,

পুতিনকে বাইডেনের হুঁশিয়ারি

news-image

অনলাইন ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধে রাসায়নিক বা ট্যাকটিক্যাল পারমাণু অস্ত্র ব্যবহার না করতে রাশিয়াকে সতর্ক করেছেন তিনি। আজ শনিবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, এ ধরনের অস্ত্র ব্যবহার করা হলে যুদ্ধের চেহারা এমনভাবে বদলে যাবে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো দেখা যায়নি। তবে এধরনের অস্ত্র ব্যবহারের জবাবে যুক্তরাষ্ট্র কী ধরনের ব্যবস্থা নেবে সেই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কিছু বলেন নি।

সিবিএসের ৬০ মিনিট অনুষ্ঠানের জন্য জো বাইডেন হোয়াইট হাউজে সাক্ষাৎকারটি দিয়েছেন। এ সময় বাইডেনের কাছে জানতে চাওয়া হয় ইউক্রেনের যুদ্ধে পুতিন যদি গণ-বিধ্বংসী অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করে থাকেন তাহলে এ বিষয়ে তিনি তাকে কী বলবেন। বাইডেন জবাব দেন, করবেন না, করবেন না, করবেন না।

এরপর বাইডেনের কাছে জানতে চাওয়া হয় পুতিন যদি সেই সীমারেখা অতিক্রম করেন তাহলে তার জন্য এর পরিণতি কী হতে পারে?

এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি কি মনে করেন যে এটা যদি আমি সত্যি সত্যি জানি তাহলে সেটা আমি আপনাকে বলবো? আমি সেটা আপনাকে বলবো না। তবে এর পরিণতি তো আছেই।

বাইডেন আরও বলেন, তারা বিশ্বের কাছ থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা এর আগে কখনো হয়নি এবং তারা কী করে তার ওপরেই নির্ভর করে এর জবাবে কী ঘটবে।

সামরিক বিশ্লেষকরা বলছেন, ক্রেমলিন যেভাবে আশা করেছিল ইউক্রেনের যুদ্ধ সেভাবে অগ্রসর হয়নি। সম্প্রতি ইউক্রেন দাবি করেছে, তারা রুশ বাহিনীর কাছ থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভের ৮ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকা পুনর্দখল করেছে।

তারপরেও পুতিন ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের সাফল্য দেশটির পূর্বাঞ্চলে রাশিয়ার সামরিক অভিযানের পরিকল্পনাকে থামাতে পারবে না।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত সেই যুদ্ধ ২০৬ দিনে গড়িয়েছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পুতিন তার দেশের পরমাণু শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার কথা ঘোষণা করেন।

দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধানদের পুতিন বলেছিলেন, পশ্চিমা বিশ্বের আগ্রাসী মনোভাবের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি রুশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে ইউক্রেনের কিছু এলাকা হাতছাড়া হয়ে যাওয়ার পর পশ্চিমা দেশগুলোতে আশঙ্কা তৈরি হয়েছে, পুতিন হয়তো এখন আরও কট্টর কৌশল গ্রহণ করতে পারেন। প্রায় ৮০ বছর ধরে বিশ্বে পরমাণু অস্ত্র রয়েছে। অনেক দেশই এই অস্ত্রকে তাদের জাতীয় নিরাপত্তার রক্ষাকবচ হিসেবে মনে করে।

ধারণা করা হয়, রাশিয়ার কাছে ৫ হাজার ৯৭৭টি নিউক্লিয়ার ওয়ারহেড বা পরমাণু অস্ত্র রয়েছে। এই হিসাব দিয়েছে মার্কিন বিজ্ঞানীদের একটি ফেডারেশন।

তারা বলছেন, এর মধ্যে প্রায় দেড় হাজার ওয়ারহেডের মেয়াদ উত্তীর্ণ এবং সেগুলো বাতিল করে দেওয়ার কথা। বিশ্লেষকেরা মনে করেন, এই মুহূর্তে রাশিয়ার প্রায় ১৫০০ ওয়ারহেড মোতায়েনকৃত অবস্থায় আছে, যার অর্থ হচ্ছে সেগুলো ক্ষেপণাস্ত্র ও বোমারু ঘাঁটি এবং সমুদ্রে সাবমেরিনে বসানো আছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা এখনো পর্যন্ত খুব কম।

সমরবিদরা বলছেন, তুলনামূলকভাবে অল্প দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র ব্যবহার করা হতে পারে, আর স্ট্র্যাটেজিক পরমাণু অস্ত্র ব্যবহার করা হতে পারে বহু দূরের টার্গেটে আক্রমণ করার জন্য। স্ট্র্যাটেজিক পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে সেটা পরমাণু যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড