মে দিবসে বাস শ্রমিকদের কান্না, লকডাউনে কেউ নেই পাশে
ফেনী প্রতিনিধি : ফেনী-সোনাগাজী রুটের মায়ের দোয়া পরিবহনের চালক মোহাম্মদ কামাল হোসেন। শনিবার সকালে চাল, ডাল আর ইফতারির আশায় সোনাগাজী বাস টার্মিনালে অপেক্ষা করছেন।
মহান মে দিবস উপলক্ষে এদিন চলমান লকডাউনে পরিবহনে কর্মহীন বেকার অসহায় শ্রমিকদের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেছেন পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। পৌরসভা কার্যালয়ের সামনে পাঁচ শতাধিক লোকের মাঝে এই ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়। লকডাউনে আয়হীন পরিবহন শ্রমিকদের কাছে এই ত্রাণ এখন মহামূল্যবান।
সন্তান-সংসার নিয়ে ছোট একটা বাসায় ফেনীতে থাকতেন কামাল হোসেন। এখন মাসে ৪ হাজার টাকা ঘর ভাড়া দিতে হিমশিম খেতে হচ্ছে। কারণ অন্যান্য মাসে বাস চালিয়ে অনায়াসে ১০ থেকে ১৫ হাজার টাকা আয় করেন কামাল। এখন লকডাউনে আয় না থাকায় মানসিকভাবে বিপর্যস্ত তিনি। তাই বাসা ছেড়ে দিয়ে চলে গেছেন গ্রামের বাড়ি সোনাগাজীর চর চান্দিনায়।
আরেক বাস চালক আলা উদ্দিন রাগে-ক্ষোভে বলেন, লকডাউন কি শুধু আমাদের জন্য। প্রাইভেটকার-ট্রাক চলতে পারলে আমাদের হাত-পা কেন বাঁধা হয়েছে। সরকারের কাছে অনুরোধ স্বাস্থ্যবিধি মেনে বাস চালানোর অনুমতি দিক। না হলে সামনে ঈদ পরিবারের সামনে দাঁড়াতে পারব না। জীবনে কখনো কারওর কাছে হাত পাততে হয়নি। কিন্তু এখন অসহায় হয়ে পড়েছি। আমাদের ওপর এত জুলুম কেন?
আলা উদ্দিন ও কামালের মতো চলমান লকডাউনে মানবেতর জীবন যাপন করছে সড়ক পরিবহনে কর্মরত হাজারোও শ্রমিক।
আল আমিন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা। গত ১৭ বছর ধরে ফেনীতে বসবাসকারী, বাস চালক হিসেবে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। লকডাউনে গাড়ির চাকা না ঘোরায় স্বজনদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। একপর্যায়ে অনিশ্চয়তার মুখে এ পেশা পরিবর্তন করতে বাধ্য হন। গত ১০ -১২ দিন ধরে তাকে শহরের মহিপালে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতে দেখা গেছে। বাস চালক আল আমিন জানান, বেশ কয়েক বছর হেলপার হিসেবে চাকরির পর গত চার বছর ধরে সুগন্ধা পরিবহনের বাস চালক হিসেবে কাজ করছেন। প্রতিদিন ৭ থেকে ৮০০ টাকা বেতন পেলেও এখন সবজি বিক্রি করে ৩০০ থেকে ৪০০ টাকা আয় করেন।
এ চিত্র শুধু আল আমিনের নয়, ফেনীতে প্রায় ১০ হাজার শ্রমিক পরিবারের প্রতিনিয়ত জীবিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একাধিক মালিক-শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, ফেনী থেকে ঢাকা, চট্টগ্রাম, সোনাপুর, বারইয়ারহাট, ফেনী- লক্ষ্মীপুর, কুমিল্লা, পরশুরাম, সোনাগাজী রুটে বাস ও মিনিবাস চলাচল করে। এ সব পরিবহনে ১০ হাজারের বেশি শ্রমিক নিয়োজিত রয়েছে। গত ৫ এপ্রিল থেকে চলমান লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার পর থেকে তারা কার্যত কর্মহীন হয়ে পড়েছে। অনেক চালক-হেলপার জীবিকার তাগিদে অন্য পেশা বেছে নিয়েছে ।
পরিবহন শ্রমিকরা জানান, জেলা পরিবহন মালিক গ্রুপ, আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নসহ একাধিক সংগঠন থাকলেও গত এক মাস ধরে চলা লকডাউনে কোন শ্রমিকের পাশে দাঁড়ায়নি কেউ।
ফেনী-নোয়াখালী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের মালিক আনোয়ার হোসেন জানান, লকডাউন ঘোষণার পর থেকে গাড়ি মালিকেরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত ।
আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজম চৌধুরী বলেন, লকডাউনে সরকারিভাবে অনুদান না পাওয়ায় শ্রমিকদের কোন সাহায্য সহযোগিতা করা যায়নি।
ফেনী স্টার লাইন গ্রুপের পরিচালক মাইনুদ্দিন বলেন, ঢাকা চট্টগ্রামসহ বিভিন্ন রুটের প্রায় ২০০ বেশি নিজস্ব পরিবহন চলাচল করে। এসব পরিবহনের চালক-হেলপারসহ প্রায় ১২০০ শ্রমিক রয়েছে। গাড়ি বন্ধ থাকায় তারা দুশ্চিন্তায় রয়েছেন। তবে তারা রমজান ও ঈদ উপলক্ষে সবাইকে সহযোগিতা করেছেন ও করবেন বলে জানান।
ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী বলেন, সরকার যেখানে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট, বাজার খুলে দিয়েছেন। পরিবহনগুলোতেও স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব। তাই অবিলম্বে পরিবহন খুলে দেওয়ার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, লকডাউনে বাস ছাড়া সবই চলছে। বাস চালু না থাকায় সিএনজি চালিত অটোরিকশা, টেম্পো, থ্রি-হুইলার, মাইক্রোবাস, স্টাফ বাস এমনকি অ্যাম্বুলেন্সেও গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। এতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, বরং স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে বাসে সিটের অর্ধেক যাত্রী বহন করলে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকবে না।











