আমদানির নামে মিথ্যা তথ্য দিয়ে পাচার হচ্ছে অর্থ
নিউজ ডেস্ক : পণ্য আমদানিতে বিভিন্ন ধাপে মিথ্যা তথ্য দিয়ে দেশের বাইরে অর্থপাচার করা হচ্ছে। বিদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানির নামে বাংলাদেশ থেকে গত বছর প্রায় ১৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে। কম মূল্যে পণ্য ও কাঁচামাল অথবা মেশিনারি কিনে ক্রয় ভাউচারে তা বেশি মূল্য দেখানোর কৌশল প্রয়োগ করে গত এক বছরে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়। কেন্দ্রীয় ব্যাকের এক নিজস্ব তদন্ত প্রতিবেদনের সূত্র অনুযায়ী, পণ্য আমদানির ক্ষেত্রে সবচেয়ে বেশি মিথ্যা তথ্য দেওয়া হয় এলসিতে। মিথ্যা তথ্য দিয়ে ব্যাংকিং চ্যানেলে অর্থপাচার করা হচ্ছে।
সাধারণত বিল অব এন্ট্রিতে যে পণ্যের কথা উল্লেখ থাকে প্রকৃতপক্ষে তার চেয়ে কম মূল্যের পণ্য আমদানি করা হয়। এভাবে পণ্যের মূল্যের চেয়ে কৌশলে বেশি অর্থ বিদেশে পাচার হয়ে থাকে। বহু বছর ধরে এভাবেই টাকা পাচার হয়ে আসছে। এছাড়া, আমদানি মূল্য পরিশোধের পরও পণ্য দেশে না এনে, রফতানির মূল্য বিদেশে রেখে দিয়ে এবং বিদেশে বিভিন্ন ভুয়া কাজের অজুহাতে তহবিল স্থানান্তরের মাধ্যমেও টাকা পাচার হচ্ছে। এক শ্রেণীর দুর্নীতিবাজ ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় ব্যবসায়ী নামধারী একটি সংঘবদ্ধ চক্র এসব টাকা পাচার করছে।
এর আগে গত বছর কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে দেড় হাজার কোটি টাকারও বেশি বিদেশে পাচারের সাথে কয়েকটি ব্যাংকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় এবং পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার জন্য কয়েকটি ব্যাংককে নির্দেশও দেয় বাংলাদেশ ব্যাংক। অভিযুক্ত ব্যাংকগুলোর মধ্যে কয়েকটি হলো- সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক। সেসময় চট্টগ্রামকেন্দ্রিক ৭টি শিল্প প্রতিষ্ঠান বিদেশ থেকে শিল্পের কাঁচামাল আমদানির জন্য চট্টগ্রামের সোনালী, বাংলাদেশ কমার্স, প্রিমিয়ার, মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখায় এলসি খোলে।
এসব এলসির বিপরীতে ১৭৩ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পরিশোধ করা হয়। কিন্তু এসব এলসির বিপরীতে দেশে কোনো শিল্পের কাঁচামাল আসেনি। যেসব কনটেইনারে এসব এলসির বিপরীতে পণ্য এসেছে বলে দাবি করা হয়েছে সেগুলোর মধ্যে শিল্পের কাঁচামালের পরিবর্তে পাওয়া গেছে ইটের গুঁড়া, আবর্জনাময় বালি, বিভিন্ন পণ্যের পোড়া অংশের ছাই, গুড়া পাথর ও সিমেন্টের ব্লক। চট্টগ্রামেরে এবি অ্যান্ড ডি কর্পোরেশন, আরামিট থাই অ্যালুমিনিয়াম, এসআর মেটাল ইন্ডাস্ট্রিজ, এসএল স্টিল, এলএসআই, ইয়াছির এন্টারপ্রাইজ ও সেবা এন্টারপ্রাইজের নামে এসব এলসি খোলা হয়েছিল।
সূত্র বলছে, যেহেতু ব্যাংকের মাধ্যমে দেনা শোধ করা হয়েছে, কিন্তু পণ্য আসেনি- অর্থাৎ ওইসব টাকা পাচার করা হয়েছে। সূত্র জানায়, অর্থ পাচারকারীরা আমদানির আড়ালে কোনো কোনো ক্ষেত্রে পণ্যের দামের অর্ধেক বা তার চেয়েও বেশি অর্থ বিদেশে পাচার করে থাকে। পণ্যের ওভার ইনভয়েসিং যাচাই না হওয়ায় পাচারকারীরা এ সুযোগ পাচ্ছে। ক্যাপিটাল মেশিনারি রফতানিকারক, বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষকে ম্যানেজ করেই আমদানির আড়ালে বিদেশে অর্থ পাচার হয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে পণ্য দেশে না আসলেও চোরাই পদ্ধতিতে অর্থ চলে যাচ্ছে দেশের বাইরে।
জানা যায়, যথাযথ নীতিমালা না থাকায় ও এই চুরি ধরা যায় না। বাংলাদেশে এজন্য যোগ্য লোকবল ও অভিজ্ঞতার অভাব রয়েছে। এর ফলে অভিযুক্তরা ধারাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আমদানির নামে বিপুল বৈদেশিক মুদ্রা বিদেশে গেলেও বিদেশ থেকে প্রকৃত কত পরিমাণ পণ্য এসেছে তার প্রকৃত হিসাব নিরূপণ করা কঠিন। ত
বে তারা স্বীকার করেন, আমদানির বিপরীতে বছর বছর যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করা হয়, তার বড় অংশই পাচার হয়ে যায়- এমন অভিযোগ বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের তদন্তে আগেই ধরা পড়েছে। আমদানিকারকরা স্থানীয় অর্থনীতিতে শুল্ক ফাঁকি দিচ্ছে এবং অর্থ বিদেশে পাঠিয়ে তাদের বিদেশী শেয়ার হোল্ডারদের লাভবান করছে। এতে সামগ্রিকভাবে চরম ক্ষতির মুখে পড়ছে দেশের জনসাধারণ। তাছাড়া এই প্রবণতার কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার হচ্ছে তার মাধ্যমে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। এতে দেশে শিল্পায়ন ত্বরানিত হবার পাশাপাশি বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।











