বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয় জনের রায়োর বিপক্ষে রিয়ালের গোল উৎসব

news-image

ম্যাচের শুরুতে ২-১ গোলে এগিয়ে গিয়েছিল রায়ো ভালকানো, কিন্তু প্রথমার্ধে দুই খেলোয়াড় লাল কার্ড দেখে ৯ জনে পরিণত হওয়ার পরে ঘরের মাঠে তাদের বিরুদ্ধে স্রেফ গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেল এর চারটি, করিম বেনজেমার তিনটি ও রোনালদোর জোড়া গোলের উপর ভর করে ১০-২ গোলে জিতেছে লস ব্লাঙ্কোসরা।
 
গত সপ্তাহে ভিয়ারিয়ালের মাঠে হেরে যাওয়া রিয়াল রোববার ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। তৃতীয় মিনিটে গ্যারেথ বেলের সোজা করে বাড়ানো বল ধরে ডান পায়ের নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো। শুরুতেই এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ থাকেনি রিয়ালের। দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে সান্তিয়াগো বার্নাব্যু স্তব্ধ করে দেয় ভালকানো।
 
দশম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিও আমাইয়া হেডে দলকে সমতায় ফেরান। পরে তারই স্বদেশী মিডফিল্ডার হোসাবেদ সানচেজও হেডে বল জালে জড়ান। প্রথম ১২ মিনিটেই পিছিয়ে পড়ায় হয়তো আবারও হোঁচট খাওয়ার শঙ্কা জেকে বসেছিল রিয়ালে। কিন্তু চতুর্দশ মিনিটে জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকে বিপজ্জনক ফাউল করায় স্প্যানিশ ডিফেন্ডার তিতো সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ভালকানো। এক জন কম নিয়ে খেলা অতিথিদের উপর রিয়ালের চেপে বসতেও তাই কোনো সমস্যা হয়নি।  ২৫তম মিনিটে তার সুফলও পেয়ে যায় তারা; দানিলোর দারুণ এক ক্রসে স্কোরলাইন ২-২ করেন গ্যারেথ বেল।
 
তিন মিনিট বাদে চরম ধাক্কা খায় ভালকানো; নিজেদের ডি বক্সে স্বাগতিক অধিনায়ক সার্জিও রামোসের শার্ট টেনে ধরায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ মিডফিল্ডার রাউল বায়েনা। সঙ্গে পেনাল্টিও পায় রিয়াল। তা থেকেই দলকে ফের এগিয়ে দেন ক্রিস্তিয়ানো রোনালদো। ৪১তম মিনিটে বল পায়ে অনেকটা দৌড়ে ডি বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন বেল।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোরশিটে নাম লেখান ফাঁকায় দাঁড়ানো করিম বেনজেমা। হামেস রদ্রিগেজের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি স্ট্রাইকার। ৫৩তম মিনিটে রদ্রিগেজের ক্রসে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৬-২ করেন রোনালদো।
 
আট মিনিট বাদে হ্যাট্রিক পূরণ করেন বেল। পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোর আড়াআড়ি পাস পেয়ে প্রথম শটেই লক্ষ্যভেদ করেন টটেনহ্যাম হটস্পার্সের সাবেক এই তারকা। ৭০তম মিনিটে গোলরক্ষকসহ দুজনকে কাটিয়ে নিজের চতুর্থ ও দলের অষ্টম গোলটি করেন গ্যারেথ বেল। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৯-২ করেন বেনজেমা। 
 
৯০তম মিনিটে ডি বক্সের মধ্যে থেকে কোনাকুনি শটে বেনজেমা হ্যাট্রিক পূরণ করলে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে আপাতত শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে দুই পয়েন্টের ব্যবধানে উঠে এলো রিয়াল। ১৬ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। গতবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৩৫, তবে একটি ম্যাচ কম খেলেছে মেসি-নেইমাররা।
 
এদিকে মালাগার ঘরের মাঠে ১-০ গোলে পরাজিত হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ বার্সেলোনার সংগ্রহ বার্সার সংগ্রহ ৩৫ পয়েন্ট।