বছরের শুরু থেকে দুই সেমিস্টার পদ্ধতি
এম এইচ রবিন
দেশের সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পদ্ধতিতে বিস্তর ফারাক। উচ্চশিক্ষার লক্ষ্য ও ডিগ্রি একই কিন্তু বৈষম্য প্রকট। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে দুই সেমিস্টার পদ্ধতি প্রবর্তনের নির্দেশনা দিয়েছে। পাশাপাশি বলেছে, অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি শিক্ষার্থী কোনোভাবেই ভর্তি করা যাবে না। এতে করে শিক্ষার্থীরা পাঠ্যক্রমের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত হতে পারবে বলে মনে করছে ইউজিসি। কিন্তু এতে আপত্তি রয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দেখভালকারী ইউজিসি নির্দেশনা বাস্তবায়নে রয়েছে কঠোর অবস্থানে। বলছে, নতুন নির্দেশনা বাস্তবায়ন করবে না যে সব শিক্ষা প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠান অ্যাক্রেডিটেশন পাবে না। অ্যাক্রেডিটেশন পেতে হলে তাদের পড়াতে হবে হালনাগাদ অনুমোদিত আউটকাম বেজড কারিকুলাম। শিক্ষাবিদরাও মনে করছেন, ইউজিসির সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য সময় বাড়বে। পরীক্ষাকেন্দ্রিক সেমিস্টারনির্ভরতা কমে যাবে। এক কথায় তিন-চার সেমিস্টার থেকে দুই সেমিস্টার চালু হলে কোর্স সম্পন্ন করতে শিক্ষার্থীদের গলদঘর্ম হওয়া বন্ধ হবে।
কেন দুই সেমিস্টার চালুর এ প্রস্তাব- জানতে চাইলে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ আমাদের সময়কে বলেন, দুই সেমিস্টার হলে বছরে দুবার শিক্ষার্থী ভর্তি করা হবে। পড়ানোর সঙ্গে সঙ্গে সারা বছর ধরে শিক্ষার্থীকে ভালোভাবে বিষয়গুলো আত্মস্থ ও রপ্ত করার সময় বেশি পাবে। উন্নত দেশগুলোতে বছরে স্প্রিং ও ফল এ দুটি সেমিস্টার। আর আমাদের দেশে বছরে তিনটি- স্প্রিং, ফল ও উইন্টারে শিক্ষার্থী ভর্তি করা হয়। প্রতি চার মাসে একটি সেমিস্টার। তিনি বলেন, কোনো কোনো বিষয়ে ১৬০ থেকে ১৮০ ক্রেডিট পর্যন্ত পড়ানো হচ্ছে। এত কম সময়ে আসলেই কি এত ক্রেডিট পড়ানো সম্ভব? বিশ্ববিদ্যালয়গুলো যে
যার মতো করে পড়াচ্ছে। শিক্ষার্থীদের অনেকটা গলদঘর্ম করতে হয় লেখাপড়া। এ জন্যই আমরা একটা স্ট্যান্ডার্ড গাইড লাইন ফলো করতে দুই সেমিস্টার পড়াতে বলছি।
ইউজিসি বলছে, বছরে দুই সেমিস্টার পদ্ধতিতে ‘ডুয়েল সেমিস্টার’ ও তিন সেমিস্টার পদ্ধতিকে ‘প্রাইম সেমিস্টার’ বলা হয়। মূলত বাণিজ্যিক কারণেই প্রাইম সেমিস্টার পদ্ধতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এ দেশে চালু করেছে। তারা বলেন, কেবল বাজার ও বাণিজ্যমুখী বিষয়গুলোকেই অধিক গুরুত্ব দেওয়া হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। বিশেষ করে যে বিষয়গুলো চাকরির বাজারে গুরুত্বপূর্ণ বা চাহিদাসম্পন্ন, সেগুলোই পড়ানো হয়। বাংলা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থনীতি এমনকি পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিতের মতো বিষয়ও অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুরুত্বহীন। এসব কারণেও সেমিস্টার কমাতে চায় ইউজিসি।
সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আগামী জানুয়ারি থেকে দুই সেমিস্টার পদ্ধতি চালু করতে কড়াকড়ি করছে ইউজিসি। আর এ অবস্থায় আসছে জানুয়ারি থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বছরে তিনটির বদলে দুই সেমিস্টারে পাঠদানে ইউজিসির নির্দেশনায় আপত্তি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
এ বিষয়ে ইউজিসিকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে সংগঠনের সভাপতি শেখ কবির হোসেন আমাদের সময়কে বলেন, ‘এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছেও সমিতি নিজেদের আপত্তি তুলে ধরেছে।’ সম্প্রতি বনানীতে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, কমিশনের এ সিদ্ধান্ত মানবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমিতির সভাপতি ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শেখ কবির হোসেন অভিযোগ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা না করেই কমিশন নতুন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের আলোচনা করতে বলেছি। তা না হলে আগামী বছরও আগের মতোই যেখানে তিন সেমিস্টার আছে, যেখানে দুই সেমিস্টার-সেখানে সেভাবেই চলবে।’
বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আপত্তি প্রসঙ্গে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ বলেন, সরকারের সিদ্ধান্ত নিয়ে যে কারও মতামত দেওয়ার সুযোগ আছে। তারা চাইলে আলোচনা করতে পারে। একই সঙ্গে সরকারের নির্দেশনাও মেনে চলা তাদের কতব্য।
সরকারের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে তিন সেমিস্টারের পক্ষে যুক্তি তুলে ধরে শেখ কবির হোসেন বলেন, সেমিস্টার কমিয়ে আনলে শিক্ষার্থীদের ব্যয় বাড়বে, বিশ্ববিদ্যালয়গুলো আর্থিকভাবে চাপে পড়বে। এখন বিদেশিরা পড়তে আসে, ডলার আসছে। আর এখানে ব্যয় বাড়লে দেশের শিক্ষার্থীরা বাইরে যাবে, ডলারের ক্রাইসিস আরও বাড়বে।
উচ্চশিক্ষার পুরো পদ্ধতিরই খোলনলচে পাল্টে ফেলা জরুরি উল্লেখ করে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আমাদের সময়কে বলেন, তিনি বরাবরই সেমিস্টার পদ্ধতির বিপক্ষে। আগের ইয়ার সিস্টেমই ভালো ছিল। একজন শিক্ষার্থীর চার মাসে একটি কোর্স সম্পন্ন করতে হচ্ছে। স্বাভাবিক কারণে তারা প্রচুর চাপে থাকবে। এতে কেউ কেউ লেখাপড়া ছেড়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ নানা অপতৎপরতায় জড়াবে, এটাই স্বাভাবিক। তাই পুরো পদ্ধতিরই খোলনলচে পাল্টে ফেলা জরুরি। কারণ, একটি সেমিস্টারের পাঠ ভালোভাবে রপ্ত করার আগেই আরেকটি চলে আসে। চার মাস পর পর সেমিস্টার পরীক্ষা। আবার প্রতি সেমিস্টারে প্রতিবার শিক্ষার্থীকে নতুন করে ভর্তি হতে হয় বিপুল অঙ্কের টাকা দিয়ে।
ইউজিসি গত ২৮ নভেম্বর বেসরকারি বিশ^বিদ্যালয়ে পাঠানো চিঠিতে বলেছে, কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় বাই-সেমিস্টার পদ্ধতি অনুসরণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে এবং কিছুসংখ্যক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে সুনামের সঙ্গে বাই-সেমিস্টার পদ্ধতি অনুসরণ করে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ২৪(৩) এবং ৩৫(১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি প্রোগ্রাম ও কোর্স অনুমোদনের অন্যতম শর্ত হলো ‘প্রোগ্রামটি অবশ্যই ডুয়াল সেমিস্টার ভিত্তিতে পরিচালনা করতে হবে।’ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চাহিদা অনুযায়ী কমিশন প্রণীত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) টেমপ্লেট অনুযায়ী বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব প্রোগ্রাম বাই-সেমিস্টার পদ্ধতিতে পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। তদুপরি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭-এর ১৫ ধারার আওতায় প্রণীত বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্কেও (বিএনকিউএফ) অনুরূপ বাধ্যবাধকতা রয়েছে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় অনুরূপ পদ্ধতি অনুসরণ করছে। বর্ণিতাবস্থায় দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একই ধরনের শিক্ষা পদ্ধতি (বাই-সেমিস্টার) বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিশন প্রণীত নির্দেশনা অনুসরণপূর্বক বাই-সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম আবশ্যিকভাবে পরিচালনা করার জন্য নির্দেশনা দেওয়া হলো।











