আফ্রিকায় হারিয়ে যাওয়া এক সভ্যতা
তৃষা বড়ুয়া
আফ্রিকার প্রাচীন শহর গ্রেট জিম্বাবুয়েতে একসময় সভ্যতার উন্মেষ ঘটে। স্থানীয়রা সেখানে নির্মাণ করে সুদৃশ্য স্থাপনা। অবশ্য এই সত্য মানতে রাজি নন শ্বেতাঙ্গ প্রতœতাত্ত্বিকরা। তারা মনে করেন, আফ্রিকানরা নন, বরং বিদেশিদের হাত ধরে সেখানে সভ্যতা গড়ে ওঠে। শহরটি ছেড়ে একপর্যায়ে লোকজন অন্যত্র চলে যেতে বাধ্য হন। তা সত্ত্বেও আজও সেখানে তাদের উত্তরসূরিরা নিয়মিত যান। লিখেছেন তৃষা বড়ুয়া
ঐতিহাসিক শহর
আফ্রিকা মহাদেশের দক্ষিণে স্থলবেষ্টিত দেশ জিম্বাবুয়ে। এর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এক শহরের নাম মাসভিঙ্গো। এই শহরের কাছে ১১০০ থেকে ১৪৫০ সালের মধ্যে একটি শহর নির্মাণ করা হয়। শহরটির নাম দেওয়া হয় গ্রেট জিম্বাবুয়ে। সেখানে একসময় অনেক মানুষের বাস ছিল। নানা ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা। ঈশ্বরের প্রার্থনা করা হতো। শক্ত পাথরের বৃত্তাকার দেয়াল ও কেল্লার স্থাপত্যশৈলীর জন্য মধ্যযুগে এই শহর বেশ পরিচিত ছিল। প্রাচীন শহরটির বিস্তৃত এলাকাজুড়ে এখন উঁচু দেয়ালের ধ্বংসাবশেষ ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। তা সত্ত্বেও হারিয়ে যাওয়া জনপদ সম্পর্কে জানতে আগ্রহী সাধারণ মানুষ ও প্রতœতাত্ত্বিকদের কাছে গ্রেট জিম্বাবুয়ের গুরুত্ব অপরিসীম। প্রতœতাত্ত্বিক এই স্থানের আকাশচুম্বী দেয়ালের কাছে দাঁড়ালে ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণী মনে হয় তাদের। মানুষ কোনো জায়গায় আর বসবাস না করলে সাধারণত জায়গাটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়। পৃথিবীজুড়ে এমন পরিত্যক্ত জায়গার সংখ্যা কম নয়। তবে আশ্চর্যের বিষয় হলো, এত বছর পেরিয়ে গেছে, অথচ গ্রেট জিম্বাবুয়ে আজও জীবন্ত। সেখানে এখনো প্রাণের স্পন্দন পাওয়া যায়। আফ্রিকানরা আজও প্রতœতাত্ত্বিক স্থানটির ধ্বংসাবশেষ দেখতে যায়, সেখানে প্রার্থনা করে। ধ্বংসাবশেষের মধ্যে এমন কিছু রয়েছে, যার টান অগ্রাহ্য করতে পারেন না তারা।
আফ্রিকার দক্ষিণাঞ্চলে শোনা জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। জিম্বাবুয়ের জনসংখ্যার বেশির ভাগ মানুষই এই গোষ্ঠীর। জিম্বাবুয়ে ছাড়াও তাদের মোজাম্বিক ও সাউথ আফ্রিকায় দেখা যায়। ধারণা করা হয়, এই শোনারাই গ্রেট জিম্বাবুয়ে শহরটি নির্মাণ করেছিল। এ ছাড়া আফ্রিকার দক্ষিণের বিভিন্ন অঞ্চল থেকে ওই শহরে বসতি স্থাপন করা লোকজনও এটির নির্মাণে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন ইতিহাসবিদরা। শহরটির আয়তন বেশ বড়। একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলের ব্যবসা-বাণিজ্য যেসব শহর নিয়ন্ত্রণ করত, সেগুলোর একটি ছিল গ্রেট জিম্বাবুয়ে। প্রায় ২০ হাজার জনসংখ্যার এই শহরে আরব, ভারতীয় ও চীনা পণ্য পাওয়া যেত। গ্রেট জিম্বাবুয়ের পাথরের দেয়াল ও দুর্গের নকশা ছিল অসাধারণ সুন্দর। এসব দেয়াল ও দুর্গে বিশালাকৃতির পাথর ব্যবহার করা হতো। গ্রেট জিম্বাবুয়ে শহরে এখনো সেসব দুর্গ বা দেয়ালের কিছু অংশ খাড়া দাঁড়িয়ে রয়েছে।
গ্রেট জিম্বাবুয়ে নির্মাণে শোনা জাতিগোষ্ঠীসহ স্থানীয়দের পুরো অবদান থাকলেও ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপীয় উপনিবেশকারীরা তা মানতে রাজি ছিলেন না। তাদের মতে, স্থানীয়দের চেয়ে বহিরাগত ও অনুসন্ধানকারীরাই শহরটি নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। গ্রেট জিম্বাবুয়ে নিয়ে প্রথম বই বের হয় ১৫৫২ সালে। লিখেছিলেন পর্তুগিজ অনুসন্ধানকারী জোয়াও জি বাহোস। বইটিতে গ্রেট জিম্বাবুয়ের স্থাপনা সম্পর্কে তার ধারণা পড়ে অনেকে বিস্মিত হয়। বাহোস জানান, শহরটির কেল্লা ও দেয়ালের পাথরের আকার বিশাল। পাথরের ওপর পাথর বসাতে কোনো ধরনের বালু, পানি ও সিমেন্টের মিশ্রণ ব্যবহার করা হয়নি। কীভাবে এটি সম্ভব হয়েছে, তা হয়তো অজানাই থেকে যাবে।
শহরের তিন ভাগ
গ্রেট জিম্বাবুয়েকে তিন ভাগে বিভক্ত করেছেন প্রতœতাত্ত্বিকরা। প্রথম ভাগ পাহাড়ের ধ্বংসাবশেষ হিসেবে পরিচিত। শহরের সবচেয়ে পুরনো এই অংশে রয়েছে একটি দুর্গ। এর আশপাশে অভিজাতরা থাকতেন বলে ধারণা করা হয়। দ্বিতীয় ভাগে রয়েছে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বিশাল এলাকা, যাকে গ্রেট এনক্লোজার বলা হয়। শেষ ভাগকে উপত্যকার ধ্বংসাবশেষ বলা হয়। এই অংশে বেশ কটি ভাঙা মাটির ঘর রয়েছে। ঘরগুলোতে একসময় গ্রেট জিম্বাবুয়ের বেশির ভাগ মানুষ বাস করত। জিম্বাবুয়ের জাতীয় পরিচয় নিয়ে কাজ করা লেখক, কবি ও ঐতিহ্য বিশেষজ্ঞ সিনথিয়া মারাংওয়ান্দা বলেন, ‘শহরটি একেবারে ধ্বংস হয়ে গেছে, এমনটা অনেকে বলে থাকে। আমি তাদের এই বক্তব্যের সঙ্গে একমত নই। ইউরোপীয়রা ওই অঞ্চলে গিয়ে ব্যাপক অনধিকার চর্চা করে। তার পরও শহরটির কিছু স্থাপনা দীর্ঘ সময় পরও টিকে আছে।’
শোনা ভাষায় জিম্বাবুয়ের অর্থ পাথরের ঘর। বিশাল আয়তনের গ্রেট জিম্বাবুয়ে শহরের স্থাপনাগুলো পাথর দিয়ে তৈরি ছিল। এ কারণে শোনা গোষ্ঠীরা শহরের নাম গ্রেট জিম্বাবুয়ে দিয়েছিল বলে মনে করেন ইতিহাসবিদরা। শুধু গ্রেট জিম্বাবুয়ে শহরেই এমন ধ্বংসাবশেষ রয়েছে, তা নয়। আফ্রিকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দেশ নামিবিয়ার কালাহারি মরুভূমি থেকে শুরু করে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মোজাম্বিক পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্রায় দুইশোর মতো ছোট মনুষ্যবসতি বা বাণিজ্য কেন্দ্রের ধ্বংসাবশেষ। জিম্বাবুয়ের গ্রেট জিম্বাবুয়ে বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের অধ্যাপক মুনিয়ারাদজি মানিয়াঙ্গা বলেন, ‘এসব বসতির মধ্যে গ্রেট জিম্বাবুয়ের অবস্থান নিয়ে বেশ তর্ক-বিতর্ক রয়েছে। প্রতœতাত্ত্বিকদের কেউ কেউ মনে করেন, বেশ বড় কোনো রাষ্ট্রের রাজধানী ছিল গ্রেট জিম্বাবুয়ে। আমি এমনটা মনে করি না। এ ধরনের রাষ্ট্র হতে হলে তার আয়তন অনেক বিশাল হতে হবে। এত বড় রাষ্ট্র শাসন করা কারও পক্ষে সম্ভব নয়। আমি মনে করি, জিম্বাবুয়ে রাজ্য গ্রেট জিম্বাবুয়ে ও এর পার্শ্ববর্তী ছোট ছোট বসতি নিয়ে গড়ে ওঠে।’
শহরের দেয়াল
গ্রেট জিম্বাবুয়ের অন্যতম উল্লেখযোগ্য দিক এটির দেয়াল। অধ্যাপক মানিয়াঙ্গা বলেন, ‘এই শহরের বিভিন্ন স্থাপনার দেয়ালে শুকনো পাথর যেভাবে স্থাপন করা হয়েছে, তা শুধু আফ্রিকা নয়, এই মহাদেশের বাইরেও দেখা যায় না। গ্রেট এনক্লোজারের দেয়াল ছয় মিটার পুরু ও ১১ মিটার উঁচু। প্রায় আড়াইশো মিটার এলাকাজুড়ে এই দেয়াল বিস্তৃত। সাব-সাহারান আফ্রিকায় গ্রেট এনক্লোজার বৃহত্তম একক স্থাপনা ও মোট আয়তনের হিসাবে এটি গোটা আফ্রিকা মহাদেশে দ্বিতীয় বৃহত্তম।’ গ্রেট জিম্বাবুয়ে শহরের বিভিন্ন স্থাপনার দেয়াল গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়। এসব পাথর একটার ওপর আরেকটা স্তূপ করে বসানো। অধ্যাপক মানিয়াঙ্গা বলেন, ‘গ্রানাইট পাথর গঠনে আবহাওয়ার ওপর অনেকাংশে নির্ভরশীল ছিল প্রাক-ঔপনিবেশিক যুগের স্থপতিরা।
প্রাকৃতিকভাবে এসব পাথর নির্মাণকাজে ব্যবহার উপযোগী হওয়ার পর তারা সেগুলো চারকোনা আকার দিতে বিশেষ ধরনের যন্ত্র উদ্ভাবন করেন। গ্রেট জিম্বাবুয়ের স্থপতিরা যে একসময় অত্যন্ত সংগঠিত ও প্রযুক্তিগতভাবে উন্নত ছিলেন, তা তাদের স্থাপনা দেখলে বোঝা যায়।’
শহর ত্যাগ
পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে গ্রেট জিম্বাবুয়ের জনসংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে। ধারণা করা হয়, শহরের খনিজসম্পদ নিঃশেষিত হয়ে পড়া, অতিরিক্ত পশুচারণের কারণে তৃণভূমির পরিমাণ কমে যাওয়াস)হ নানান কারণে লোকজন শহরটিতে ছেড়ে চলে যায়। গ্রেট জিম্বাবুয়ে কখনো পরিত্যক্ত শহরে পরিণত হওয়ার পেছনে কারণ হিসেবে অধ্যাপক মানিয়াঙ্গার বলেন, শোনা জাতিগোষ্ঠীর মানুষ অন্যত্র বাস করা শুরু করলেও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে তারা গ্রেট জিম্বাবুয়ে শহরে নিয়মিত যাতায়াত করতেন। পূজা-অর্চনার জন্য তাদের সেখানে যাওয়া-আসা দীর্ঘদিন অব্যাহত ছিল। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ব্রিটিশরা ওই অঞ্চলে উপনিবেশ স্থাপন করলে শোনা গোষ্ঠীর যাতায়াত কমতে শুরু করে।
বর্ণবাদী ব্যাখ্যা
অধ্যাপক মানিয়াঙ্গা জানান, গ্রেট জিম্বাবুয়ে শহরের চাকচিক্য ও প্রযুক্তিগত উৎকর্ষের পেছনে যে স্থানীয় আফ্রিকানদেরই হাত ছিল, তা স্বীকার করেন না শ্বেতাঙ্গ প্রতœতাত্ত্বিকদের বড় অংশ। এর পেছনে তাদের বর্ণবাদী দৃষ্টিভঙ্গিই দায়ী। তারা মনে করেন, পাহাড়ের ওপর ছোট কুটিরে গ্রাম্য জীবনযাপন করা মানুষের পক্ষে অসাধারণ স্থাপনা নির্মাণ সম্ভব নয়। শুরুর দিকের অনুসন্ধানকারীরা বিশ্বাস করতেন, গ্রেট জিম্বাবুয়ে শহরে ইউরোপীয়দের হাত ধরে উন্নত এক সভ্যতার উন্মেষ ঘটে। তাদের অনেকে আবার এও মনে করেন, বাইবেলে ওই প্রতœতাত্ত্বিক স্থানের উল্লেখ রয়েছে। উদাহরণ হিসেবে স্বর্ণ-সন্ধানী কার্ল মাউচের কথা বলা যায়। ১৮৭১ সালে ওই অঞ্চলে গিয়ে তার বদ্ধমূল ধারণা হয়, সেখানে তিনি রাজা সলোমনের মন্দিরের খোঁজ পেয়েছেন এবং রাজার সোনার খনি নিশ্চিতভাবে আশপাশে কোথাও আছে। শুধু তাই নয়, শেবা রাজ্যের রানীর (হিব্রু বাইবেলে উল্লেখিত এক রানী) প্রাসাদও সেখানে থাকার সম্ভাবনা রয়েছে। মাউচের ধারণার পরিপ্রেক্ষিতে ২০ বছর পর ১৮৯১ সালে ব্রিটিশ প্রতœতাত্ত্বিক জেমস থিওডর বেন্টের নেতৃত্বে ওই অঞ্চলে খননকাজ শুরু হয়। বেন্ট পরে একটি বই লেখেন যেখানে বলা হয়, মাটি খুঁড়ে তিনি যেসব স্থাপনার সন্ধান পেয়েছেন, সেগুলো নির্মাণ করা আফ্রিকানদের পক্ষে অসম্ভব। সেখানে পাওয়া প্রতœবস্তুগুলো সংরক্ষণ করার প্রয়োজনও বোধ করেননি বেন্ট। তিনি এই কাজ না করলে গ্রেট জিম্বাবুয়ে যে বাইবেলের সময়ের কোনো শহর নয়, তা প্রমাণ করা যেত বলে মনে করেন মানিয়াঙ্গা।
খননকাজের এক দশক পর ব্রিটিশ সাংবাদিক রিচার্ড এন হল গ্রেট জিম্বাবুয়েতে যান। সেখান থেকে ফিরে তিনি যুক্তরাজ্যের রয়্যাল জিওগ্রাফিক সোসাইটিতে বেন্টের বক্তব্য সমর্থন করে ভাষণ দেন। ভাষণে প্রতœতাত্ত্বিক স্থানটি খনন করে পাওয়া সাজিমাটির খোদাইয়ের শৈল্পিক মান নিয়ে কথা বলেন হল। তিনি জানান, স্থাপনাগুলো নির্মাণে যে প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়, তা প্রাচ্য থেকে আমদানি করা, দক্ষিণ-পূর্ব আফ্রিকা থেকে নয়। হল ও তার সহকর্মীদের মতে, আরব, ফিনিশীয় বা ব্যাবিলনীয় সভ্যতার মানুষ গ্রেট জিম্বাবুয়ে শহরের সৃষ্টিকর্তা। এ বিষয়ে মানিয়াঙ্গার ভাষ্য, ‘জিম্বাবুয়েকে উপনিবেশে পরিণত করার জন্য তারা এই যুক্তি খাড়া করেছিল। বিশ্বের ওই প্রান্তে যদি দীর্ঘকাল আগে হারিয়ে যাওয়া কোনো সভ্যতা থেকেই থাকে, তাহলে সেখানে উপনিবেশ স্থাপন করতে তো কোনো সমস্যা নেই, কারণ উপনিবেশকারীরাই প্রাচীন শহরটি পুনরুজ্জীবিত করেছিল।’
পাল্টা ব্যাখ্যা
প্রতœতাত্ত্বিক বেন্ট ও সাংবাদিক হল যখন গ্রেট জিম্বাবুয়ের সৃষ্টি নিয়ে তাদের যুক্তি উপস্থাপন করেন, সে সময় হাতেগোনা কয়েকজন প্রত্নতাত্ত্বিক তাদের সামনে পাল্টা যুক্তি দাঁড় করান। তাদের মতে, গ্রেট জিম্বাবুয়ে বাইবেলের সময়ের শহর নয়। মানিয়াঙ্গা বলেন, ‘তৎকালীন ঔপনিবেশিক সরকার ওই কয়েকজন প্রত্নতাত্ত্বিকের বক্তব্য ধামাচাপা দেয় এবং সংবাদমাধ্যম ও জাদুঘরে প্রচার করে এই বলে যে, গ্রেট জিম্বাবুয়ে বিদেশিদের হাতেই তৈরি।’ গত শতাব্দীর ষাট ও সত্তরের দশকজুড়ে ইতিহাসের এই বয়ানই বহাল রাখে শ্বেতাঙ্গ উপনিবেশকারীরা। ১৯৮০ সালে জিম্বাবুয়ে স্বাধীনতা অর্জন করে। এর অনেক পরে দেশটির নেতারা বিশ্বকে জানান, গ্রেট জিম্বাবুয়ে তাদের পূর্বপুরুষরাই নির্মাণ করেছিল।
স্বাধীনতা লাভের পর জিম্বাবুয়েতে প্রত্নতাত্ত্বিক গবেষণা কাজের গতি বেশ ধীর ছিল। মূলত প্রত্নতাত্ত্বিক স্থান রক্ষণাবেক্ষণ ও মেরামতের ওপর সে সময় জোর দেওয়া হয়। মানিয়াঙ্গা জানান, গ্রেট জিম্বাবুয়ে নিয়ে মানুষের বোঝাপড়ায় পরিবর্তন এসেছে। সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, শহরটির নির্মাণকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এটি দখল করা হয়, তা নয়। এটির নির্মাণ বেশ সময় নিয়ে করা হয়। যে দেয়ালগুলো এখনো দাঁড়িয়ে আছে, সেগুলো বেশ পরে নির্মাণ করা হয় কারণ শুরুতে সেখানে কৃষিকাজ হতো। মানিয়াঙ্গা বলেন, ‘আজ জিম্বাবুয়ের জনগণের কাছে প্রাচীন গ্রেট জিম্বাবুয়ে শহরের ধ্বংসাবশেষ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধ্বংসাবশেষের কাছেই শোনা গোষ্ঠীর গ্রাম রয়েছে। অনেকেই এখন প্রত্নতাত্ত্বিক স্থানটি নিজ দায়িত্বে রক্ষণাবেক্ষণ করে। পাশে একটি ধর্মীয় উপাসনালয়ও আছে। শোনা গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস যারা আজও অন্তরে ধারণ করেন, তারা ওই স্থানে উপাসনা করতে আসেন। আফ্রিকানরাই প্রাচীন এই শহর সৃষ্টি করেছিল। হাজার বছর পরও এটি এভাবেই দাঁড়িয়ে থাকবে। আমরা কে এবং কী করতে পারি, এই স্থান তার সাক্ষ্য দেবে।’











