রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোন দুধ বেশি উপকারী, ঠান্ডা নাকি গরম?

news-image

নিজস্ব প্রতিবেদক : শরীরে পুষ্টির জোগান দিতে দুধের কোনো বিকল্প নেই। তবে ঠান্ডা ও গরম দুধ খাওয়া নিয়ে রয়েছে বেশ বিতর্ক। অনেকে মনে করেন, গরম দুধ খেলে উপকার বেশি। আসলে কি তাই? অনেকেই আবার ঠান্ডা দুধ খেতে বেশি ভালোবাসেন। দুধে ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, জিঙ্ক, ভিটামিন ডি-প্রচুর পরিমাণে রয়েছে, যা নানা সমস্যার হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে। কিন্তু আপনি জানেন কি, কোন দুধ শরীরের জন্য বেশি উপকারী, ঠান্ডা নাকি গরম?

এ ব্যাপারে ডায়েট এক্সপার্টরা বলেন, দুধ ঠান্ডা হোক বা গরম দুটোই উপকারী। দুই ধরনের দুধ একেক ধরনের উপকার নিয়ে আসে। আসলে আপনি দুধ গরম খাবেন না ঠান্ডা, তা পুরোপুরি নির্ভর করে ঋতুর ওপর।

এক্সপার্টরা আরও বলেন, অনেকেই দুধ খেতে পছন্দ করেন না। তারপরও সবারই উচিত প্রতিদিন অন্তত এক গ্লাস করে দুধ খাওয়া। এতে হাড় ও মাংসপেশী শক্ত হয়। গরমের সময় ঠান্ডা দুধ খেলে শরীর ঠান্ডা থাকে। এটি পরিপাকতন্ত্রকেও ঠান্ডা রাখে। অন্যদিকে, রাতে দুধ খেয়ে ঘুমনোর অভ্যাস থাকলে শীতের সময় গরম দুধ অবশ্যই খাবেন। এটি শরীরকে গরম রাখে ও ঠান্ডা লাগার হাত থেকে বাঁচায়।

এবার জেনে নিন, ঠান্ডা ও গরম দুধের উপকারিতা-

১. দুধ থেকে তৈরি খাবার যাদের হজম হয় না, তাদের খেতে হবে গরম দুধ। ঠান্ডা দুধ তুলনায় ভারী। হজম করা কষ্ট। আর গরম দুধে ল্যাক্টোজের পরিমাণ কম থাকে। তাই এই দুধ সহজে হজম হয়।

২. ঠান্ডা দুধ স্থূলতা কমায়। যারা গ্যাস্ট্রিক বা স্থূলতার সমস্যায় ভোগেন, তাদের জন্য ঠান্ডা দুধ ভীষণ উপকারী। এতে বুক ও পেটের জ্বালাও কমে। তাই খাবার পর রোজ আধ গ্লাস ঠান্ডা দুধ খান। ওষুধ ছাড়াই সমস্যা কমবে।

৩. ঠান্ডা লাগার ধাত না থাকলে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ঠান্ডা দুধ পানের অভ্যাস করুন। এতে শরীরে পানির ঘাটতি মিটবে। তবে রাতে ভুলেও খাবেন না। এতে পেটের সমস্যা দেখা দিতে পারে।

৪. ঋতুস্রাবের সময়ে পেটে অসহ্য যন্ত্রণা হয়। এই সময়ে খাদ্যতালিকায় অবশ্যই গরম দুধ রাখুন। দুধে থাকা পটাশিয়াম ব্যথা উপশমে সাহায্য করে।

৫. অনেকেই অনিদ্রার সমস্যায় ভোগেন। এ ক্ষেত্রে গরম দুধ খেলে সমস্যা কমবে। কারণ দুধে থাকে অ্যামিনো অ্যাসিড, যা ঘুম আনতে সাহায্য করে।

৬. মৌসুম বদলের সময়ে অনেকেই সর্দি-কাশির কবলে পড়েন। গরম দুধে মধু মিশিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়। যাদের একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার ধাত, তাদের জন্যও গরম দুধ ভালো। দুধে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৭. ঠান্ডা দুধ ওজন ঝরাতে সাহায্য করে। ঠান্ডা দুধ খেলে বিপাক হার বেড়ে যায়, ফলে বেশি মাত্রায় ক্যালোরির খরচ হয়। তাই যারা ওজন ঝরানোর পরিকল্পনা করছেন, তারা ঠান্ডা দুধ খেলে বেশি উপকার পাবেন। হালকা খিদে পেলে ভাজাভুজির পরিবর্তে এক গ্লাস দুধ পান করুন। পেট অনেক ক্ষণ ভর্তি থাকবে।