বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সিত্রাং মোর সব লইয়া গ্যাছে’

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীর গুলিশাখালি ইউনিয়নের নাইয়াপাড়া গ্রামে বাস করেন অমল চন্দ্র ও তার পরিবার। স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের ছোট্ট একটি বসতঘরে থাকতেন তিনি। কখনো মাছ ধরে কিংবা দিন মজুরের কাজ করে সংসার চালান অমল। কষ্টের টাকা জমিয়ে তৈরি করেছিলেন ছোট্ট ঘরটি। ধারদেনা করে পুকুরে ছেড়েছিলেন মাছ। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাং সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে তার। ঘূর্ণিঝড়ে উদ্বাস্তুতে পরিনত হয়েছে অমলের পরিবার।

অমল বলেন, ‘মোর কিচ্ছু নাই স্যার, সব শ্যাষ অইয়্যা গ্যাছে। বন্যায় মোর কপাল পুইড়া গেছে। গাছ পরে ঘরডা এ্যাকেরাবে ভাইঙ্গা গ্যাছে। মাইকিং হুইন্না প্রথমে আশ্রয়কেন্দ্রে যাই নাই। পরে যহন শুনেছি ১০ নম্বর সিগনাল। তহন বউ পোলাপান লইয়া তারাতাড়ি আশ্রয় কেন্দ্রে গেছি। তহন যদি মোরা ঘর ছাইরা না যাইতাম তাইলে আজ মোগো লাশ পাইতেন ঘরে। ঘরের তলে পরে মইরা যাইতাম।’

আমতলী উপজেলার শুধু অমল নয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে উপজেলার ৩৪টি ঘর বিধ্বস্ত ও ২৬৫টি ঘর আশিংক ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে কয়েক হাজার গাছপালা। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম জানান, উপজেলায় ভারী বৃষ্টির কারণে ৫০ হেক্টর আমন ধান ও ৬২ হেক্টর শীতকালিন সবজির জমি পানিতে তলিয়ে ফসল নষ্ট হয়ে গেছে। এতে আমন ধানে ৪৭ লাখ ২৫ হাজার এবং সবজিতে ১ কোটি ৮৯ লাখ এবং পানের বরজে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, উপজেলার ১০টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গুলিশখাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এইচএম মনিরুল ইসলাম মনি বলেন, উপজেলার ১০টি ঘর বিধ্বস্ত এবং ৩৫টি ঘর আশিংক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে উপজেলার একটি মাদ্রাসা পুরোপুরি বিধ্বস্থ হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার এসএম সাদিক তানভীর বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা দ্রুত জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হবে।