। সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি সরবরাহ ও ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা ও ওষুধপত্র বিতরণ করা হচ্ছে। রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. মাহাবুবুর রহমান বলেন, বন্যায় বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ডুবে গেছে। তারপরও আমরা ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্প পরিচালনার মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। এ ছাড়াও সেনাবাহিনীর মেডিক্যাল টিমের সঙ্গে আমাদের চিকিৎসকরাও কাজ করছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষকে সেবা দেওয়ার জন্য।











