দাদার ইচ্ছে পূরণে হেলিকপ্টারে বউ আনলেন পাপ্পু
পাবনা প্রতিনিধি : সত্তরোর্ধ্ব দাদা জবানী সরদারের ইচ্ছা ছোট নাতি আশিকুর রহমান পাপ্পু বিয়ে করে হেলিকপ্টারে বউ আনবে। জীবিত থাকতে তিনি এই দৃশ্য দেখে যেতে চান। তাই দাদার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে করে বউ আনলেন নাতি পাপ্পু। এমনই একটি ঘটনা ঘটেছে উত্তরের জেলা পাবনার সুজানগরে।
পাপ্পু সুজানগর পৌর সদরের চর সুজানগর মহল্লার ফজলুর রহমানের ছেলে। পেশায় বিএসসি ইঞ্জিনিয়ার। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। আর কনে নুসরাত জাহান জিম ঢাকার গাজীপুরের বাসিন্দা টুটুল শেখের মেয়ে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রীকে নিয়ে ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে চড়ে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে হাজির হন আশিকুর রহমান। এ সময় তাদের সঙ্গে দাদা জবানী সরদারসহ পরিবারের সদস্যরা ছিলেন।
হেলিকপ্টারে নতুন বউ আসছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে নারী-শিশুসহ নানা বয়সী উৎসুক মানুষ আগে থেকেই ভিড় জমায় মাঠে। বর-কনে হেলিকপ্টার থেকে নামার পর তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বরপক্ষের স্বজনরা। পরে তাদের মাইক্রোবাসে করে বাড়িতে নেওয়া হয়।
ছেলের চাচা পাবনা পৌর এলাকার চর সুজানগর মহল্লার বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, ‘৬-৭ মাস আগে আমার ভাতিজা পাপ্পুর বিয়ে হয়। বিয়ের পর মেয়ে তাদের বাড়িতেই ছিল। শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে ছেলের বাড়িতে নিয়ে আসা হয়। হেলিকপ্টারে বউ আনায় আমরা খুব আনন্দিত।’
এ বিষয়ে আশিকুর রহমান বলেন, ‘আমি যখন খুব ছোট ছিলাম, তখন থেকেই আমার দাদার ইচ্ছা ছিল আমি যেন হেলিকপ্টারে বউ নিয়ে আসি। তার সেই শখ পূরণ করতেই মূলত এই আয়োজন। দাদার ইচ্ছা পূরণ করতে পেরে আমি খুব আনন্দিত। হেলিকপ্টারে দাদাও আমার সঙ্গে ছিলেন। পরিবারের সবার সম্মতিও ছিল হেলিকপ্টারে বিয়ে করার।’
পাপ্পুর দাদা জবানী সরদার বলেন, ‘পাপ্পু যখন ছোট ছিল তখন থেকেই বলতাম তুই বিয়ে করে হেলিকপ্টারে বউ আনবি। আমার নাত বউয়ের বাড়িও ঢাকা। চিন্তা করলাম হেলিকপ্টারে তো নিয়ে আসা যায়। নাত বউয়ের সাথেও আলাপ করলাম তোকে হেলিকপ্টারে নিয়ে আসবো। শুনে সেও খুব খুশি হয়। এভাবেই হেলিকপ্টারে নাতি ও তার বউকে নিয়ে আসলাম।’
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ‘হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের খবর জেনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। উৎসুক লোকজনের ভিড়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করেছে।’











