,

ডান্ডাবেড়ি পরিয়ে জঙ্গিদের আনা হলো আদালতে

news-image

আদালত প্রতিবেদক : ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যা মামলায় কারাগারে থাকা জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে আনা হয়েছে। আজ বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন তাদের হাজির করা হয়।

আসামিরা হলেন জিকরুল্লাহ, আরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম। মামলার অপর দুই আসামি হাসিব আব্দুল্লাহ ও আবু তাহের জুনায়েদ পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, আজ তিন আসামিকে আদালতে ওঠানোর সময় প্রায় অর্ধশত পুলিশ সদস্যের সমন্বয়ে নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়। এ সময় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ডান্ডাবেড়ি পরিয়ে তাদের আদালতে হাজির করা হয়। একইভাবে নেওয়া হয় প্রিজন ভ্যানে তোলার সময়।

মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ আ. হাকিম বলেন, ‘চাঞ্চল্যকর মামলায় জঙ্গি সংগঠনের তিনজন আসামি হওয়ায় আমরা বাড়তি সতর্কতা নিয়েছি। কারাগার থেকে ডান্ডাবেড়ি পড়িয়ে পাঠানো হয়েছে। আদালতেও পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।’

এর আগে গত ২১ নভেম্বর সন্ত্রাসী, জঙ্গি, চাঞ্চল্যকর, সাজাপ্রাপ্ত বা একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিদের আদালতে হাজির করার সময় ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে কারা সদরদপ্তরে চিঠি পাঠায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ পুলিশ কমিশনারের মাধ্যমে এ চিঠি পাঠায়।

আশিকুর হত্যা মামলায় ২০২০ সালের ২৭ অক্টোবর রায় ঘোষণার জন্য ছিল। তবে সেদিন আসামিদের বিরুদ্ধে হত্যার মূল অভিযোগের সঙ্গে দণ্ডবিধির ১২০ (বি) ধারায় ঘটনায় ষড়যন্ত্রের নতুন অভিযোগ এনে চার্জ সংশোধন করে নতুন করে চার্জ গঠন করা হয়। এ কারণে মামলাটিতে নতুন করে সাক্ষ্যগ্রহণ হচ্ছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ীর দিপীকা মোড়ে ওয়াশিকুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়। পালানোর সময় দুই হামলাকারীকে আটক করে তৃতীয় লিঙ্গের লোকজন ও স্থানীয়রা। এ ঘটনায় ওয়াশিকুর রহমানের ভগ্নিপতি মনির হোসেন মাসুদ বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা করেন। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মশিউর রহমান।

আজ মামলায় সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মশিউর রহমান। বিচারক শেখ ছামিদুল ইসলাম সাক্ষ্য গ্রহণের পর আগামী ৩১ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।

ওয়াশিকুর রহমান মতিঝিলের ফারইস্ট অ্যাভিয়েশন নামে একটি ট্রাভেল এজেন্সিতে ট্রেইনি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবা টিপু সুলতানের সঙ্গে বেগুনবাড়ির ৪/৩-এ ভবনের দ্বিতীয় তলায় একটি কক্ষে সাবলেট থাকতেন। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার উত্তর হাজীপুরে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না