না ফেরার দেশে রংপুরের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি করিম উদ্দিন ভরসা
হারুন উর রশিদ সোহেল, রংপুর : না ফেরার দেশে চলে চলেন রংপুর- ১ ও ৪ আসনের জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাবেক তিনবারের সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবীদ ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব করিম উদ্দিন ভরসা। তিনি গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আজ রোববার বিকেলে রংপুরের হারাগাছ পৌর শহরের সারাই জামে মসজিদে তার জানাযা শেষে দাফন কার্য হবার কথা রয়েছে বলে পারিবরিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা ও আরেক ছেলে কামরুল ইসলাম ভরসা। তিনি বিএনপি থেকে নির্বাচিত রংপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও ভরসা গ্রুপের চেয়ারম্যান প্রয়াত রহিম উদ্দিন ভরসা ছোটভাই। তবে সম্পত্তি নিয়ে ছেলে-মেয়ে দুই পক্ষের মধ্যে চরম বিরোধ চলায় মৃত্যুর সময় বাবা মুখ দেখতে না পাওয়ায় বেশ কয়েকজন সন্তান দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে রংপুরের প্রবীণ রাজনীতিবীদ, সাবেক সাংসদ সদস্য ও শিল্পপতি করিম উদ্দিন ভরসার মৃত্যুতে তাঁর জন্মস্থান হারাগাছসহ রংপুর অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
পরিবার ও বিভিন্ন সূত্রে জানা গেছে, রংপুরের বিড়ি শিল্প নগরীখ্যাত হারাগাছে জন্ম নেয়া শিল্পপতি করিম উদ্দিন ভরসা জাতীয় পার্টির রাজনীতিতে যোগ দেন। পরে তিনি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি সপ্তম ও অষ্টম নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বয়স হয়েছিল ৮৮। তিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার একাধিকবার সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা-মসজিদও এতিমখানাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় আর্থিকভাবে সহযোগিতা করেন। তার প্রতিষ্ঠিত কেভি গ্রুপের বিভিন্ন কলকারখানা ও ফাক্টরীতে প্রায় ১০ হাজারের বেশী মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে। করিম উদ্দিন ভরাসার ১০ ছেলে ৬ মেয়ে। সম্পত্তি নিয়ে ছেলে-মেয়ে দুই পক্ষের মধ্যে চরম বিরোধ ছিল। পিতা করিম উদ্দিন ভরসাকে নিয়ে সন্তানদের মধ্যে দুটি পক্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আজ রোববার বিকেলে তার জানাজার নামাজ রংপুরের হারাগাছ পৌর শহরের সারাই জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।
পারিবারিক সূত্রে আরও জানাগেছে, মৃত্যুর আগে করিম উদ্দিন ভরসাকে আটকে রাখা হয়েছে কি না, তা জানতে সম্প্রতি তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ছেলে সাইফুল উদ্দিন ওরফে শিমুল ভরসাকে এই নির্দেশ দিয়েছিলেন আদালত। শিমুল ভরসার জিম্মায় রয়েছে করিম উদ্দিন ভরসা এমনটা দাবি করে তার ৯ সন্তানের হেবিয়াস করপাস (হাজিরের নির্দেশনা) আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুলসহ ওই আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশ বিরুদ্ধে গত ৬ মার্চ সুপ্রিম কোর্টে শিমুল ভরসা আবেদন করলে সুপ্রিমকোর্ট ৬ সপ্তাহের জন্য ওই আদেশ স্থগিত করেন। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে শফিকুল ইসলামসহ ৯ সন্তান পুনরায় আবেদন করলে করিম উদ্দিন ভরসাকে এক শনিবার পর পর অর্থাৎ ১৫ দিন পর রংপুরের জজ আদালতে হাজির করে ছেলে-মেয়েদের সাথে দেখা করার সুয়োগ করে দিতে নির্দেশ দেন উচ্চ আদালত। কিন্তু কোন শনিবারই রংপুরের আদালতে হাজির করেন নি করিম উদ্দিন ভরসার অপর পক্ষের ছেলে মেয়েরা।
করিম উদ্দিনের বড় ছেলে সিরাজুল ইসলাম ভরসা বলেন, বাবার জানাজার নামাজ ও দাফনকার্য রংপুরে সম্পন্ন করা হবে।আরেক ছেলে কামরুল ইসলাম ভরসা বলেন, আমরা বাবাকে দেখার জন্য ৩ বছর ঘুরেছি। কিন্তু ওরা আদালতের নির্দেশেও বাবাকে দেখতে দেয়নি। মৃত্যুর সময় বাবার মুখ দেখতে পারলাম না এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে।










