সাব্বির নিজেকে গেইলের সঙ্গে তুলনা চান না
স্পোর্টস ডেস্ক : ‘টি-টোয়েন্টি ক্রিকেটই আমার ভিত্তি। জাতীয় দলের দরজা উন্মুক্ত হয়েছে এ কারণেই। যেভাবে খেলি, সেভাবেই খেলতে চাই’ রাখঢাকহীন সোজাসাপ্টা জবাব সাব্বির রহমান রুম্মনের। পরশু রংপুরের বিপক্ষে দলকে ফাইনালে তুলে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান এভাবেই ব্যাখ্যা করেন জাতীয় দলের এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। বিপিএলে শুরুর সাব্বিরের সঙ্গে শেষের কি দারুণ অমিল? বরিশাল বুলসের হয়ে ১০ ম্যাচে যেখানে মাত্র ৬০ রান করেছেন, সেখানে শেষ দুই ম্যাচে ১২০ রান এসেছে সাব্বিরের উইলো থেকে। গ্রুপপর্বের ১০ ম্যাচের ব্যর্থতা এলিমিনেটর রাউন্ড ও কোয়ালিফায়ারে পুষিয়ে দিয়েছেন। ম্যাচ জেতানো ইনিংস খেলে দলকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন ফাইনালে। শুধু দলকে ফাইনালে তোলাই নয় সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশেও জায়গা করে নিয়েছেন সাব্বির। সোজাসাপ্টা জবাবটা তার কাছ থেকে আসবে সেটাই স্বাভাবিক।
সমালোচনা শুনতে শুনতে কানসহা হয়ে গেছে। তার পরও নিশ্চুপ ছিলেন। প্রতি-উত্তরে কিছু বলেননি। সমালোচকদের জবাবটা ব্যাটে দিতে চেয়েছিলেন। দিতে পেরে কিছুটা নির্ভার। তাই তো বলতে পারছেন, ‘ব্যাটসম্যানদের ভালো সময়-খারাপ সময় যেতেই পারে। এ নিয়ে আসলে মানুষের বাজে কথা না বলাই ভালো। কঠোর পরিশ্রম করছি। আল্লাহ তার ফল দিচ্ছেন।’ সমালোচকদেরই বা কি দোষ? সাব্বির তো আর ১০, ১৫, ১১, ৩, ০ এ ধরনের ইনিংসের জন্য পরিচিতি পাননি। তার কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা নিশ্চয়ই বাড়তি চাওয়া নয়।
‘আত্মবিশ্বাসের অভাব’ এ কারণেই নাকি এতদিন নিজের সেরাটা দিতে পারেননি সাব্বির। ঢাকার বিপক্ষে এলিমিনেটর রাউন্ডে ৪১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলার পর থেকেই নাকি হারানো আত্মবিশ্বাস একটু একটু করে ফিরে পাচ্ছেন। এর ফল অবশ্য রংপুরের বিপক্ষে ফাইনালে ওঠার ম্যাচে ৭৯ রানের ইনিংস খেলে দিয়েছেন। তো হারানো আত্মবিশ্বাস ফিরে পেলেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘টিম ম্যানেজমেন্ট সাপোর্ট করছেন, দলের সতীর্থরা অনেক সাপোর্ট করছেন, ফ্র্যাঞ্চাইজিও আমার ওপর আস্থা রেখেছে। পরিশ্রমের মাধ্যমে তাদের আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করছি। আসলে সবার সম্মিলিত সহযোগিতার কারণেই আমার আত্মবিশ্বাস বেড়েছে, আমিও আমার স্বাভাবিক খেলাটা খেলতে পারছি।’
টিম ম্যানেজমেন্ট, সতীর্থ, ফ্র্যাঞ্চাইজি ছাড়াও নিজের এই দুঃসময়ে পাশে পেয়েছেন জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। সাব্বির, সৌম্য, লিটন, এনামুল বিজয়ের মতো জাতীয় দলের যেসব তারকা ব্যাটসম্যান রানখরায় আছেন, তাদের ফর্মে ফিরতে সময়ের ব্যাপার বলে উল্লেখ করেছিলেন মাশরাফি। অধিনায়কের এ ধরনের মন্তব্য কতটা অনুপ্রাণিত করে। ছুড়ে আসা প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘শুধু মাশরাফি ভাই নন, মুশফিক ভাই, তামিম ভাই, সাকিব ভাই, রিয়াদ ভাই সবাই আমার সিনিয়র। তারা আমাদের মতো জুনিয়রদের খুবই আদর করেন। মাশরাফি ভাই তো প্রতিপক্ষ দলের খেলোয়াড়। তার পরও মাশরাফি, মুশফিক ভাইরা যেভাবে আমাদের সাপোর্ট করেন, তাতে শতভাগ অনুপ্রাণিত হই। মনে হয় আমিও পারব।’
বরিশাল বুলসের হয়ে ৪ ম্যাচ খেলে বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়া পাড়ি জমিয়েছেন ক্যারিবীয় সুপারস্টার ক্রিস গেইল। টি-টোয়েন্টির এই মহাতারকার অনুপস্থিতিতে দলকে ফাইনালে তুলে এনেছেন সাব্বির। দারুণ দুটি ইনিংস খেলে ইতিমধ্যে ঘরে-বাইরে প্রশংসিত হয়েছেন। অনেকে আবার আগ বাড়িয়ে গেইলের সঙ্গে তুলনাও করছেন। কেমন লাগছে এ ধরনের কথা শুনতে? লাজুক হেসে সাব্বির বলেন, ‘গেইলের সঙ্গে আমার তুলনা করুক, সেটা আমি চাই না। দলের প্রয়োজনে আমি অবদান রাখতে পেরেছি, সেজন্য আমি খুশি। আমার যা কাজ পারফর্ম করা, আমি সেটা করতে পারলেই খুশি।’
উত্তরবঙ্গ রাজশাহীর ছেলে সাব্বির। খেলছেন দক্ষিণবঙ্গের বরিশালের হয়ে। কোয়ালিফায়ার ম্যাচে উত্তরবঙ্গের আরেক বিভাগ রংপুরকে হারিয়ে বরিশালকে ফাইনালে তুলেছেন। এতে উত্তরবঙ্গের দর্শক-সমর্থকরা ব্যথিত হয়েছেন। বিষয়টা সাব্বিরের ভাবনায় আছে কিনা প্রশ্ন শুনে তিনি বললেন, ‘আমরা পেশাদার খেলোয়াড়। আর টুর্নামেন্টটা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক। এখানে কে কোন জেলার সেটা মুখ্য নয়। আর আমার ভক্ত কমার প্রশ্নই আসে না।’
বিপিএলে আজ ফাইনালের মধ্য দিয়ে ২৪ দিনের দীর্ঘ লড়াইয়ের সমাপ্তি হবে। ফাইনালে মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সাব্বির, মাহমুদউল্লাহদের বরিশাল বুলস। মহারণের মঞ্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম প্রস্তুত। মহারণের সারথি সাব্বির এবং তার দল কতটা প্রস্তুত? ফাইনালে কী প্রত্যাশা সাব্বিবের দলের এমন প্রশ্নে সাব্বির বলেন, ‘আসলে ফাইনাল নিয়ে আলাদা করে কিছু ভাবছি না। প্রতিটি ম্যাচে যেভাবে খেলি, সেভাবেই খেলব আমরা। জয়ের জন্যই মাঠে নামব।’











