দূর নিয়ন্ত্রণের মাধ্যমে চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক : দূর নিয়ন্ত্রণের মাধ্যমে ওসিসি বা অপারেশন কন্ট্রোল সিস্টেম থেকে চলবে মেট্রোরেল। ওসিসির সঙ্গে কখনো চলন্ত ট্রেনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে চালক ট্রেনটি নিরাপদ স্থানে নিয়ে যাবেন। এই প্রক্রিয়াকে বলা হয় এটিপি বা অটোমেটিক ট্রেন প্রটেকশন। মেট্রোরেলের চালক ট্রেন মনিটর করবেন। ট্রেনের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা থাকবে। ট্রেনে সবকিছু ঠিকমতো আছে কি না, সিসি ক্যামেরায় তা খেয়াল রাখবেন চালক। দেখতে পাবেন যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে কি না। পাশাপাশি ট্রেন চলাচলের ক্ষেত্রে কোনো বাধা, গ্যাসের চাপ, ট্রেনের বৈদ্যুতিক ব্যবস্থা নজরে রাখবেন।
মোট ২৪টি ট্রেনে ৪৮ জন চালক থাকবেন। অতিরিক্ত থাকবেন আরও ১০ জন। সব মিলিয়ে ৫৮ জন চালক থাকবেন উত্তরা থেকে মতিঝিল হয়ে কমলাপুর রুটের ট্রেনে। এর মধ্যে নাসরুল্লাহ ইবনে হাকিম নামের একজনকে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। বলা যায়, তিনি প্রথম নিয়োগপ্রাপ্ত চালক। নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর চালককে কয়েকটি প্রশিক্ষণে পাঠানো হয়। সঙ্গে স্টেশন কন্ট্রোলাররা থাকেন। প্রথম প্রশিক্ষণের নাম ফাউন্ডেশন ট্রেনিং। ফাউন্ডেশন ট্রেনিং ছিল দুই মাসের। এরপর দুই মাসের রেলওয়ে একাডেমির প্রশিক্ষণ কোর্স। পরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে আনা হয়। বাংলাদেশে মেট্রোরেলের যেসব ট্রেন সেট আসছে, সেগুলোর প্রতিটিতে ছয়টি করে বগি থাকছে। থাকছে ট্রেইলার কার। ট্রেইলার কার ট্রেনকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। ট্রেন ঘুরানোর দরকার হবে না। ট্রেইলার কার দুটি থাকবে দুই প্রান্তে। একটি নিয়ে যাবে, আরেকটি ফেরার পথে ট্রেনকে টেনে আনবে। ট্রেনের গতিবেগ ১০০ কিলোমিটার। তবে ঢাকায় এক বা দেড় কিলোমিটার পর পর রেলস্টেশন থাকবে। ফলে গতিবেগ কম হবে। মেট্রো ট্রেনের মধ্যস্থলের কারগুলো মূলত মোটরকার। এসব কারে চড়বেন যাত্রীরা।
মেট্রোরেল পরিচালনার জন্য একজন চালক (অপারেটর) এবং স্টেশনে একজন নিয়ন্ত্রক (কন্ট্রোলার) থাকবেন। দিয়াবাড়ীতে স্থাপন করা হয়েছে অপারেশন কন্ট্রোল সেন্টার (ওসিসি)। সেখানে থাকবেন কর্মকর্তারা। তাদের কাজ মূলত পর্যবেক্ষণ করা, নির্দেশনা ঠিকমতো কাজ করছে কিনা, তা দেখা।
উত্তরার দিয়াবাড়ী কন্ট্রোল সেন্টার থেকে ট্রেন কোথায় কোথায় থামবে, কত সময় থামবে, কত গতিতে চলবে এর সবই আগে থেকে নির্ধারণ করে দেওয়া হবে। এর বাইরে রেললাইনের প্রতি ২০০ থেকে ৩০০ মিটার পরপর রেডিও অ্যানটেনা স্থাপন করা হয়েছে। প্রতিটি ট্রেনে আছে চারটি করে অ্যানটেনা। প্রতিটি অ্যানটেনা ট্রেন ও কন্ট্রোল সেন্টারের (নিয়ন্ত্রণকেন্দ্র) সঙ্গে যোগাযোগ করবে। স্টেশনে এসে ট্রেন যেখানে থামার কথা, এর চেয়ে ছয় ইঞ্চিও এদিক-ওদিক হতে পারবে না। তাহলে ট্রেনের দরজা ও প্ল্যাটফর্মের দরজা বরাবর হবে না।
মেট্রোরেল পরিচালনার প্রতিষ্ঠান ডিএমটিসিএল জানায়, বর্তমানে মেট্রোরেল পরিচালনায় ২৭৪ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেনচালক (অপারেটর) রয়েছেন ২৪ জন ও স্টেশন নিয়ন্ত্রক (স্টেশন কন্ট্রোলার) রয়েছেন ৫৮ জন। চালক ও স্টেশন নিয়ন্ত্রক উভয়ই ট্রেন চালাতে পারবেন। ট্রেনচালক ও স্টেশন অপারেটরের মধ্যে নারী আছেন চারজন। চালকদের মধ্যে একজনের নাম মরিয়ম আফিজা। তাকেই প্রথম মেট্রোরেল চালানোর দায়িত্বটি দেওয়া হতে পারে। ট্রেন পুরোদমে চালাতে হলে আরও জনবল লাগবে। ৪০০ জনকে নিয়োগের একটি প্রক্রিয়া চলছে। এ ছাড়া মেট্রোরেল প্রকল্পে পরিচালনার জন্য বাজেট রাখা হয়নি। আগামী এক বছর এ কাজের জন্য সরকারের কাছে এক হাজার কোটি টাকা চেয়েছে ডিএমটিসিএল। টিকিট থেকে আয় করার পর তা ফেরত দেওয়া হবে। বর্তমানে সীমিত আকারে ট্রেন চলবে। পুরোদমে চলবে মাস তিনেক পর। তখন যাত্রী ও স্টেশনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।











