,

বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে জঙ্গিবাদের দেশ: হানিফ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি যদি আর কখনো রাষ্ট্রক্ষমতায় যেতে পারে, তাহলে বাংলাদেশকে জঙ্গিবাদের চারণভূমি বানাবে।

তিনি বলেন, সন্ত্রাস এবং জঙ্গিবাদের জনক তারেক রহমান। সে এখন বিএনপির শীর্ষ নেতা। দুর্নীতি, জঙ্গিবাদের কারণে মানুষ তাদের আস্তাকুড়ে ফেলে দিয়েছে। তারা আবার ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে তালেবান, জঙ্গিবাদের দেশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, বিএনপি বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র বানিয়েছিল। বাংলাদেশ পৃথিবীতে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। শায়খ আব্দুর রহমান, বাংলা ভাই, জেএমবিসহ জঙ্গিদের প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে জঙ্গিবাদের চারণভূমি বানিয়েছিল। বাংলাদেশের মানুষ ব্যর্থ রাষ্ট্রে ফিরে যেতে চায় না, জঙ্গিবাদ দেখতে চায় না।

 

ঢাকার আদালত পাড়া থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব খুশি হয়েছেন, এমন মন্তব্য করে হানিফ বলেন, গত পরশু দিন ঢাকা আদালত এলাকা থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে বিএনপি মহাসচিব খুঁচিয়ে বক্তব্য দিচ্ছেন। তিনি এ ঘটনায় খুব খুশি হয়েছেন। কারণ বিএনপির দ্বারাই জঙ্গিবাদের সৃষ্টি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে তারেক রহমান হাওয়া ভবনে বসে ১২৫টি ছোট-বড় জঙ্গি সংগঠন প্রতিষ্ঠা করেছিল। এটি আমার বক্তব্য নয়; ২০০৬ সালে বিবিসি অনলাইন এ রিপোর্ট করেছিল। প্রতিবেদনে বলা হয়েছিল দেশে ১২৫টি জঙ্গি সংগঠনের অস্তিত্ব আছে। জঙ্গি নেতাদের অনেকে তাদের কাছে স্বীকার করেছিলেন হাওয়া ভবনের কর্ণধার তারেক রহমানের সঙ্গে তাদের যোগযোগ আছে। তার সহায়তায় তারা কার্যক্রম পরিচালনা করছেন।

এ আওয়ামী লীগ নেতা বলেন, বিএনপির আদর্শিক নেতা এখন তারকে রহমান। যে তারেক রহমান হত্যা, দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক। বাংলাদেশে হত্যা খুন, জঙ্গিবাদসহ একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত। দুর্নীতির কারণে সিঙ্গাপুর, মার্কিন ফেডারেল আদালতে মামলা হয়েছিল। ২০০৪ সালে হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালিয়েছিল।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে দু’টি ধারা চলছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতৃত্ব স্বাধীনতার পক্ষের শক্তি। একাত্তরের পরাজিত শক্তি ও পঁচাত্তরের ঘাতক বিএনপি-জামায়াতের নেতৃত্বে স্বাধীনতার বিপক্ষের শক্তি। শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত করেছেন। বিশ্বের দরবারে চরম ব্যর্থ রাষ্ট্র থেকে উন্নয়নের রোল মডেলে পরিণত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময়ে বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য আবার অপতৎপরতা শুরু করেছে।

হানিফ বলেন, বিএনপি নেতারা এখন স্লোগান দেন ‘টেক ব্যাক বাংলাদেশ’। আমি জিজ্ঞেস করেছিলাম রাষ্ট্রক্ষমতায় থাকতে আপনাদের কী অর্জন ছিল। ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় থাকতে আপনাদের অর্জন কী ছিল বলুন? সেই সময়ে বাংলাদেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্বে এক নম্বর বানিয়েছিলেন। হাওয়া ভবন বানিয়ে সরকারের মধ্যে সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশকে দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। ৬০ ভাগ মানুষ দরিদ্র ছিল। মাথাপিছু আয় ছিল ৬০০ ডলারের নিচে।

তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে কথা বলছেন তাদের প্রতি আহ্বান জনপ্রিয়তা আছে কি-না যাচাই করতে নির্বাচনে অংশ নিন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের মধ্যে থেকে নির্বাচনে আসতে হবে। সংবিধানবহির্ভূত দাবি করে নির্বাচনের বাইরে থাকলে দায়ভার আপনাদের, দেশের মানুষ এর দায় নেবে না।

হানিফ বলেন, উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে বাংলাদেশে শেখ হাসিনা কোনো বিকল্প নেই। বিভিন্ন জরিপে দেখা গেছে, শেখ হাসিনার প্রতি দেশের ৭২ থেকে ৮০ ভাগ মানুষের আস্থা আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি বা এমন কোনো অপশক্তি নেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবে।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

এ ছাড়া সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী একেএম শাহজাহান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলন সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড