তাদের ক্যারিয়ার নিয়ে হাবিবুলের হতাশা
স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে এক ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরির ইতিহাস লেখা একমাত্র ক্রিকেটার বাংলাদেশের সোহাগ গাজী। আবুল হাসান রাজুর রয়েছে টেস্ট অভিষেকেই ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরির কীর্তি। ৫ উইকেট নিয়ে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম তুলেছেন শাহাদাত হোসেন রাজীব। দক্ষ ‘ফিনিশার’ হিসেবে জাতীয় দলে নিজেকে মেলে ধরেছিলেন নাসির হোসেন।
কিন্তু দারুণ সম্ভাবনা থাকা স্বত্বেও কেন যেন প্রত্যাশিতভাবে এগোল না এই চার ক্রিকেটারের ক্যারিয়ার। যা নিয়ে হতাশ বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন।
সাবেক এই অধিনায়ক বলেছেন, নিজেদের কারণেই লম্বা হয়নি এই চার ক্রিকেটারের ক্যারিয়ার। মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালদের আদর্শ মানলে এই নামগুলো আরো ভালো করতে পারতো বলে মন্তব্য করেন তিনি।
খেলোয়াড়ি জীবন শেষে দীর্ঘদিন ধরেই নির্বাচক হিসেবে কাজ করছেন দেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক হাবিবুল। প্রায় ৯ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এই দায়িত্বে তিনি। এই সময়ে অনেক খেলোয়াড়দেরই নির্বাচন করেছেন জাতীয় দলের জন্য। যাদের অনেকেই নিজেদের মেলে ধরতে পেরেছেন। নিয়ে গেছেন অন্য উচ্চতায়। আবার কিছু ক্রিকেটার অনুবাদ করতে পারেননি ভেতরে থাকা সম্ভাবনার পুরোটা।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে এনিয়ে কথা বলেন হাবিবুল। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘এই ৯ বছরে এমন কোন খেলোয়াড় যাদের দেখে মনে হয়েছে অনেক দিন দেশকে সার্ভিস দিতে পারবে, কিন্তু আপনার প্রত্যাশা পূরণ করতে পারেনি?’
হাবিবুল বলেন, ‘অনেকেই আমাদের হতাশ করেছে। অনেকে বলতে, কিছু নাম তো বলতেই পারি। সোহাগ গাজীর খুব ভালো করার সুযোগ ছিল। ব্যাটিংটা ভালো করতে পারত। আমরা যেটা মিস করি যে একজন বোলিং অলরাউন্ডার। সেই সামর্থ্য কিন্তু ওর ছিল। টেস্টে সেঞ্চুরিও রয়েছে। কার্যকরী ব্যাটিং করতে পারতো, বোলিংটা খুব ভালো ছিল। ওকে আশা করেছিলাম।’
এরপর আবুল হাসান রাজুর কথা আসে হাবিবুলের কণ্ঠে, ‘ও কিন্তু বেশ জোরে বল করতে পারতো। রিভার্স সুইং করার সামর্থ্য ওর ছিল। ব্যাটিংটা ও ভালো করতে পারতো এবং পাওয়ার হিটিংটা করতে পারতো। ইনজুরির কারণে হয়তো কন্টিনিউ করতে পারেনি। ওর কাছে ভালো আশা ছিল।’
শাহাদাত হোসেন রাজীবকে নিজের খেলোয়াড়ী সময়েও পেয়েছেন হাবিবুল। এই পেসারের ক্যারিয়ার বর্ণিল হতে পারতো বলে মত এই সাবেকের, ‘শাহাদাত হোসেন রাজীব জেনুইন কুইক বোলার। আমার কাছে সব সময়ই এটা মনে হয়েছে। যখন আমি খেলতাম আমার সঙ্গে খেলেছিল। আমি মনেকরি ওর সার্ভিস বাংলাদেশ মিস করেছে। ওর আরো ভালো করা উচিত ছিল।’
এরপর নাসির হোসেনের নাম যোগ করেন হাবিবুল, ‘নাসির হোসেনের আরো ভালো করা উচিত ছিল বলে আমি মনেকরি। এরকম আরো অনেক খেলোয়াড় আছে, যাদেরকে আমাদের মনে হয়েছে আরো ভালো করা উচিত ছিল।’
এই না পারার পেছনে ক্রিকেটারদেরই দায় দেখেন হাবিবুল। বলেন, ‘সুযোগ ওরা সবাই পেয়েছে। আমি সব সময় বিশ্বাস করি, ক্রিকেট অনেকখানি ইন্ডিভিজুয়াল। আপনাকে সবাই পরিবেশ তৈরি করে দেবে, সুযোগ করে দেবে, দায়িত্ব কিন্তু আপনার নিজেকে নিতে হবে।’
যেটা সোহাগ গাজী, নাসির হোসেনরা পারেননি বলে মনে করেন হাবিবুল, ‘আমাদের সামনে কিন্তু মুশফিক প্রাইম উদাহরণ…। সাকিব, মাশরাফী, মাহমুদউল্লাহ, তামিম…। ওরা যে কঠোর পরিশ্রম করে, ক্রিকেটের জন্য যে ত্যাগ স্বীকারটা করে, সেটা করলে এই নামগুলো আরো ভালো করতে পারতো। বাংলাদেশের ক্রিকেট আরো উপকৃত হতো।’











