,

মোক্তারের নামেই ৫ মদের বার

news-image

সরোয়ার আলম
বন্ধ করে দেওয়া হলেও এক মাসের মাথায় আবার চালু হয়েছে উত্তরার কিং ফিশার বার। ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৬ অক্টোবর বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে। এ-সময় বারের কর্মচারী ও কাস্টমারসহ ৩৫ জনকে আটক করা হয়। কিন্তু কিছুদিন পরই আবারও চালু হয়েছে বারটি। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করে পুনরায় খুলে দেওয়া হয়েছে বারটি।

জানা গেছে, বারের মালিক মোক্তার হোসেনের নামে ঢাকার গুলশান-১ লেকভিউ, গুলশান-২ এ কোরিয়ান ক্লাব (কেবি) ও উত্তরা, মিরপুর ও নারায়ণগঞ্জে ৫টি বার রয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নামেও বার আছে। এতে বিস্ময় প্রকাশ করেছে খোদ আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এমনকি উত্তরায় কিং ফিশারের নামে একই ভবনের আরেকটি ফ্লোরে অনুমতি ছাড়াই মদ বিক্রি হচ্ছে। কীভাবে এক ব্যক্তি এতগুলো বার চালানোর লাইসেন্স পেয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ। ডিএনসির কাছে চিঠি পাঠানোর কথাও চিন্তা করছে তারা। রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখছে এনবিআর।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন আর রশীদ দেশ রূপান্তরকে বলেন, আইন সবার জন্য সমান। সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। যাদের আটক করা হয়েছিল তারা সবাই বলেছেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে মদ কেনাবেচা করে আসছে। এখন তথ্য পেয়েছি তারা আবারও বেচাকেনা শুরু করেছে। কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটালে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে ডিবির এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন ধরেই কিং ফিশার বারে অবৈধ কমকান্ড চলে আসছে। গত ৬ অক্টোবর অভিযানের সময় ভেতরে কোনো সিসি ক্যামেরা পাওয়া যায়নি। ভবনের সপ্তম তলায় আরেকটি বার আছে সেটির কোনো অনুমোদন নেই। তাছাড়া বারের ভেতর কোনো ধরনের বিছানা থাকার কথা না। কিন্তু সেখানে একটি রুম পাওয়া গেছে সেখানে সোফার আদলে একটি বেডও আছে। ওই রুমে মদ খাওয়ার পাশাপাশি অসামাজিক কর্মকান্ড চলে বলে আমরা তথ্য পেয়েছি। তিনি আরও বলেন, দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত বার চালু রাখার নিয়ম থাকলেও তা পালন করা হচ্ছে না। গভীর রাত পর্যন্ত খোলা থাকে বার। অভিযানের পর কিছুদিন বারটি বন্ধ ছিল। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে আবারও বারটি চালু হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে আবারও অভিযান চালানো হবে।

সংশ্লিষ্টরা দেশ রূপান্তরকে জানায়, বিদেশে নারী পাচার, ক্যাসিনো ও ব্ল্যাকমেইলিংয়ের বিস্তর অভিযোগ আছে কিং ফিশারের মালিক মোক্তার হোসেনের বিরুদ্ধে। এসব কারবার চালিয়ে তিনি এখন অনেক প্রভাবশালী। তার সঙ্গে আছে প্রশাসন থেকে শুরু করে নানা পেশার লোকজনের ওঠাবসা। মোক্তারের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ এলাকায়। ২০০৮ সালে ঢাকায় এলে ভাগ্যের চাকা খুলে যায় তার। নেমে পড়েন মদের কারবারে।

নাম প্রকাশে অনিচ্ছুক বারের এক সিকিউরিটি গার্ড দেশ রূপান্তরকে বলেন, মূল গেট বন্ধ রেখে মদ ও বিয়ার বিক্রি করা হয়। অভিযানেও থেমে থাকেনি কোনো কিছুই। প্রশাসনকে ম্যানেজ করেই কার্যক্রম চালু রাখা হয়েছে। বারের মালিক বলেন, পুলিশ-র‌্যাবসহ প্রশাসনের লোকজন আমাদের সঙ্গে আছে। কোনো ভয়ের কারণ নেই। অভিযানের সময় অনুমোদনহীন ৪৫৮ বোতল বিদেশি মদ ও ৬ হাজার ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছিল। বারের অপর একজন কর্মকর্তা বলেন, ডিএনসি ও পুলিশ প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ নেয়। ফলে ব্যবসা করতে কোনো সমস্যা হচ্ছে না। প্রায়ই রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের লোকজন মদ ও বিয়ার খেতে আসেন। খাওয়ার পর তাদের কোনো টাকা দিতে হয় না।

গত সোমবার রাত ১২টায় বারের সামনে দেখা গেছে, অন্তত ৫০ জন তরুণ-তরুণী জটলা করে দাঁড়িয়ে আছেন। ভবনের মূল গেট বন্ধ থাকলেও ভেতর থেকে মদের বোতল নিয়ে আসছেন লোকজন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী জানান, ডিবির অভিযানের পরের দিন কিং ফিশার থেকে মদের বোতল কেনা গেছে। তবে খুবই সাবধানে আনতে হয়েছে। দামও রেখেছে বেশি। আর এখন তো নিয়মিত আসা-যাওয়া করা হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, কিং ফিশারের মালিকের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ওঠায় তা তদন্ত করা হচ্ছে। লাইসেন্সের শর্ত না মানার বিষয়গুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। রাত ১১টার পরও সেখানে মদ কেনাবেচা হয় বলে আমাদের কাছে তথ্য এসেছে। ডিএনসির কোনো কর্মকর্তা বা কর্মচারী কোনো ধরনের অর্থ নিয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বারে অবৈধ মদ রাখলে লাইসেন্স বাতিল করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না