সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাদ পড়াদের খুঁজে বের করবে ‘তৃতীয় পক্ষ’

news-image

আব্দুল্লাহ কাফি
‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে অবদান রাখার অভিপ্রায়ে সারাদেশে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তত্ত্বাবধানে প্রথম ‘ডিজিটাল’ পদ্ধতিতে ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ কার্যক্রম শেষ হয়েছে। জনশুমারিতে উঠে এসেছে বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারী ৮ কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। কিন্তু এই হিসাবে গরমিল রয়েছে বলে অভিযোগ রয়েছে।

বলা হচ্ছে, অনেক মানুষ গণনা থেকে বাদ পড়েছেন। এ অবস্থায় যারা বাদ পড়েছেন, তাদের গণনার মধ্যে আনতে তৃতীয় পক্ষ দিয়ে কাজ করাবে সরকার। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী এক মাসের মধ্যে গণনাপরবর্তী যাচাই করবে তৃতীয় পক্ষ। কেউ বাদ পড়লে তাদের গণনার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি চূড়ান্ত জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে।

প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ প্রকল্প পরিচালক দিলদার হোসেন আমাদের সময়কে বলেন, দেশের সব মানুষই সচেতন। বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এ ছাড়া বাসায় বাসায় গিয়ে মাঠকর্মীরা তথ্য সংগ্রহ করেছেন। এ ছাড়া হটলাইন দেওয়া ছিল। যদি কারও তথ্য বাদ পড়ে, তিনি লাইনে ফোন করে তথ্য দিতে পারেন। তিনি বলেন, আন্তর্জাতিক মানদ- বজায় রেখেই গণনা করা হয়েছে। এরপরেও যদি কেউ বাদ পড়েন, তা হলে আগামী এক মাসের মধ্যে গণনাপরবর্তী যাচাই হবে; সেখানে যুক্ত হতে পারবেন।

রাজশাহী প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল জানান, রাজশাহী জেলা বিবিএস অফিসের তথ্য অনুযায়ী, জেলায় ৭ লাখ ৭৫ হাজার ২৬০টি খানায় (গৃহ) বর্তমানে মোট জনসংখ্যা ২৯ লাখ ১৫ হাজার ১৩ জন। এর মধ্যে ১৪ লাখ ৫৮ হাজার ২২৩ জন পুরুষ, নারী ১৪ লাখ ৫৫ হাজার ১৮৫ জন। তবে অনুসন্ধানে জানা গেছে, রাজশাহীতে সপ্তাহব্যাপী জনশুমারিতে কিছু কিছু খানা (গৃহ) বাদ পড়ে যায়। বিশেষ করে রাজশাহীর অভিজাত এলাকাগুলোতেই এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাজশাহী নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘আমি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। সারাদিন বাসার বাইরে থাকি। স্ত্রীও একটি সরকারি প্রতিষ্ঠানে জব করেন। সঙ্গত কারণেই আমার বাসা সব সময় তালাবদ্ধই থাকে। এজন্য আমার বাসায় হয়তো বা জনশুমারি হয়নি।’

স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮১, ১৯৯১, ২০০১ এবং ২০১১ সালে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়েছে। পরিসংখ্যান আইন, ২০১৩ অনুযায়ী ‘আদমশুমারি’-কে ‘জনশুমারি’ হিসেবে অভিহিত করা হয়।