সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কমিটির খেয়ালখুশিতে চাকরি যায় শিক্ষকের

news-image

শরীফুল আলম সুমন : শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা প্রভৃতির জন্য অর্থসংস্থান ও বিদ্যালয় ব্যবস্থাপনার জন্যই স্কুল ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিধান চালু হয়েছিল। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের শতভাগ দেয় সরকার। তেমন কোনো দায়িত্ব নেই ব্যবস্থাপনা কমিটি বা ম্যানেজিং কমিটির। তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়ি ঘোরায় তারা। কমিটির কেউ কেউ জড়িয়ে পড়ছে আর্থিক অনিয়মে। কমিটির কথা না শুনলে রোষানলে পড়ে চাকরিও হারাতে হয় শিক্ষকদের। শিক্ষা বোর্ডগুলোর আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের আদেশ দিলেও তা মানছে না ম্যানেজিং কমিটি। এমনই তাদের দাপট।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘ম্যানেজিং কমিটি আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির আদেশ না মানলে শিক্ষকদের পুনরাবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ম্যানেজিং কমিটিকে দ্বিতীয় দফায় চিঠি দিই। সেটাও না মানলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ম্যানেজিং কমিটি ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে শিক্ষা বোর্ডের। এ ছাড়া শিক্ষকরাও আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির নির্দেশনা নিয়ে আদালতে যেতে পারেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নীলক্ষেত হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সুরমান আলী সম্প্রতি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির রোষানলে পড়েন। নানা অভিযোগে গত বছর ১৪ নভেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটিতে গেলে তারা সব তথ্য যাচাই করে এবং শুনানি শেষে তাকে গত ১৪ সেপ্টেম্বর পুনর্বহালের আদেশ দেয়। স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতির কাছে পাঠানো চিঠিতে পুনর্বহালের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়। কিন্তু তাকে যোগদান করতে দিচ্ছে না ম্যানেজিং কমিটি।

মো. সুরমান আলী দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকা বোর্ড আমাকে নির্দোষ মনে করেছে এবং পুনর্বহালের চিঠি দিয়েছে। ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য মহোদয়ও আমাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাকে বলা হচ্ছে, ডাকের মাধ্যমে চিঠি পাঠানো হবে। কিন্তু চিঠি দিচ্ছে না কমিটি। আমার মনে হচ্ছে, ম্যানেজিং কমিটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সময়ক্ষেপণ করছে। আমি দীর্ঘদিন বেতনভাতা না পেয়ে পরিবার নিয়ে খুবই কষ্টে দিন কাটাচ্ছি।’

নীলক্ষেত হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবদুর রশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি পুনর্বহালের যে আদেশ দিয়েছে তা রিভিউয়ের জন্য আবেদন করা হয়েছে। এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছে কমিটি। বিষয়টি তদন্তাধীন। এসবের ফয়সালা না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’

রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলমকে ম্যানেজিং কমিটি ২০১৮ সালের ৩ এপ্রিল সাময়িক বরখাস্ত করে। তার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ খতিয়ে দেখে এবং সব পক্ষের শুনানি শেষে ঢাকা শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি চলতি বছর ২৩ জানুয়ারি তাকে ১৫ দিনের মধ্যে পুনর্বহালের চিঠি দেয়। কিন্তু আট মাস পার হয়ে গেলেও ম্যানেজিং কমিটি তাকে পুনর্বহাল করেনি। বর্তমানে স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি মইজ উদ্দিন।

মো. খোরশেদ আলম দেশ রূপান্তরকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আমার বিরুদ্ধে একাধিক মামলা করা হলেও আমাকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকা বোর্ড আমাকে পুনর্বহালের আদেশ দিলেও তা মানা হচ্ছে না। বরং নতুন করে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। মামলাও করা হচ্ছে। আমাকে যোগদান না করতে দেওয়ার জন্য যা যা করা দরকার সবই করছে ম্যানেজিং কমিটি।’

রাজধানীর মিরপুরের সিদ্ধান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মো. নজরুল ইসলাম রনি। ম্যানেজিং কমিটির রোষানলে পড়ে গত বছর ৩০ অক্টোবর তিনি চাকরি হারান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘২০২১ সালের ৩০ অক্টোবর ম্যানেজিং কমিটির সভা চলাকালে একদল সন্ত্রাসী আমার অফিস কক্ষে আসে। তারা টাইপ করা পদত্যাগপত্রে জোর খাটিয়ে আমার স্বাক্ষর নেয়। অফিসকক্ষের চাবি, ব্যাংকের চেক বই এবং রেজিস্ট্রার বইও কেড়ে নেয় তারা। আমি অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডে চাকরি পুনর্বহালের আবেদন করেছি। এ ব্যাপারে দারুস সালাম থানায় জিডিও করেছি। কিন্তু আমাকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না।’

স্বাধীনতার পর ব্যক্তি উদ্যোগেই চলত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০৪ সাল থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের শতভাগই দিচ্ছে সরকার। এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য ১৯৭৭ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা প্রণয়ন করা হয়। ২০০৯ সালে এ বিধানের সংশোধন করা হয়।

ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির প্রবিধানমালায় তাদের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা, শিক্ষক নিয়োগ, সাময়িক বরখাস্ত ও অপসারণ, বার্ষিক বাজেট অনুমোদন, ছাত্রছাত্রীদের বিনা বেতনে অধ্যয়ন মঞ্জুরি, ছুটির তালিকা অনুমোদন, স্টাফদের বাসস্থান ও শিক্ষার্থীদের হোস্টেলের ব্যবস্থা করা, জমি, ভবন, খেলার মাঠ, বই, ল্যাবরেটরি, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও অন্যান্য শিক্ষা উপকরণের ব্যবস্থা করা, বিভিন্ন ধরনের আর্থিক তহবিল গঠন ও রক্ষণাবেক্ষণ, স্কুলের সম্পত্তির কাস্টডিয়ান (তত্ত্বাবধানকারী) হিসেবে দায়িত্ব পালন, শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রদান নিশ্চিত করা, শিক্ষকদের নিয়ে প্রি-সেশন সম্মেলনের ব্যবস্থা করা, যাতে বিগত বছরের মূল্যায়ন ও আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা থাকবে। প্রবিধানমালায় ১৬টি দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও বর্তমানে এর বেশিরভাগই করা হয় সরকারের পক্ষ থেকে। বরং ম্যানেজিং কমিটি তহবিল সংস্থানের চিন্তা না থাকায় নিজেরাই অনিয়মে জড়িয়ে পড়ছে।

সূত্র জানায়, বর্তমানে সহকারী শিক্ষক ও প্রভাষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দেওয়া হলেও প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও কর্মচারী পদে আগের মতোই টাকার বিনিময়ে নিয়োগ দিচ্ছে পরিচালনা কমিটি। শিক্ষার্থীদের টিউশন ফি, স্কুলের সামনের দোকানপাটসহ নানা খাত থেকে আয় করছে প্রতিষ্ঠানগুলো। বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের আয়ের বড় অংশ ভাগবাটোয়ারা করে নেন পরিচালনা কমিটির সদস্যরা। অনেক সময় প্রতিষ্ঠানপ্রধানরাও এই অনৈতিক কাজে যুক্ত থাকেন। এসব নিয়ে তৈরি হয় দ্বন্দ্বের। আর দ্বন্দ্বের জেরে চাকরি হারাতে হয় প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের।