রেমিট্যান্সে ডলারের দর আরো কমল
নিজস্ব প্রতিবেদক : প্রবাসী আয়ে ডলারের দর আরো কমানোর সিদ্ধান্ত হয়েছে। প্রবাসী আয়ের ক্ষেত্রে ৫০ পয়সা কমিয়ে ডলারের নতুন দর নির্ধারণ করেছে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)। একই সঙ্গে রপ্তানির ক্ষেত্রে ৫০ পয়সা বাড়িয়ে হিসাব করতে বলা হয়েছে।
রোববার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে বাফেদা ও এবিব’র শীর্ষ নেতারা এই সিদ্ধান্ত নেন।
যদিও বিষয়টিকে আত্মঘাতী বলে অবহিত করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, কার্ব মার্কেট বা খোলাবাজারের দিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলে আসা রেমিট্যান্সের বিল কমানোর সিদ্ধান্ত হিতে বিপরীত ফল দেবে। ব্যাংকের পাশাপাশি খোলাবাজারে ডলারের দাম না কমানো হলে হুন্ডিতে রেমিট্যান্স আসা আরো বেড়ে যাবে। যার প্রভাব পড়বে ব্যাংক এবং সার্বিকভাবে দেশের অর্থনীতিতে।
বাফেদা ও এবিবির সিদ্ধান্ত অনুযায়ী, প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম হিসাব করা হবে ১০৭ টাকা আর রপ্তানির ক্ষেত্রে ডলারের দাম ধরা হবে ৯৯ টাকা ৫০ পয়সা। এ ছাড়া আমদানিতে আগের দরে ডলার বেচাকেনা হবে, যা আন্তঃব্যাংক লেনদেনেও কার্যকর হবে। ২৪ অক্টোবর থেকে রপ্তানি ও আগামী ১ নভেম্বর রেমিট্যান্সের দর কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
রোববার বৈঠক শেষে বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, ‘এর আগে সিদ্ধান্ত হয়েছিল রেমিট্যান্স ১০৭ টাকা ৫০ পয়সা করার। তবে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বোচ্চ রেমিট্যান্স ১০৭ টাকা দেওয়া হবে। রপ্তানি বিল নগদায়ন বিলে ৫০ পয়সা বাড়িয়ে ৯৯ টাকা ৫০ পয়সা করা হলো। ফলে রেমিট্যান্স ও রপ্তানি বিলে নগদায়নের মধ্যে পার্থক্য কমে এলো। বাজারে রেমিট্যান্স আনার ক্ষেত্রে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা ছিল। সেটি এখন নেই।
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘শুধু ব্যাংকের রেট কমালেই হবে না, পাশাপাশি নজর দিতে হবে খোলাবাজারে। ব্যাংকে রেট কমালে আর খোলাবাজারে রেট বেশি পেলে সবাই হুন্ডিতেই টাকা পাঠাবে। এ সিদ্ধান্ত ব্যাংকগুলোর জন্য আত্মঘাতী হবে। যা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। সেপ্টেম্বর এবং অক্টোবরে রেমিট্যান্সের নিম্নগতি দেখেই তা বোঝা যায়। এখন কার্ব মার্কেটে যদি ১১৫ টাকায় ডলার রেট পায় তবে হুন্ডিতে বেশি ঝুঁকবে এটাই তো স্বাভাবিক।’
তিনি বলেন, ‘সম্ভবত ব্যাংকগুলো ইউনিফাইড একটি রেটে যাচ্ছে যা খুব সম্ভবত ১০৫ টাকা ডলার প্রতি। তবে, কার্ব মার্কেটের সঙ্গে ব্যাংকের রেট সর্বোচ্চ ১ থেকে ২ টাকার ব্যবধান থাকতে হবে। নইলে অবস্থার উন্নতি হবে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা বলেন, ‘এসব সিদ্ধান্ত যে দেশের প্রবাসী আয়কে ক্ষতিগ্রস্ত করছে তা সবাইকে বুঝতে হবে। এখন ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দেওয়ায় যদি এমন অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয়া হয় তখন কেন্দ্রীয় ব্যাংক আবার ডলারের রেট নিয়ন্ত্রণে নিতে পারে।’
এদিকে, সেপ্টেম্বরে রেমিট্যান্সের দাম ১০৮ টাকা নির্ধারণ করে সংগঠন দুটি। এর কিছুদিন পর সে দর আরও ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা ৫০ করে।
এখন আরও ৫০ পয়সা কমানো হলো। ডলারের রেট বেঁধে দেওয়ায় সেপ্টেম্বরেই প্রবাসী আয়ে বড় ধাক্কা খায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা।











