আমন্ত্রণ-অধিবাসে শুরু দুর্গাপূজা
পুজোর কাউন্টডাউন শেষ করে চলছে ঘুরে বেড়ানোর পালা৷ মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর বোধন৷ হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ। ঢাকের বোল, মন্ত্রপাঠ, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে কেঁপে উঠবে প্রতিটি পূজামণ্ডপ। সোমবার সন্ধ্যার পর ষষ্ঠী তিথির সূচনা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিটে কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সায়ংকালে মন্ত্রণ ও অধিবাস।
দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হল মন্দিরে মন্দিরে আর পূজামণ্ডপে। ঘরে ঘরে শুরু হবে অতিথি আপ্যায়ন। উৎসব-আনন্দে মেতে উঠবে শিশু-কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ। বাহারি পোশাক আর অঙ্গসজ্জায় নিজেদের সাজিয়ে রাঙিয়ে তারা মন্দিরে-মণ্ডপে ভিড় করবে। দেবী দুর্গার নামে পরস্পরের কল্যাণ কামনা করবে। মা দুর্গার আশীর্বাদ চাইবে পরস্পরের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনায়। এ উপলক্ষে রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপগুলোকে রঙিন সাজে সাজানো হয়েছে। আয়োজন করা হয় ভক্তিমূলক গান, আরতিসহ নানা বৈচিত্র্যময় অনুষ্ঠানমালার।
দুর্গাপূজা মূলত পাঁচদিনের অনুষ্ঠান হলেও মহালয়া থেকেই প্রকৃত উৎসবের সূচনা ও কোজাগরি লক্ষ্মীপূজায় এর সমাপ্তি। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়া দশমী নামে পরিচিত। আবার সমগ্র পক্ষটি দেবীপক্ষ। এ পক্ষের সূচনা হয় পূর্ববর্তী অমাবস্যার দিন; এই দিনটি মহালয়া। অন্যদিকে দেবীপক্ষের সমাপ্তি পঞ্চদশ দিন পূর্ণিমায়; এই দিনটি কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত ও বাৎসরিক লক্ষ্মীপূজার দিন।
পঞ্জিকামতে মঙ্গলবার সায়ংকালে দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবাস। গতকাল সন্ধ্যার পর ষষ্ঠী তিথির সূচনা ঘটে। আজ রাত অব্দি তিথি থাকবে। অতঃপর শুরু হবে মহাসপ্তমী তিথি। কাল মহাসপ্তমীর প্রভাতে ঢাক-ঢোলক-কাঁসর বাজিয়ে কলাবউ স্নান ও আদরিণী উমার সপরিবারে তিথি বিহিত পূজা। ২ অক্টোবর মহা অষ্টমীর দিন সকালে কুমারীপূজা ও রাতে সন্ধিপূজা। ৩ অক্টোবর মহানবমী ও বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
দুর্গা পূজায় যে কোন অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্গা পূজা উপলক্ষে সারা দেশের পূজামণ্ডপে প্রায় দেড় লাখের বেশি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে ইতিমধ্যে নিয়োজিত হয়েছেন। পাশাপাশি পুলিশ, র্যাব-এ দায়িত্ব পালন করছে।











