,

পদক বিক্রির হুমকি নির্মলেন্দু গুণের, সরকারকে ১ মাসের আল্টিমেটাম

news-image

নিজস্ব প্রতিবেদক : বাড়িতে গ্যাস সংযোগ না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ। স্বাধীনতা পদক ও একুশে পদক বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। সেইসঙ্গে বাড়িতে গ্যাস সংযোগের জন্য সরকারকে এক মাসের সময়ও বেঁধে দিয়েছেন এই কবি।

গতকাল মঙ্গলবার ফেসবুকে পোস্টে নির্মলেন্দু গুণ লিখেছেন, ‘স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক। রেল এবং বিমানের টিকিটও তাদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রাপকদের এ রকম সামান্য বাড়তি সুবিধা তো দেওয়া যেতেই পারে।’

এরপর ফ্যান-ফলোয়ারদের কাছেই তার সেই আবদার ঠিক কিনা জানতে চান কবি। তিনি বলেন, ‘আপনারা কী বলেন?’

এরপর নিজের দুর্ভোগের কথা শেয়ার করতে নির্মলেন্দু গুণ লিখেন, ‘আমি ঢাকার কামরাঙ্গীরচরে একটি ত্রিতল বাড়ি বানিয়েছি ২০১৬ সালে। বিদ্যুৎ-সংযোগ পেলেও আজ পর্যন্ত ( অক্টোবর ২০২২) আমি বারবার চেষ্টা করেও গ্যাস-সংযোগ পাইনি। ফলে খোলা বাজার থেকে চড়া মূল্যে আমাকে তরল গ্যাস কিনতে হয়। এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেওয়ার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেওয়া হলো।’

এমন পোস্টের বিষয়ে নির্মলেন্দু গুণ গণমাধ্যমকে বলেন, ‘অর্থকষ্টে নয়, গ্যাস–সংযোগ না দেওয়ার ক্ষোভ থেকে ফেসবুকে ওই পোস্ট দিয়েছি। এটা লিখেছি সরকারকে জানাতে যে, রাষ্ট্রীয় পদকপ্রাপ্তদের অন্তত অগ্রাধিকার ভিত্তিতে কিছু নাগরিক সুবিধা দেওয়া উচিত।’

বর্তমানে দেশে আবাসিক বাড়িতে গ্যাস–সংযোগ বন্ধ-এ অবস্থায় তিনি কেন এ দাবি করেছেন, জানতে চাইলে নির্মলেন্দু গুণ বলেন, ‘তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশ পেলে বাড়িতেও গ্যাস–সংযোগ দেওয়া যাবে। আমি সে জন্যই গ্যাসের সংযোগ দাবি করেছি। শুধু গ্যাস না, রেল ও বিমানের টিকিটও রাষ্ট্রীয় পদকপ্রাপ্তরা দাবি করতে পারে। আমি তো অর্থ দাবি করিনি, কেবল অগ্রাধিকার ভিত্তিতে কিনে নিতে চেয়েছি।’

এর আগে ২০১৬ সালের ৭ মার্চ ওই বছরের স্বাধীনতা পদকের জন্য বিবেচিত ১৪ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে সরকার। ওই তালিকায় তার নাম না থাকায় নির্মলেন্দু গুণ ক্ষোভ প্রকাশ করে ১২ মার্চ তার ফেসবুক পোস্ট দেন। এরপর পূর্বঘোষিত তালিকায় তার নাম যুক্ত করে সরকার। বাংলা সাহিত্যে অবদান রাখায় ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন নির্মলেন্দু গুণ। ২০০১ সালে পান একুশে পদক।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির