সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগস্টে ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আগামী মাসের শুরুতে তিনি এ সফর করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানান। সফরকালে বাণিজ্য ছাড়াও ঢাকা ও বেইজিংয়ের মধ্যে আলোচনার টেবিলে থাকতে পারে রোহিঙ্গা ইস্যুও।

সূত্র জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত করতে ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চীনের পক্ষ থেকে সফরের জন্য আগামী মাসের ৫ ও ৬ তারিখ প্রস্তাব করা হয়েছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে এ সফর এক-দু’দিন পেছানোর অনুরোধ করা হয়েছে। কারণ, ৪ থেকে ৬ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী কম্বোডিয়া সফরে থাকবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সমকালকে বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী একসঙ্গে এশিয়ার কয়েকটি দেশ সফর করবেন। ফলে তাঁর সফরসূচিতে পরিবর্তন আনা কঠিন। তবে চীনও এ কে আব্দুল মোমেনের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে সফর চূড়ান্ত করবে বলে বাংলাদেশকে জানিয়েছে। সফরটি হচ্ছে- এ বিষয়ে সন্দেহ নেই। দিন চূড়ান্ত এখনও হয়নি। সফরটি দুই দিন আগে-পরে হতে পারে।

আগামী ২৮ ও ২৯ জুলাই উজবেকিস্তানে সাংহাই কো-অপারেশন অরগানাইজেশন এসসিওর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নেবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ওই সম্মেলনের সাইডলাইনে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এর মাঝে পাঁচ দিন আরও দুটি দেশে কাটিয়ে ঢাকায় আসতে চান ওয়াং ই। বাংলাদেশ সফরের পর তাঁর মঙ্গোলিয়া সফরের কথা রয়েছে।

সূত্র জানায়, দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে আলোচনা হবে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে। সেই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরে সই হওয়া ২৭টি চুক্তির অগ্রগতি পর্যালোচনা করবে দুই দেশ। বৈঠকে গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যুটি। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।