দাপুটে মোখায় বিধ্বস্ত উপকূল
সেন্টমার্টিনে ভেঙে পড়েছে সহস্রাধিক ঘরবাড়ি, আহত ১১ # অতিক্রম করেছে কক্সবাজার
আসাদুর রহমান,ঢাকা,হামিদ উল্লাহ ও আবদুল্লাহ মনির,টেকনাফ,সরওয়ার আজম মানিক,কক্সবাজার
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার উপকূল হয়ে আঘাত হানে মিয়ানমারে। তা-বের পূর্ণ চিত্র পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল রবিবার সকাল থেকে সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। এর কেন্দ্র আঘাত হানে মিয়ানমারের সিত্তওয়ে অঞ্চলে। এর আগে বঙ্গোপসাগরে অবস্থিত আট বর্গকিলোমিটার আয়তনের সেন্টমার্টিন দ্বীপে তা-ব চালায় মোখা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অতিপ্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে টেকনাফ-সেন্টমার্টিনে ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে। দুপুর আড়াইটায় সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় মোখার সর্বোচ্চ ১৪৭ কিলোমিটার গতিবেগ রেকর্ড করা হয়েছে। বিকাল ৩টায় কক্সবাজার ও উত্তর-মিয়ানমার উপকূল পার হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টায় সিত্তওয়ের কাছ দিয়ে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করে দেশটির স্থলভাগে গিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে। এটি স্থলভাগের অভ্যন্তরে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।
গতকাল সন্ধ্যায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ আজ (গতকাল) সকাল ৬টায় বাংলাদেশের কক্সবাজার এবং মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করে। বিকাল ৩টায় ঘূর্ণিঝড়ের মূলকেন্দ্র স্থলভাগে ওঠে। ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের পেছনের অংশ উপকূলে ওঠা প্রায় সম্পন্ন করেছে।
তিনি আরও বলেন, কাল (সোমবার) যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, তখন সতর্ক সংকেত তুলে নেওয়া হতে পারে। মোখার প্রভাবে বেশি ক্ষতি হয়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনে। গাছপালা উপড়ে সহস্রাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। গাছচাপায় ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে কক্সবাজার জেলার এ দ্বীপে। দুপুরের দিকে বৃষ্টি ও বাতাসের বেগ বাড়তে থাকে। শুরু হয় তা-ব। প্রবল ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টি হয়। বিকাল ৪টার পর তা ভয়াবহ আকার ধারণ করে। টানা এক ঘণ্টার বেশি প্রচ- বাতাস ও বৃষ্টির পর আবহাওয়া ধীরে ধীরে শান্ত হতে থাকে। বিকাল ৫টার পর দেখা যায়, রাস্তাঘাটে গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টিনের ও কাঁচা ঘরবাড়ি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল ইসলাম সন্ধ্যায় বলেন, সকাল থেকে দ্বীপের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। দুপুর দেড়টার পর থেকে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে শুরু করে। দুপুর ২টার পর প্রবল গতিবেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত শুরু হয়। বিকাল চারটা পর্যন্ত তা অব্যাহত থাকে। এতে লোকজনের ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ছে। গাছ পড়ে আহত হয়েছেন ১০ থেকে ১৫ জন।
তিনি আরও জানান, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে গেছে, ঘরবাড়ি ভেঙে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনই প্রকৃত ক্ষয়ক্ষতি জানা সম্ভব হয়নি। এখনো অন্ধকার হয়ে আছে। আকাশ বেশ মেঘাচ্ছন্ন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। তবে সেন্টমার্টিনের মূল ভূখ-ের কোথাও জলোচ্ছ্বাস হয়নি বলে জানান তিনি।
জানা গেছে, ঘূর্ণিঝড়ে দ্বীপের মাঝরপাড়া, কোনারপাড়া, গলাচিপা, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়ার অনেক ঘরবাড়ি ভেঙে গেছে। কয়েকশ গাছপালা ভেঙে পড়েছে। সামুদ্রিক জলোচ্ছ্বাসে উত্তরপাড়া, পশ্চিমপাড়া ও পূর্ব দিকের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছিল। তিনটি আশ্রয়কেন্দ্র, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও ৩৭টির বেশি হোটেল রিসোর্ট ও কটেজে আশ্রয় নিয়েছিলেন প্রায় ৬ হাজার মানুষ। বেশির ভাগই শিশু ও নারী।
দুপুর সোয়া দুইটা থেকে প্রচ- গতিবেগে টেকনাফ ও উখিয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র বাতাসে শুরু হয় তা-ব। বড় বড় গাছ ভেঙে পড়ে সড়কে। তাতে টেকনাফ ও উখিয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টার জন্য বিচ্ছিন্ন জনপদে পরিণত হয় এই উপজেলা। পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও কাঁচা ও আধাপাকা অনেক ঘরের চালা উড়ে যায়।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া দপ্তরগুলো ঘূর্ণিঝড় মোখা নিয়ে বেশ জোরেশোরেই বার্তা প্রচার করেছিল। এতে প্রশাসনের লোকজনও মানুষকে সতর্ক করতে পর্যাপ্ত সময় পান।
গত শুক্রবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হলে ঘূর্ণিঝড়ের প্রভাব বোঝা যায়। গত শনিবার বিকাল থেকে কক্সবাজার জেলার রামু, চকরিয়া, কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ ও মহেশখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। গতকাল রবিবার সকালের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। দুপুর সোয়া দুইটা থেকে শুরু হয় মূল তা-ব। তাতে মুহূর্তের মধ্যে ল-ভ- হয়ে যায় উখিয়া ও টেকনাফ উপজেলা। বিকাল ৫টার দিকে বাতাসের গতিবেগ কমতে থাকে।
গতকাল টেকনাফ এলাকা ঘুরে দেখা গেছে, ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুপারিগাছের। ঘূর্ণিঝড় আঘাত হানার ফলে হাজার হাজার সুপারিগাছ ভেঙে গেছে। ফলে আগামী মৌসুমে সুপারি উৎপাদনে ব্যাপক ধস নামবে বলে জানিয়েছেন টেকনাফ পৌর মেয়র মোহাম্মদ ইসলাম। টেকনাফের বিভিন্ন স্থানে অবস্থিত রোহিঙ্গা শিবিরের অনেক ঘর ভেঙে গেছে। বাতাসে ঘরের চালা উড়ে গেছে। শেষ মুহূর্তের ঝড়ো হাওয়ায় ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, সাবরাং ইউনিয়ন, সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপের কয়েক হাজার ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সেন্টমার্টিন দ্বীপের ১২০০ ঘরবাড়ি তছনছ হয়ে গেছে। কিছু ঘরবাড়ি পুরোপুরি, কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো বাতাস বইছে, কোথাও কোথাও গাছপালা ও কাঁচা বাড়িঘর ভেঙে গেছে। তবে জলোচ্ছ্বাস হয়নি।
ঝুঁকি এড়াতে সাগর থেকে মাছ ধরার সব নৌকা তুলে মেরিন ড্রাইভ সড়কের পাশে রাখা হয়। ঘূর্ণিঝড় দেখতে কিছু লোক সাগরপাড়ে জড়ো হলেও পুলিশ তাদের সরিয়ে দেয়।
টেকনাফ থানার ওসি আবদুল হালিম আমাদের সময়কে বলেন, আমরা লোকজনকে ঘর থেকে বের না হতে বাধ্য করেছি। ফলে বাতাসে গাছ ভেঙে পড়ে আহত কিংবা সাগরপাড়ে এসে অহেতুক দুর্ঘটনার মতো ঘটনা এড়ানো গেছে।
আবহাওয়াবিদ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোখা যখন উখিয়া-টেকনাফ উপকূলে, তখন সাগরে ছিল ভাটার টান। ফলে আবহাওয়াবিদরা ৮ ফুট থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসের যে আশঙ্কা করেছিলেন, তা হয়নি। এর বাইরে অমাবস্যা কিংবা পূর্ণিমার তিথি ছিল না। তাই সাগর ছিল অপেক্ষাকৃত শান্ত। এসব কারণে উপকূলীয় এলাকায় ক্ষতি হয়েছে তুলনামূলক কম। এ ছাড়া উপকূলীয় এলাকার লোকজন আগেই আশ্রয়কেন্দ্রে উঠেছিল। এ কারণেও ক্ষতি কম হয়েছে।
এদিকে ঝড়ের বিপদ কেটে যাওয়ার পর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করে মানুষ। কক্সবাজার বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর মোংলা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত নামিয়ে তার বদলে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মোখা উপকূল অতিক্রমের পর আবার কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রাম সমুদ্রবন্দরে। শাহ আমানত বিমানবন্দর খোলার প্রস্তুতিও শুরু হয়েছে। গতকাল রাত থেকেই বন্দরের কার্যক্রম শুরুর কথা জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক। অন্যদিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ সংবাদকর্মীদের বলেন, ‘আশা করছি সোমবার (আজ) সকাল ৬টা থেকে অপারেশনাল কার্যক্রম শুরু করা যাবে।’
এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) খবরে মিয়ানমারের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে জানানো হয়, মিয়ানমারে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বাড়ির ছাদ ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে মঠ, প্যাগোডা ও স্কুলে আশ্রয় নিয়েছেন। ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রটি গতকাল বিকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে শহরের কাছে ঘণ্টায় ২০৯ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে। মিয়ানমারের সামরিক তথ্য অফিস জানিয়েছে, ঝড়ের কারণে সিত্তওয়ে, কিয়াউকপিউ ও গওয়া শহরে ঘরবাড়ি, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মুঠোফোনের টাওয়ার, নৌকা ও ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা জানায়, ঘূর্ণিঝড়টিতে দেশের বৃহত্তম শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কোকো দ্বীপপুঞ্জের ক্রীড়া ভবনগুলোর ছাদও ধসে পড়েছে।
কক্সবাজার জেলা প্রশাসন জানায়, মোখার প্রভাবে উপকূলবর্তী আট উপজেলায় প্রায় সাড়ে ১২ হাজার ঘরবাড়ির ক্ষতি হয়েছে। গতকাল সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণকেন্দ্রের প্রধান বিভীষণ কান্তি দাশ সাংবাদিকদের জানান, জেলার ৫৭টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক মো. শাহীন ইমরান জানান, প্রাথমিক তথ্য, কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড় মোখার কারণে ২ হাজার ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজার ঘরবাড়ি।রোহিঙ্গাদের পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত মোখার প্রভাবে টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৫ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান। গতকাল সন্ধ্যায় তিনি জানান, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। কেউ কেউ তাদের আত্মীয়স্বজনের বাড়িতে চলে গেছেন।’











