বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যু ও একটি বকুল গাছের সঙ্কট

saifullah-saifডেস্ক রির্পোট : এ বাড়ির মেঝ মেয়ে যেদিন প্রথম স্কুলে যায়, সেদিন বাড়ি ফেয়ার পথে বাবা তাকে একটি বকুল গাছের চারা কিনে দিয়েছিল। ঘরে ফেরার পর মেয়েটির মধ্যে স্কুলের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে যতটা না উত্তেজনা, তার চেয়ে বেশি উত্তেজনা ছিল বকুল চারাটির রোপণ নিয়ে। মেঝ মেয়েটি এ বাড়ির বড় আদরের সন্তান। মেয়েটির একগুঁয়ে আবেদনে সেদিন অনিচ্ছা সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ জায়গায় গাছটিকে গর্ভস্থ করা হয়েছিল। এ বাড়িটি যেহেতু গৃহস্থ বাড়ি, তাই বাড়ির প্রধান কর্তাকে সেদিন গাছের ভবিষ্যৎ নিয়ে বারবার ভাবতে হয়েছিল, না জানি এই গাছটির অবস্থান নিয়ে আগামীতে কতটা বিপাকে পড়তে হয় তাদের!

একটি আটপৌরে শরিকদারী গৃহস্থ বাড়ি এটি। তাই প্রতি ঋতুতে বাড়ির উঠোনের গুরুত্ব বেড়ে যায়। এমনকি মরসুম এলে শরিকদারদের মধ্যে উঠোনের জায়গা দখল নিয়ে লেগে যায় প্রতিযোগিতার হিড়িক! কার আগে কে ভালো জায়গাটি দখল করে নেবে। উঠোনে একটি সুন্দর জায়গা বলতে যেখানে রোদ থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, উদয় থেকে অস্তগামী রশ্মি মাথায় রাখতে পারে যে উঠোন। গৃহস্থের নিত্যদিনের কাজের জন্য রোদ অত্যাবশ্যকীয়।

বকুল গাছটিকে উঠোনের অনেকটা মাঝখানে নিয়ে এসে একটি অকিঞ্চিতকর স্থানে রোপণ করাটা নিয়ে কোন কোন শরিকদার সেদিন মৃদু আপত্তি তোললেও পরিস্থিতি ঘোলাটে করার মতো সাহসের সঞ্চয় ছিল না কারোর। কেননা, আজকাল গিন্নিদের কথায় নিরুপায় হয়ে একটু-আধটু বিবাদ কলহ করতে বাধ্য হলেও, শেষ পর্যন্ত আত্মসমালোচনায় এটাই মেনে নিতে বাধ্য হয় তারা যে, এ বাড়ির প্রধান কর্তা যিনি, তিনি তাদের প্রত্যেকের বয়োজ্যেষ্ঠ পিতৃতম ভাই এবং তার হাতেই বাবা অকৈশোরে তাদের ভবিষ্যতের ভার তুলে দিয়ে গিয়েছিলেন। লোকটি ভ্রাতৃ কল্যাণের জন্য নিজেকে নিবেদন করে কিনা করেছিলেন তখন!

তাই গিন্নিদের অভিযোগ অনুযোগের চাপে পড়লেও সর্বনাম পদটিকে কোনভাবেই তারা অবহেলা করতে পারেন না। কিন্তু সমস্যাটিও যে গুরুতর। বকুল যেহেতু কাষ্ঠল গাছ এবং পরিপূর্ণ সময়ে তার ডালপালা একটি বড় অঞ্চল দখল করে থাকে, তাই গাছটি এখানে বেড়ে উঠলে উঠোনের অর্ধেক অংশ যে রোদবঞ্চিত হতে যাচ্ছে- এটাই তাদের সমুদয় আশঙ্কার ঘনীভূত মেঘ।

মেঝ মেয়ের গাছভক্তিকে তার স্বজনরা প্রথমে ঢিলেঢালাভাবে নিছক একটি ছেলেমানুষি জ্ঞান করে নিলেও একসময় ব্যাপারটাকে বাড়াবাড়ি ভাবতে শুরু করেন। তারা মনে মনে সাপের মত ফণা পাকাচ্ছিলেন আর চাপা জেদ থেকে আওড়াচ্ছিলেন, ‘এ কোন জামানার মেয়েরে বাপু? এমন গোঁয়ারতুমি মেয়ে দ্বিতীয়টা দেখি নাই।’
আর এই মেয়ে যে অদূরদিনে তাদের দিনরাত এক করে ছাড়বে, এই ভাবনাও তাদের পিছু ছাড়ে না কোনভাবেই। কিন্তু সবশেষে গুরুতর বাক্য হয়ে দাঁড়ায় একটাই, ‘ঐ যে কর্তা এবং কর্তার বড় আদরের মেয়ে!’

মেয়েটি সকালে ঘুম থেকে উঠে একবার এবং স্কুলে ফেরার পর আরেকবার, রুটিন করে প্রতিদিন দুইবেলা গাছটির পরিচর্যা করত। তার এই চর্চাটি এক সময় অভ্যাসে পরিণত হলে, কেউ আর মেয়েটি কিংবা গাছটিকে নিয়ে ঘাটাঘাটি করতে যায়নি। বরং তারাও অভ্যাসস্বরূপ মেনে নিলো এবং অভ্যস্ত হয়ে উঠল। এমন কি সময় অভিমুখে চলিত হতে হতে অবস্থা এক পর্যায়ে এমন হয়ে দাঁড়াল যে, কীভাবে যেন পরিবারের সবাই কোন না কোন ভাবে গাছ এবং মেঝ মেয়ের এই দ্বিপক্ষীয় সন্ধির সাথে একাত্ম হয়ে গেল। দুই একদিন মেয়েটির অনুপস্থিতিতে কেউ না কেউ তাদের অন্য আর দশটা কাজের মত গুরুত্ব দিয়ে গাছটির পরিচর্যা করবেই।

গাছটি মাটিতে শিকড় গজাল, গাছটি পল্লবিত হয়ে রুগ্নতা ছেড়ে মাথা জাগিয়ে তুলল আকাশের দিকে, কচি পাতাগুলো তখন যেন সুন্দরতম পৃথিবীর বন্দনামুখর হয়ে উঠল।

এভাবে আরও কতদিন কতদিন পার হয়ে গেল, তার হিসেব জমতে থাকলো মেয়েটির বায়োগ্রাফিক পৃষ্ঠাগুলোতে। সেখানে একটি ধবধবে সাদা পাতা থেকে প্রথমে একটি দুটি করে রুল টানা হল। কালপ্রবাহে পাতাটি কালো ও নীল কালির আঁচরে একটি দুটি লেখা জমতে থাকল। পৃষ্ঠাটি ভরে উঠতে উঠতে ক্রসমার্কের মতো দুইএকটি লাল কালির দাগও পড়েতে থাকে। তারপর আবার একটি নতুন পাতা শুরু হতে হতে দেখা যায়, ঐ পুরনো পাতাটি কোন এক পর্যায়ে আর সাদাকালো না থেকে একটু একটু ময়লা জমে হলদেটে আভা হয়ে যায়। এরই মধ্যে আবার নতুন পৃষ্ঠায় লেখা চলতে থাকে…

মেয়েটি স্কুল পাঠ শেষ করে কলেজ পাঠে যোগ দিল। ততদিনে সেই ছোট্ট খুকীটি একজন তরুণী। আর তরুণী লক্ষ্য করল, বকুল গাছটির মাথা তার মাথা ছাড়িয়ে গেছে। তাদের পারস্পারিক ভবিষ্যৎগামী সন্ধি অব্যাহত চলতে থাকলো একই সাথে। যেন দুজনের সাথে দুজনের প্রতিযোগিতার একটি চোরাস্বাক্ষরিত চুক্তি। তরুণী কলেজ পাঠ ছাড়তে না ছাড়তেই বাড়ি থেকে বিয়ের বন্দোবস্ত করা হল। তরুণী নিরানন্দে গৃহত্যাগে সম্মত হয়। তরুণী হয়ত সেদিন পিতৃগৃহ ছেড়ে শ্বশুরালয়ে যাবার কালে প্রথম তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করে ক্ষান্তি টানল চুক্তিতে।

একজন গৃহিণী হয়ে উঠার চেষ্টা করল তরুণী। একজন গৃহিণী হয়ে উঠতে যা কিছু করতে হয়, তাই করে যাচ্ছিল সে। কিন্তু কাকে দিয়ে আর কি! ভেতরে ভেতরে সে রয়ে গেল সেই বকুল গাছটির সাথে অলিখিত সন্ধিবদ্ধ তরুণীটি কিংবা ও বাড়ির মেঝ মেয়েটি, যে ছোট্ট খুকীটি।
গৃহিণী মা হতে চলল একসময়।

একদিন বকুল গাছটির উপর একটি প্রচণ্ড শব্দ হলে সবাই ধরে নেয় বকুল গাছটি বুঝি বাজ পড়ে মরেই গেল। এর কিছুদিন পর, এ বাড়ির মেঝ মেয়ের স্বামীর বাড়ি থেকে খবর আসে সেদিন প্লাবনের দিনে তাদের গৃহবধূ সন্তানজন্মদান করতে গিয়ে তিরোধান প্রাপ্ত হয়।
মেয়েটির বায়োগ্রাফির পূর্ণচ্ছেদ আসল…!

এদিকে তার বায়োগ্রাফি থেমে যাওয়ার কয়েক বছর পর, একদিন বাড়ির মেঝ মেয়ের কোন এক স্বজন বকুল গাছটির ভূতপূর্ব স্থানে এসে মাটিতে একটি ঝরা বকুল ফুল খুঁজে পেল। এই সংবাদে মুহূর্তেই পুরো বাড়িতে হইচই পড়ে গেল! কি আশ্চর্য! গাছটি কীভাবে কীভাবে এতো বড় হয়ে উঠল কেউ টেরই পেল না? বহুদিন পর তাদের মনে পড়ল মেঝ মেয়েকে। যেদিন প্রথম মেয়েটির বিয়ের প্রস্তাব আসে সেদিনও তারা ঠিক এভাবেই চমকে উঠে আত্মসংবরণে কিছু সময় নিতে হল যে, তাদের মেঝ কন্যা বিবাহযোগ্য হয়ে উঠল, কি আশ্চর্য!

তারা লক্ষ্য করল সেই ছোট্ট বকুল গাছটি তাদের অলক্ষ্যে শৈশব কৈশোর পার করে যৌবনবতী হয়ে উঠেছে এরই মধ্যে। ব্যাপারটা বিস্ময়করই বটে, সকাল বিকেল ঘরে ঢুকতে বের হতে যে গাছটি তাদের চোখে পড়ার কথা তা কেউই একটিবারও লক্ষ্য করেনি?

গাছটি এগুচ্ছিল ভবিষ্যতের দিকেই। শক্ত অবস্থান নিলো মাটিতে, সেই সাথে বৃদ্ধি করল নিজের শক্তি সামর্থ্য। গাড় সবুজ বর্ণের একগুচ্ছ পাতা বকুল গাছটির অবস্থান সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিল যে, গাছটি ইতোমধ্যে উত্তরাগমন ঘটাতে চলছে। ভোরের সূর্যটি যখন তার একগুচ্ছ সবুজ পাতায় প্রতিফলিত হয়ে এসে চোখে লাগত, তখন চোখ-জুড়ে একটি প্রেমময় অনুভূতি খেলা করত সবার মনে। যেন এই প্রেম সম্পর্কের প্রেম, পারস্পারিক স্নেহ ও শ্রদ্ধার অপার প্রেম- যে প্রেমকে তারা প্রায় ভুলেই যেতে বসেছিল। আর যখন বকুল গাছকে ছুঁয়ে বাতাস এসে স্বজনদের গাঁয়ে লাগত, তখনও তারা মেয়েটিকে স্মরণ করত।

কিন্তু এভাবে আর কতদিন বকুল গাছটি তাদের মেয়েকে স্মরণ করিয়ে রাখবে? কতদিন আর তারা শুনবে বকুল গাছের পাতা নড়ার শব্দে তাদের মৃত কন্যার আর্তনাদের সমপাতন? বরং বকুল গাছের বাড়ন্ত শরীরটি এবার নিশ্চিত প্রতিবাদের কারণ হয়ে দাঁড়াল।
তখন গাছটিও তার মৌনসঙ্গীকে স্মরণ করছিল চুপিসারে।
স্বজনদের মধ্যে দুটি পক্ষ দাঁড়াল-
একপক্ষ বলছে, এই গাছটির সাথে যেহেতু তাদের মৃত কন্যার অসংখ্য স্মৃতিকনা জড়িয়ে আছে, একে কোনভাবেই কেটে ফেলা যাবে না।
ওদিকে অন্যপক্ষ বলছে, সামনে আমন ধানের সিজন। গাছটি যেভাবে রোদকে মাথায় চড়িয়ে অর্ধেক উঠোন নিয়ে বসে আছে, তাতে আর ধান শুকানোর রাস্তা নাই। তাই এইমুহূর্তে না কাটলেই নয় বকুলটিকে। তা না হলে ধান শুকাবে কি করে?

একপক্ষ দাঁর কিড়মিড়ি দিয়ে বলছিল, তোমরা কি মানুষ? মেয়েটিকে পুনরায় মারতে চাও?
অন্যপক্ষ বিরক্তির ভ্রূ কুঁচকে বলল, ধান শুকাতে না পারলে খাবো কি?

এদিকে বকুল গাছটি তখন ভাবছিল এবার তাকেও এ বাড়ির মেঝ কন্যার পথ গুনতে হবে….ভবিষ্যৎ আর কতদূর!