সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পোশাকনির্ভর রপ্তানির ঝুঁকি হ্রাসের তাগিদ আইএমএফের

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মোট রপ্তানি আয়ের ৮৬ শতাংশ আসে পোশাক রপ্তানি থেকে। টেরিটাওয়েলসহ অন্যান্য সহখাত হিসাবে নিলে রপ্তানিতে পোশাক খাতের অবদান দাঁড়ায় আরও অনেক বেশি। এভাবে এক খাতের ওপর অতিরিক্ত রপ্তানি নির্ভরতাকে অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি মনে করেন উন্নয়ন সহযোগীরা। তাই ঝুঁকি কমিয়ে রপ্তানি আয় বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনার তাগিদ দিয়েছেন বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা। গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ তাগিদ দেন তারা।
একই দিন বিদ্যুৎ বিভাগের সঙ্গে পৃথক বৈঠকে বিদ্যুৎ খাতে রেন্টাল ও কুইকরেন্টাল বিদ্যুৎকেন্দ্র, ক্যাপাসিটি পেমেন্ট প্রক্রিয়া, বিদ্যুৎ বিভাগের বর্তমান অবস্থা ও নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে আইএমএফ প্রতিনিধি দল। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে প্রতিনিধি দলের জানার আগ্রহের বিষয়গুলো জানানো হয়েছে, তবে তারা কোনো পরামর্শ বা
শর্ত দেয়নি।
গতকাল বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল। পাঁচ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন রাহুল আনন্দ। বৈঠকে বাংলাদেশের জন্য বেশ কয়েকটি পরামর্শ হাজির করে আইএমএফ।
সব কিছু ঠিক থাকলে আগামী ২০২৬ সালের পর স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটতে যাচ্ছে বাংলাদেশের। তখন থেকে বিশ্ববাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে না বাংলাদেশ। ফলে এলডিসি উত্তরণের পর পোশাকের রপ্তানি ধরে রাখা কঠিন হবে। এ কারণে সব পক্ষ থেকেই পণ্যে বৈচিত্র্য আনার কথা বলা হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বৈঠকে এলডিসি তালিকা থেকে উত্তরণের পর বাংলাদেশের পরিকল্পনা জানার চেষ্টা করেছে আইএমএফ। যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নে রপ্তানি সুবিধা অব্যাহত রাখতে বিশেষ করে জিএসপি প্লাস পাওয়ার জন্য বাংলাদেশ কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়টি আলোচনায় তোলে আইএমএফ। বলা হয়, ওই সময়ে বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রদত্ত সুবিধা অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সংঘটিত দ্বিপক্ষীয় বাণিজ্যে শুল্ক সুবিধা হারাবে বাংলাদেশ। উত্তরণপরবর্তী সময়ে যাতে সুনির্দিষ্ট দেশের বাণিজ্যে শুল্ক সুবিধা বজায় থাকে, সে জন্য পিটিএ, এফটিএ ও আরটি করার প্রয়োজন হবে। বাংলাদেশ কোন কোন দেশ ও অঞ্চলের সঙ্গে কোন ধরনের চুক্তি করতে যাচ্ছে এবং তার আলোচনা ও সম্ভাব্য অগ্রগতি কতটুকু, সেটি জানতে চায় আইএমএফ। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ অভ্যন্তরীণ উৎপাদকদের সুরক্ষা দিতে বিভিন্ন পণ্য আমদানিতে ডব্লিউটিওর বাউন্ড রেটের অতিরিক্ত ট্যারিফ আরোপ করেছে। এটি কমিয়ে আনার বিষয়ে সরকারের পরিকল্পনাও জানতে চায় আইএমএফ।।
বৈঠকে সংস্থাটির প্রতিনিধিরা পর্যবেক্ষণ দিয়ে বলেন, বৈশ্বিক সংকটে মানুষের ভোগ ও ব্যবহার চাহিদা দুটোই কমতে শুরু করেছে। এটি দীর্ঘায়িত হতে পারে। আইএমএফ মনে করে একক রপ্তানিপণ্য হিসেবে তৈরি পোশাকের ওপর রপ্তানি আয়ের অতিনির্ভরতা বাংলাদেশের জন্য মারাত্মক ঝুঁঁকি তৈরি করছে। এ অবস্থায় রপ্তানি ঝুঁকি কমাতে তৈরি পোশাকের ওপর নির্ভরতা কমিয়ে পণ্যের বহুমুখীকরণে সুনির্দিষ্ট পণ্যভিত্তিক পদক্ষেপ দরকার। এ জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটি জানতে চাওয়া হয়। একই ইস্যুতে আগামী তিন অর্থবছরে সরকার তৈরি পোশাক ও তৈরি পোশাকবহির্ভূত খাত থেকে কী পরিমাণ রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা জানতে চাওয়া হয়। এ ছাড়া বাংলাদেশে ব্যবসা করার খরচ বেশি। এই খরচ কমিয়ে আনতে অবকামাঠামো উন্নয়ন ও আইনি জটিলতা কাটাতে সরকারের পদক্ষেপ জানতে চায় আইএমএফ।
জবাবে বাণিজ্য মন্ত্রণালয় এলডিসি উত্তরণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সুনির্দিষ্টভাবে তুলে ধরে। একই সঙ্গে আগামী তিন বছর মেয়াদি রপ্তানি লক্ষ্যমাত্রার পরিকল্পনা শিগগিরই জানাবে বলে জানিয়েছে। এ ছাড়া রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও ট্যারিফ নামিয়ে আনা এবং ২০২৪ সালের মধ্যে ব্যবসা করার খরচ কমিয়ে আনতে ২৯টি মন্ত্রণালয়ের সমন্বিত পদক্ষেপ ও কর্মপরিকল্পনাও আইএমএফ মিশনকে জানায় বাণিজ্য মন্ত্রণালয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম আমাদের সময়কে বলেন, সরকারকে রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে। শুধু তৈরি পোশাকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। উৎপাদনশীলতাও বাড়াতে হবে। রপ্তানিপণ্যের মানোন্নয়ন করে যাতে ভালো দাম পাওয়া যায়, সে চেষ্টাও করতে হবে।
অন্যদিকে গতকাল সকালে সচিবালয়ে বিদ্যুৎ বিভাগের সঙ্গে পৃথক বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল। বৈঠকসূত্রে জানা যায়, আইএমএফ প্রতিনিধি দল বিদ্যুৎ বিভাগের সচিবের সঙ্গে বৈঠক করে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর কাছ থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে ক্যাপাসিটি পেমেন্ট পরিশোধ সংক্রান্ত বিষয়ে জানতে চায়। উত্তরে বিদ্যুৎ বিভাগ থেকে বলা হয়েছে- সংকটকালীন তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। তখন বেসরকারি মালিকানাধীন ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে ক্যাপাসিটি পেমেন্ট সংক্রান্ত চুক্তি ছিল। চুক্তির আলোকে তাদের ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে। তবে এখন এসব চুক্তি থেকে সরে এসেছে সরকার। এখন তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সঙ্গে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট ভিত্তিতে চুক্তি করা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎ দিতে না পারলে তারা কোনো পেমেন্ট পাবে না।
বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা বলেন, আইএমএফ প্রতিনিধি দল কোনো পরার্মশ বা উপদেশ দেয়নি। তবে তাদের জানার অনেক বিষয় ছিল। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে তাদের জানার আগ্রহের বিষয়গুলো জানানো হয়েছে।
বৈঠকে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে- জ্বালানি বিভাগ থেকে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ অব্যাহত থাকলে কোনো লোডশেডিং হবে না। কিন্তু বিশে^ গ্যাস ও তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার কারণে জ্বালানি তেল এবং গ্যাসের সরবরাহ কমেছে। ফলে এখন লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, নবায়নযোগ্য জ্বালানির বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। তবে বাংলাদেশে ভৌগোলিক অবস্থার কারণে ব্যাপক আকারে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের সম্ভাবনা কম এমন ধারণা তাদের দেওয়া হয়েছে।
এদিকে আজ বেলা ১১টায় জ্বালানি বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক করার কথা রয়েছে।
প্রসঙ্গত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি বেশ চাপে পড়েছে। আর চাপ সামলাতে সরকার আইএমএফের কাছে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ চেয়েছে।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে