সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে দূরপাল্লার যান বন্ধ, চলাচল সীমিত

news-image

গাজীপুর প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল শুক্রবার বিকেল থেকেই দূরপাল্লার ও স্বল্প দূরত্বে যান চলাচল কমতে থাকে। আজ শনিবার ভোর থেকে দূরপাল্লার যান চলাচল পুরো বন্ধ হলেও অল্প কিছু স্বল্প দূরত্বের যানবাহন অতিরিক্ত ভাড়ায় যাত্রী পরিবহন করছে। তবে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক আছে।

চালক, যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করেই বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। এ যেন অঘোষিত হরতালের আমেজ। এমন সমস্যায় সড়কে গাড়ি না পেয়ে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন অফিসগামী লোকজন, বিভিন্ন শিল্প কারখানার শ্রমিক ও যাত্রীরা।

এদিকে শুধু মহাসড়ক নয়, সকাল থেকেই জয়দেবপুর রেলস্টেশনে কড়াকড়ি দেখা গেছে। ঢাকাগামী ট্রেনের যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। অনেকেই পেশাগত পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে তাকে ফিরতে হয়েছে, আবার অনেককে হেনস্থার শিকার হতে হয়েছে।

এ ছাড়া শুধু পরিবহন বন্ধ নয়, টঙ্গী-আবদুল্লাহপুর ছাড়াও গাজীপুরের সড়ক-মহাসড়ক বিভিন্ন পয়েন্ট পুলিশের চেকপোষ্টে কড়াকড়ি দেখা গেছে। পায়ে হেঁটে আসা যাত্রীদেরও পরিচয়পত্র দেখে ঢাকায় প্রবেশের অনুমতি দিচ্ছে পুলিশ। তবে কাউকে সন্দেহ হলে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সাতসকালে এমন ভোগান্তিতে পড়ে অনেককেই অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

তবে শুধু পুলিশের চেকপোস্টই নয়, মোড়ে মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে প্রতিবাদ সভা ও মিছিল করছে।

গাজীপুরের প্রভাতি বনশ্রী পরিবহনের সুপারভাইজার মোজাম্মেল হক বলেন, অনেকটা আতঙ্কের কারণে চালকরা গাড়ি নিয়ে বের হতে রাজি হচ্ছে না। গতকাল শুক্রবার জোর করে কিছু বাস চালানো হয়েছিলো আজ শনিবার কোনো চালক গাড়ি নিয়ে যেতে রাজি হননি।

তিনি দাবি করেন, ঢাকায় গোলযোগের আশংকায় গত কয়েকদিনে যাত্রীর সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল, এতে লোকসানের মুখে পড়তে হয়েছে পরিবহন মালিকদের। সব মিলিয়েই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ঢাকা-শেরপুর সড়কে চলাচলকারী সোনার বাংলা পরিবহনের চালক দেলোয়ার হোসেন বলেন, আজ শনিবার ভোরে যাত্রী নিয়ে গাজীপুর বাইপাস মোড়ে পৌছলে পুলিশ গাড়ি থামিয়ে যাত্রীদের তল্লাশি করে এবং যাত্রী নামিয়ে দেয়।

ঢাকা-জামালপুর সড়কের এসএ ট্রাভেলস্ এর সুপারভাইজার আবু হানিফা বলেন, জামালপুর থেকে গাজীপুর পর্যন্ত আসতে মহাসড়কের কয়েক জায়গায় পুলিশি চেকপোস্টে মুখোমুখি হতে হয়েছে। পুলিশ সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে। গাজীপুর থেকে বাস ঘুরিয়ে জামালপুরের উদ্দেশে ফিরতে হয়েছে।

সকালে বাসা থেকে গাজীপুরের টঙ্গীর একটি কারখানায় যাওয়ার জন্য বের হয়েছিলেন আমিনুল ইসলাম। মাওনা চৌরাস্তায় এক ঘণ্টা অপেক্ষার পর তাকে ফিরতে হয়েছে। তিনি বলেন, বলা নেই, ‘কওয়া নেই, সড়কে গাড়ি নেই, এটা কি মগের মুল্লুক হয়ে গেল নাকি? আর কত ভোগান্তি পোহাতে হবে আমাদের। রাজনীতির সভা সমাবেশের জন্য আমাদের সাধারণ মানুষকে কেন কষ্ট দেওয়া হয়, এর উত্তর কি কারও কাছে আছে।’

অসুস্থ শ্বশুরকে সঙ্গে নিয়ে ঢাকার পথে রওয়ানা দিয়েছিলেন গৃহবধূ শামীমা ইসলাম। গতকাল শুক্রবার রাতে ত্রিশাল থেকে এসে মাওনা এক আত্মীয়ের বাড়িতে রাত কাটিয়ে আজ শনিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। অতিরিক্ত ভাড়ায় গাজীপুর পর্যন্ত এসে গাড়ি না পেয়ে তাকে বাড়িতে ফিরতে হচ্ছে। তিনি বলেন, এটা এক ধরনের অরাজকতা, মানুষের কি কোনো দাম নেই।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক বিভাগ) অশোক কুমার জানান, সড়ক মহাসড়কে যানবাহন কম চলছে। তবে পুলিশ চেকপোস্টে তল্লাশি ছাড়া যানবাহন চলাচলে কোনো বাধা দিচ্ছেন না।

গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সুলতান আহমেদ সরকার জানান, ঢাকায় বিএনপির সমাবেশকে সামনে রেখে তাদের পরিবহন বন্ধ করার কোনো সিদ্ধান্ত বা কোন ধর্মঘট আহ্বান করা হয়নি। রাস্তায় যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাস চলাচল কমেছে। এ ছাড়াও পরিবহন মালিক, চালক ও শ্রমিকদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। পুলিশ যাত্রী ছাড়াও চালক ও গাড়ির কাগজ পত্র পরীক্ষা-নিরীক্ষা করছে।

 

এ জাতীয় আরও খবর

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ